দলটি নামেই অনূর্ধ্ব-২৩!
বঙ্গবন্ধু গোল্ড কাপে বাংলাদেশ অলিম্পিক দল বা অনূর্ধ্ব-২৩ দলটা খেলছে এসএ গেমসের প্রস্তুতির জন্য। কিন্তু দলটি নামেই অনূর্ধ্ব-২৩। এই দলে ২৩ বছরের বেশি বয়সী খেলোয়াড় বেশ কয়েকজন। ফলে অনূর্ধ্ব-২৩ দলকে বঙ্গবন্ধু কাপে খেলানোর আসল উদ্দেশ্যই মাটি চাপা পড়ছে।
বঙ্গবন্ধু কাপ আমন্ত্রণমূলক হওয়ায় বয়স নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। তবে এসএ গেমসে একজনও ২৩-এর বেশি বয়সী খেলোয়াড় নেওয়া যাবে না এবার। অথচ কাল বঙ্গবন্ধু কাপের জন্য ঘোষিত ২৩ জনের বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ স্কোয়াডে তেমন খেলোয়াড় ছয়জন! এমনকি ত্রিশোর্ধ্ব খেলোয়াড়ও আছেন এই তালিকায়!
২৩ বছরের বেশি বয়সী দুই গোলরক্ষক জিয়াউর রহমান ও সুলতান আহমেদের সঙ্গে তিন ডিফেন্ডার রেজাউল করিম, কেষ্ট কুমার ও অরূপ বৈদ্যর সঙ্গে মিডফিল্ডার ইমন বাবুর মধ্যে পাঁচজনই থাকতে পারেন প্রথম একাদশে। রেজাউল তো অধিনায়ক। বাস্তবে এটি তাই অনূর্ধ্ব-২৩ দল হলো না।
দলটির সহকারী কোচ সৈয়দ গোলাম জিলানী বলছেন, ‘সিনিয়র খেলোয়াড় নেওয়া হয়েছে দলের শক্তি বাড়াতে।’ অনূর্ধ্ব-২৩ দলের সাতজন খেলোয়াড় গোলরক্ষক লিটন, তপু বর্মণ, সোহেল রানা, ইয়াছিন, রায়হান, জুয়েল রানা, হেমন্ত আছেন জাতীয় দলের সঙ্গে। অথচ তাঁদের অনেকেই কাল জাতীয় দলের হয়ে না খেলে সাইড বেঞ্চে বসে রইলেন।
অনূর্ধ্ব-২৩ দলের ম্যানেজার সত্যজিৎ দাস রুপু অবশ্য বলটা ঠেললেন জাতীয় দলের কোর্টেই, ‘আমরা চেয়েছিলাম খাঁটি অনূর্ধ্ব-২৩ দল নিয়েই বঙ্গবন্ধু কাপে খেলতে। কিন্তু জাতীয় দলের কোচ অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের না ছাড়লে কী করার আছে। কোচ বলেছেন, জাতীয় দলে এখন হাত দেওয়ার দরকার নেই।’
শ্রীলঙ্কা, নেপাল, মালদ্বীপ এসএ গেমস সামনে রেখে অনূর্ধ্ব-২৩ দলকেই মূলত খেলাচ্ছে। অথচ বাফুফের কাছে এসএ গেমসের অনূর্ধ্ব-২৩ দলটা অবহেলিতই থাকছে।
>বাংলাদেশ অনূর্ধ্ব-২৩ দল
জিয়া, সুলতান, জিকো, রেজাউল, বাদশা, মনজুর, কেষ্ট, অরূপ, শাকিল, নাহিদুল, ফাহাদ, ওমর ফারুক, ফজলে রাব্বি, ইমন, শাহেদুল, জনি, সিফাত, রুবেল, মালেক, তকলিচ, সজীব, আফসার ও মুন্নাফ।