
আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলতে যাওয়ার আগে অধিনায়ককে পাশে বসিয়ে সংবাদ সম্মেলন করে থাকেন কোচ। কিন্তু বাফুফে ভবনে কাল কোচের পাশে অধিনায়ককে পাওয়া যায়নি। ১৯-২৩ জুলাই ফিলিস্তিনে অনুষ্ঠেয় এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে খেলতে আজ ঢাকা ছাড়বে বাংলাদেশ। ২৩ সদস্যের চূড়ান্ত দলও ঘোষণা করেছে বাফুফে। কিন্তু এই দলের অধিনায়ক নির্বাচন করতে পারেননি প্রধান কোচ অ্যান্ড্রু ওর্ড। ফিলিস্তিনে গিয়েই ঘোষণাটা দিতে চান। এ মুহূর্তে অলিম্পিক দল নিয়ে কাজ করলেও ওর্ড সময় চাইছেন জাতীয় দল গড়তে, ‘আমি আরও সময় নিতে চাই। আমাদের অনেক দূর যেতে হবে। ফুটবলের এ অবস্থার উন্নতি করতে সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করতে হবে। তাহলেই একটু একটু করে উন্নতি আসবে।’
চূড়ান্ত দলে আছেন জাতীয় দলের অভিজ্ঞ ফুটবলার জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, তকলিচ আহমেদ। স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন সারোয়ার জামান, মোহাম্মদ সুজন, মনসুর আমিন, মোহাম্মদ ইব্রাহিম। হেমন্তর চোট না থাকলেও পুরো ফিট নন। তকলিচের ব্যাপারে ওর্ডের মন্তব্য, ‘তকলিচ এই দলে আমার সবচেয়ে বড় বাজি।’
গত অক্টোবরে জাতীয় দলের ‘ভুটান-বিপর্যয়ের’ পর ভালো মানের একটা জাতীয় দল গড়তে সম্ভাব্য সব চেষ্টাই করছে বাফুফে। প্রাথমিক সিঁড়ি ধরা হচ্ছে এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপ বাছাইপর্বকে। প্রতিযোগিতায় তিন প্রতিপক্ষ জর্ডান, তাজিকিস্তান, ফিলিস্তিনের চেয়ে বাংলাদেশকে পিছিয়েই রাখছেন কোচ। প্রায় তিন সপ্তাহের অনুশীলন আর আন্তর্জাতিক পর্যায়ে অনভিজ্ঞ কিছু ফুটবলার নিয়ে ফিলিস্তিনে আহামরি ফল আশা করছেন না। বাস্তবতার জমিনে পা রেখেই ভালো একটা শুরুর আশায় তিনি, ‘আমাদের প্রস্তুতি এখনো শেষ হয়নি। দুই সপ্তাহ ধরে মাত্র কয়েকটি ট্রেনিং সেশন আর একটি প্রস্তুতি ম্যাচ খেলেছি। এটা একটা চলমান প্রক্রিয়া। আমরা হয়তো ফিলিস্তিনে গিয়ে পরের রাউন্ড নাও উঠতে পারি, কিন্তু একটা ভালো শুরু করতে চাই। আমরা আত্মবিশ্বাসী। আশা করি, ছেলেরা ওখানে তাদের সর্বোচ্চটাই দেবে।’
ফিলিস্তিনে বাছাইপর্ব খেলার আগে নেপাল ও কাতারে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। এ জন্য আজ বাংলাদেশ দল কাঠমান্ডু গিয়ে নেপাল অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে ১১ জুলাই। কাঠমান্ডু থেকে দোহায় গিয়ে ১৩ জুলাই কাতার অনূর্ধ্ব-২৩ দলের সঙ্গে খেলবে আরেকটি প্রস্তুতি ম্যাচ। এর বাইরে তিন দিন অনুশীলনও করবে কাতারে। অনুশীলন শেষে ১৬ জুলাই ফিলিস্তিনে পৌঁছানোর কথা বাংলাদেশের। ১৯ জুলাই বাংলাদেশের প্রথম ম্যাচ জর্ডানের সঙ্গে, ২১ জুলাই দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ তাজিকিস্তান। ২৩ জুলাই শেষ ম্যাচ খেলবে ফিলিস্তিনের সঙ্গে।
গত ১০ অক্টোবর ভুটানের সঙ্গে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি বাংলাদেশ। প্রায় নয় মাস পর দেশের দ্বিতীয় সারির দল ফিফার কোনো ম্যাচ খেলতে যাচ্ছে ফিলিস্তিনে। এই দল নিয়ে ওর্ডের মতো বেশি প্রত্যাশা নেই জাতীয় দল কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদেরও। আগামী সাফ ও বঙ্গবন্ধু গোল্ডকাপকেই পাখির চোখ করছেন তিনি, ‘ভুটান-বিপর্যয় আমাদের ঝড়ের মুখে ফেলে দিয়েছিল। আমরা চেষ্টা করেছি ভালো কিছু করতে। এখন যেখানে অংশ নেব, এটা অত্যন্ত কঠিন টুর্নামেন্ট। তিনটি দলই শক্তিশালী। এখানে হঠাৎ করে ভালো ফলের আশাটা একটু অবাস্তব। আমরা এই টুর্নামেন্টে খেলছি ভবিষ্যতের প্রস্তুতির জন্য। সেটারই পরীক্ষামূলক এবং প্রস্তুতিমূলক টুর্নামেন্ট হিসেবে দেখছি এই প্রতিযোগিতাকে।’
অনূর্ধ্ব-২৩ দলের চূড়ান্ত ২৩: সোহেল রানা, রুবেল মিয়া, টুটুল হোসেন, সাদ উদ্দিন, মাসুক মিয়া, নুরুল নাইমুল ফয়সাল, জাফর ইকবাল, মোহাম্মদ আবদুল্লাহ, সুশান্ত ত্রিপুরা, মোহাম্মদ নাঈম, সোহেল মিয়া, মাহফুজ হাসান, আতিকুজ্জামান, দিদারুল আলম, খালেকুজ্জামান সবুজ, ফজলে রাব্বি, তকলিচ আহমেদ, মনজুরুর রহমান, আসাদুজ্জামান বাবলু, জুয়েল রানা, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, আনিসুর রহমান ও রহমত মিয়া।