দর্শকের ছোড়া ঢিলে প্রাণ গেল ফুটবলারের!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দর্শকের ছোড়া ঢিলে প্রাণ গেল আলবার্ট এবোসির
দর্শকের ছোড়া ঢিলে প্রাণ গেল আলবার্ট এবোসির

খেলোয়াড়দের বড় পাওয়া কী? নিঃসন্দেহে দর্শকের ভালোবাসা। খেলোয়াড়দের প্রেরণার উত্স দর্শকই। যে দর্শকের জন্য খেলোয়াড়েরা সবটুকু উজাড় করে দিতে কুণ্ঠাবোধ করেন না, সেই দর্শকই যদি খেলোয়াড়ের প্রাণ কেড়ে নেন—এর চেয়ে দুঃখের আর কী হতে পারে! এমনটাই ঘটেছে আলজেরিয়ান লিগে।
শনিবার তিজি উজুতে অনুষ্ঠিত লিগ ম্যাচে মুখোমুখি হয়েছিল আলজেরিয়ার দুই ক্লাব জেএস কাবাইলি ও ইউএসএম আলজের। ম্যাচের ঠিক শেষের দিকে স্ট্যান্ড থেকে কিছু একটা ছুড়ে মারা হলো মাঠে। লাগল ঠিক কাবাইলি স্ট্রাইকার আলবার্ট এবোসির মাথায়! ২৪ বছর বয়সী ক্যামেরুন স্ট্রাইকার মূর্ছা গেলেন মুহূর্তেই। একপর্যায়ে নিভে গেল প্রাণ প্রদীপই। কী ট্র্যাজেডি! ম্যাচটিতে এবোসির দল জিতেছে ২-১ গোলে। গোল পেয়েছিলেন তিনিও। মৃত্যুর কারণ খতিয়ে দেখতে তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
তবে কারণ হিসেবে ধারণা করা হচ্ছে, দর্শক গ্যালারি থেকে ভারী কিছু একটা ছুড়ে মারা হয়। সেটিই মাথায় গিয়ে আঘাত করে। কিন্তু আঘাত করা বস্তুটি কী এমন জিনিস যে সেটা প্রাণঘাতী হয়ে উঠল? এর উত্তর এখনো মেলেনি। হয়তো মিলবে তদন্তে।
এবোসির মৃত্যুতে প্রতিপক্ষ ইউএসএম আলজেরও শোকাচ্ছন্ন। এক বিবৃতিতে ক্লাবটি জানিয়েছে, ‘ভয়ানক এ সংবাদ আমাদের ও ক্যামেরুন ফুটবলের জন্য খুব দুঃখজনক। কাবাইলির বিপক্ষে আলজেরের ম্যাচের কয়েক ঘণ্টা পরই এ সংবাদ ছিল আমাদের কাছে কামানের গোলার মতো।’ সূত্র: ইএসপিএন।