দলকে হারতে দেখে সমর্থকের এমন কাণ্ড!

দলকে হারতে দেখে সমর্থকেরা কত কিছুই না করেন। কেউ খেলোয়াড়দের দুয়ো দেন, কেউ-বা প্রতিপক্ষের উদ্দেশে গালাগালি। খুব বেশি আবেগাপ্লুত হলে কান্নাকাটিও চলে। তবে এক রেঞ্জার্স সমর্থকের এত সাধারণ প্রতিবাদ পছন্দ হয়নি। দলের বাজে পারফরম্যান্সের প্রতিবাদে ম্যাচ বল নিয়েই গ্যালারি থেকে বেরিয়ে গেছেন তিনি!
স্কটল্যান্ডের সবচেয়ে সফল ক্লাব তারা। এমনকি বিশ্বের যেকোনো ক্লাবের চেয়ে লিগ শিরোপা জেতা ক্লাবের নামও রেঞ্জার্স। তবে ২০১১ সালের পর থেকে আর লিগ জেতা হচ্ছে না তাদের। আর এ মৌসুমে তো শিরোপা দৌড়েই ছিল না কখনো। শীর্ষে থাকা সেল্টিক এক ম্যাচ হাতে রেখেই এগিয়ে আছে ৩৬ পয়েন্টে। তবু একটি বিষয় নিয়ে গৌরব ছিল তাদের। নিজেদের মাঠে এবারডিনের কাছে হার—এটা অন্তত এ প্রজন্মের কোনো সমর্থককে দেখতে হয়নি।
কিন্তু গতকাল সে রেকর্ডটাও শেষ হয়ে গেল তাদের। ১৯৯১ সালের পর এই প্রথম এবারডিনের কাছে ঘরের মাঠে হারল তারা। সে ম্যাচেই ঘটল এ ঘটনা। রেঞ্জার্সের মাঠে আক্রমণ করছিল এবারডিন। এ সময় এবারডিনের রায়ান ক্রিস্টির একটা শট গোলবারের অনেক ওপর দিয়ে গ্যালারিতে চলে যায়। হাতের কাছে সে বল পেয়ে এক রেঞ্জার্স সমর্থক সেটা নিয়েই ছুটলেন। ভাবখানা এমন, বলটা নিয়ে গেলেই আর দল গোল খাবে না! আশপাশের দু-একজন তাঁকে আটকাতে চাইলেও ব্যর্থ হয়েছেন এই অভিমানী সমর্থকের কাছে।
তবে তাঁর এমন চেষ্টাতেও লাভ হয়নি। ২-১ ব্যবধানে ম্যাচ হারায় এ মৌসুমে লিগে তৃতীয় হওয়া নিশ্চিত হয়ে গেছে রেঞ্জার্সের। সূত্র: দ্য স্কটসম্যান
অদ্ভুত সে ঘটনার ভিডিও দেখতে চাইলে...