
পল্টন ভলিবল স্টেডিয়াম নিথর পড়ে আছে। ওদিকটায় গতকাল উঁকি মেরে দেখা গেল, বৃষ্টিতে ভিজে জীর্ণ গ্যালারির অবস্থা আরও জবুথবু। মায়াই লাগল। আহা, একসময় কত মানুষ এখানে ভলিবল দেখত! কিছুদিন ধরে এখানে খেলাই হচ্ছে না।
ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর সঙ্গে এ নিয়ে কথা হচ্ছিল। এবড়োখেবড়ো স্টেডিয়ামের দিকে তাকিয়ে তিনি বলছিলেন স্বপ্নের কথা। এখানে নাকি ২৫ কোটি টাকায় ভলিবলসহ কয়েকটি খেলার জন্য কমপ্লেক্স হবে!
ভলিবলের আপাত ঠিকানা মিরপুর ইনডোর, যেখানে দুই বছর পর গত পরশু শুরু হয়েছে জাতীয় ভলিবল চ্যাম্পিয়নশিপ। কিন্তু পল্টন স্টেডিয়ামে আগে যেমন অনেক লোক আসত, আনন্দ করত, সেটা পাওয়া যাচ্ছে না মিরপুরে। গত দুই দিনে ভলিবলের যাঁর সঙ্গেই কথা হয়েছে, সবার মুখেই দর্শক না আসার অতৃপ্তি। জাতীয় ভলিবল দলের অধিনায়ক আল-জাবির যেমন গতকাল দর্শক-খরা নিয়ে অনেক আক্ষেপ করলেন। তাঁর চোখে এ পর্যন্ত আয়োজনের দিক থেকে এই জাতীয় চ্যাম্পিয়নশিপই সেরা। সেই তৃপ্তির পাশে অতৃপ্তি নিয়ে বলেন, ‘দর্শক খেলা দেখতে এলে পুরোপুরি আনন্দ পেতাম। কিন্তু বিশাল ইনডোর ফাঁকা।’
অথচ এই ইনডোরেই গত ডিসেম্বরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক ভলিবল টুর্নামেন্টে উপচে পড়া দর্শক হয়েছিল। সেটা জানান দিয়েছিল, ঢাকায় ভলিবল মরে যায়নি। তবে এবার প্রচার কম হওয়ার কারণেই লোক আসছে না বলে মনে করেন জাবির। এইটুকু বাদ দিলে ভলিবল খেলোয়াড়দের মুখে হাসি ফুটিয়েছে এই জাতীয় চ্যাম্পিয়নশিপ। বঙ্গবন্ধু টুর্নামেন্টের পর গত ছয় মাস স্বাধীনতা টুর্নামেন্ট আর ঢাকার বাইরে কিছু খেপ ছাড়া খেলোয়াড়েরা বসেই ছিলেন। অবশেষে খেলা কোর্টে ফেরায় খুবই খুশি তাঁরা।
বঙ্গবন্ধু টুর্নামেন্টে বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকেই একটা বদলের হাওয়া বইছিল ভলিবলে। ফেডারেশন অনেক কিছু করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু সবই চলছে ঢিমেতালে। ফ্র্যাঞ্চাইজি লিগ করার কথা। সেটার ব্যাপারে অগ্রগতি নেই। তবে ওই টুর্নামেন্টে জাতীয় দলের সাফল্যের কারণে এখন স্পনসরদের মনোযোগ পাচ্ছে ভলিবল। সেই সূত্রেই নাকি শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষণায় এবারের জাতীয় চ্যাম্পিয়নশিপে ২০ লাখ টাকার মতো স্পনসর থেকে অর্থ পাওয়ার কথা। তা থেকে সাত-আট লাখ টাকা বাঁচিয়ে ভলিবলের উন্নয়নে ব্যয়ের কথা বলছে ফেডারেশন।
৩১ জুলাই ইরানি কোচ ফের আসছেন, তাঁর সঙ্গে আগামী এসএ গেমস পর্যন্ত চুক্তি হওয়ার কথা। এই জাতীয় চ্যাম্পিয়নশিপ শেষে জাতীয় দলের ক্যাম্প হবে। প্রীতি ম্যাচ খেলতে ২৬ আগস্ট নেপাল যাবেন আল-জাবির, হরশিত বিশ্বাসরা।
ভলিবল মানে এখনো গ্রামে-গ্রামে, ইউনিয়নে-ইউনিয়নে লড়াই, সংঘর্ষ। এসব তৃপ্ত করে সংগঠকদের। সেই দলে আছেন মোস্তফা কামাল, মোহামেডানে ফুটবল খেলার পাশাপাশি যিনি সাদা-কালোয় টানা চার বছর ভলিবল খেলে তিন বছরই চ্যাম্পিয়ন করেছেন দলকে। ভলিবলের আগের সময়টা নেই বলে সেই মোস্তফা কামাল দুঃখ করেন। পেছনে তাকিয়ে বলেন, ‘আগে টাকাপয়সা খুব কম ছিল ভলিবলে। এখন টাকা-চাকরি, পুরস্কার সবই আছে। অল্প হলেও কিছু না কিছু পাচ্ছে খেলোয়াড়েরা। এসবই আসলে বড় পরিবর্তন।’
তবে এমন নয় যে, ভলিবল খেলে অনেক টাকা পেয়ে যান খেলোয়াড়েরা। এখানে ফুটবল-ক্রিকেটের মতো দলবদল নেই, কাঁড়ি কাঁড়ি টাকা নেই। নিজ নিজ সংস্থায় চাকরির সূত্রেই খেলতে হয় খেলোয়াড়দের। তবে আগের চেয়ে টাকার প্রবাহ বেড়েছে, এটা সত্য।
একসময় মোহামেডান-ওয়ারী, ইস্টএন্ডের মতো দলগুলো ষাট-সত্তরের ভলিবলকে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে যায়। নস্টালজিয়ায় ভোগেন ভলিবল সংগঠক মনিরুল হক, ‘তখন সব দলেরই আলাদা সমর্থক ছিল।’ দর্শক-খরায় এখন ভলিবলও ফুটবলের মতো হয়ে গেছে বলে অনেকের অভিমত। আগে বিডিআর, সেনাবাহিনীর মতো দলগুলো ছড়ি ঘোরাত। এখন বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন, তিতাস গ্যাস রানার্সআপ। এসব দলই আসলে বাঁচিয়ে রেখেছে ভলিবলকে!