দল নির্বাচনে বাফুফের স্বজনপ্রীতি!
ভুটান ম্যাচের প্রাথমিক দলে যাঁদের ডাক পাওয়ার কথা, তাঁদের বাদ দিয়ে ফেডারেশনের কারও কারও পছন্দে ৩৩ জনের প্রাথমিক দলে ঢুকে পড়েছেন বিতর্কিত, বেঞ্চ গরম করা ও ফর্ম হারানো কয়েকজন ফুটবলার।
এই দল ঘোষণার পর কাল বিকেলে জাতীয় দলের কোচ টম সেন্টফিট বললেন, ‘এটি আমারই দল। তরুণ ও অভিজ্ঞদের নিয়ে দলটা গড়া হয়েছে।’ তবে মনে হলো তালিকাটা দেখে খুশি নন তিনি। ৫২ জন ছিলেন কোচের পছন্দের তালিকায়। সেই তালিকা কাটছাঁট করে কর্মকর্তাদের পছন্দের খেলোয়াড় ঢুকিয়ে দেওয়া হয়েছে দলে।
ডিফেন্ডার রায়হানের অন্তর্ভুক্তি রীতিমতো বিস্ময়কর। চোট কাটিয়ে তিনি ময়মনসিংহ পর্বে ফিরলেও সেন্টফিট ওই পর্ব দেখেননি। অনেকে মজা করে বলেন, পা নয়, রায়হান খেলেন তদবিরের জোরে। সাফে তাঁর বিরুদ্ধেও শৃঙ্খলাভঙ্গের অভিযোগ ছিল, কিন্তু বাফুফের এক কর্মকর্তার আত্মীয় হওয়ায় তাঁর গায়ে আঁচড় পড়েনি। ডিফেন্ডার আতিকুর রহমান মিশু পুরো ফিট নন। পারফরম্যান্স গড়পড়তা। চলমান লিগে তাঁর দল শেখ রাসেল ছয় ম্যাচের পাঁচটিই হেরেছে। তবু তিনি ডাক পেয়েছেন।
স্ট্রাইকার নাবিব নেওয়াজ জীবন লিগে ছয়টিসহ মৌসুমে আবাহনীর ১৮টি ম্যাচ খেলে ফেললেও এখনো গোল পাননি। তিনিও প্রাথমিক দলে। অথচ ময়মনসিংহে দারুণ খেলে তিন গোল করা মুক্তিযোদ্ধার স্ট্রাইকার তৌহিদুল আলম তৌহিদ রহস্যজনকভাবে উপেক্ষিত।
টানা তিন ম্যাচে গোল করেও ব্রাত্য মোহামেডানের অধিনায়ক তৌহিদুল আলম সবুজ। লিগে নজরকাড়া চট্টগ্রাম আবাহনীর ফরোয়ার্ড ইব্রাহিমও জায়গা পাননি। ছয় মাসের নিষেধাজ্ঞা কাটিয়ে ডাক পেতে পারতেন অন্যদের চেয়ে ভালো খেলা শেখ জামালের ডিফেন্ডার ইয়াছিন। এ ছাড়া সর্বশেষ ক্যাম্প থেকে বাদ পড়েছেন দুই শাহেদ, জনি, নাসিরুল, রাজু, ফয়সাল মাহমুদ ও তূর্য।
বিতর্কিত এই দলে নতুনের ছড়াছড়ি। আরামবাগের ডিফেন্ডার মনসুর আমিন, বিজেএমসির দিদারুল, রহমতগঞ্জের ফরোয়ার্ড নয়ন ও উত্তর বারিধারার মিডফিল্ডার সেন্টু চন্দ্র, শেখ রাসেলের ফরোয়ার্ড রুম্মান ডাক পেয়েছেন এই প্রথম। বছর পাঁচেক পর ফিরেছেন শেখ জামালের মিডফিল্ডার শরিফ।
খেলোয়াড়দের রিপোর্টিং আজ। কাল থেকে অনুশীলন। আর এই দলের ম্যানেজার হিসেবে আবার দায়িত্ব পেয়েছেন সাফের ব্যর্থ ও মদ কেলেঙ্কারিতে জড়িত সেই দলের ম্যানেজার ইকবাল হোসেন। তাঁর পাশাপাশি কোচ সেন্টফিট ও টেকনিক্যাল ডিরেক্টর পল স্মলিকে নিয়োগ দেওয়ার প্রস্তাব কাল অনুমোদন করেছে বাফুফের নির্বাহী কমিটি।
৩৩ জনের প্রাথমিক দল
শহিদুল, তপু, মামুন মিয়া, আরিফুল, ওয়ালী, প্রাণতোষ, ইমন, জুয়েল, জীবন, আশরাফুল রানা, রায়হান, নাসির উদ্দিন, ইয়ামিন, রেজা, মামুনুল, সোহেল রানা (সিনিয়র), রুবেল, মিশু, জামাল, রুম্মান, শাখাওয়াত রনি, মোস্তাক, শরিফ, মনসুর, আবদুল্লাহ, জাফর, নেহাল, সজীব, তপু, সোহেল রানা (রহমতগঞ্জ), নয়ন, দিদারুল, সেন্টু।