দলকে জিতিয়েও কোচের শাস্তি!
দল ভালো করছে, জয়ও পেয়েছেন, আপনার তো পুরস্কারই পাওয়ার কথা। কিন্তু পুরস্কার নয়, দক্ষিণ আফ্রিকার ফুটবল কোচ এফারিম মাশাবার অভিজ্ঞতা হলো উল্টো। হলেন বহিষ্কৃত। কারণ কী? ম্যাচ জিতেই ফেডারেশনের কর্তাব্যক্তিদের সঙ্গে করেছিলেন অসদাচরণ।
ঘটনাটা দুই দিন আগে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে সেনেগালের সঙ্গে ২-১ গোলে জয়ের পর। দক্ষিণ আফ্রিকার ড্রেসিংরুমে এসেছিলেন সে দেশের ফুটবল অ্যাসোসিয়েশনের প্রধান ড্যানি জর্ডান ও তাঁর অতিথিরা। কিন্তু মাশাবা নাকি তখন জর্ডানের সঙ্গে অভব্য আচরণ করেছেন। দক্ষিণ আফ্রিকা অ্যাসোসিয়েশনের এক মুখপাত্র জানিয়েছেন, ‘মাশাবা জানেন না জয়ের পর সেটি কীভাবে উদ্যাপন করতে হয়!’ অ্যাসোসিয়েশন পরে এক আনুষ্ঠানিক বিবৃতিতে নিশ্চিত করেছে, মাশাবাকে এক ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার মানে আজ মোজাম্বিকের সঙ্গে ম্যাচে দর্শক হয়ে থাকতে হবে মাশাবাকে।
ফেডারেশনের সঙ্গে মাশাবার দ্বন্দ্ব অবশ্য অনেক আগে থেকে। জর্ডানও গত মাসেই সতর্ক করে দিয়েছিলেন, দলকে বিশ্বকাপে নিতে না পারলে ছাঁটাই হতে হবে কোচকে। রয়টার্স।