দল কমল জেএফএ কাপ ফুটবলে
টুর্নামেন্ট শুরু হওয়ার কথা ছিল গত অক্টোবরে। কিন্তু জেএসসি পরীক্ষার কারণে পিছিয়ে এবারের জেএফএ কাপ অনূর্ধ্ব-১৪ মহিলা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে আজ থেকে। দেশের সাতটি ভেন্যুতে হবে আঞ্চলিক পর্ব। গতবার ৪২টি জেলা অংশ নিলেও দল কমে এবার দাঁড়িয়েছে ৩২-এ।
প্রতিটি ভেন্যুর চ্যাম্পিয়ন ও সেরা রানার্সআপ দল নিয়ে ৪ ডিসেম্বর ঢাকায় শুরু চূড়ান্ত পর্ব। আঞ্চলিক পর্ব নকআউট ভিত্তিতে হলেও চূড়ান্ত পর্বের খেলা হবে লিগ পদ্ধতিতে। প্রতিটি দলের অংশগ্রহণ ফি নেওয়া হচ্ছে ২৫ হাজার টাকা করে। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার টাকা। এই টুর্নামেন্টের জন্য জাপান ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ৩০ হাজার ডলার অনুদান পাচ্ছে বাফুফে। টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটন। এ উপলক্ষে কাল বাফুফে ভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করে ফেডারেশন। এ সময় এএফসি অনূর্ধ্ব-১৬ মহিলা দলের খেলোয়াড়দের হাতে একটি ৫০ ইঞ্চি এলইডি টেলিভিশন তুলে দেন ওয়ালটনের কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার।