দর্শনীয় ও হাস্যকর গোলের সন্ধ্যা

কত সুন্দর গোল করা যায় এবং কত কুৎসিতভাবে গোল হজম করা যায়, আজ সন্ধ্যায় তার মহড়াই যেন হলো বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সুন্দর ও কুৎসিত শব্দ দুটির পাশেই ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের নাম।
প্রথমে দর্শনীয় গোল করে ফরাশগঞ্জকে এগিয়ে নিয়েছিলেন মোহাম্মদ শামীম। কিন্তু নিজ দলের অধিনায়ক ও গোলরক্ষক অসীম দাসের হাস্যকর এক ভুলে মিলিয়ে গিয়েছে তাঁর হাসি। রহমতগঞ্জের বিপক্ষে ১-১ গোলে সমতায় শেষ হয়েছে ম্যাচটি।
২১ মিনিটে কাউন্টার অ্যাটাক থেকে আসে প্রথম গোলটি। মাঝমাঠ থেকে চিনেডি ম্যাথিউ বল কেড়ে নিয়ে আক্রমণভাগের তৃতীয়ার্ধ অতিক্রম করে শামীমকে দেন। বল নিয়ন্ত্রণে নিয়ে ভেতরের দিকে প্রবেশ করে ডি-বক্সের ওপর থেকে তিন ডিফেন্ডারের মাঝখান দিয়ে ডান পায়ে রংধনুর মতো দূরের পোস্টে বাঁকানো শট, গোল! এক কথায় দর্শনীয় এক গোল।
কিন্তু অধিনায়ক অসীম দাসের হাস্যকর ভুলের মাশুল গুনতে হয়েছে ফরাশগঞ্জকে। ৫১ মিনিটে কর্নার থেকে ইসমাইল বাঙ্গুরার দুর্বল হেড গোলরক্ষক অসীমের হাত ফসকে বের হয়ে যায়। দ্বিতীয়বার বলটি ধরার সুযোগ পেয়েছিলেন, তাতেও ব্যর্থ হন তিনি। জটলা থেকে সুযোগটি কাজে লাগিয়ে রহমতগঞ্জকে সমতায় ফেরান মোহাম্মদ ইলিয়াস।
এই ড্রয়ে ৭ ম্যাচে রহমতগঞ্জের পয়েন্ট ৯; তলানিতে থাকা ফরাশগঞ্জের পয়েন্ট ৪।