দলবদলে মগ্ন ফুটবলাররা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় দলের নতুন কোচের কাছে ফুটবলারদের রিপোর্টিং ছিল কাল। বাফুফে ভবনে কাল ফাবিও লোপেজের সঙ্গে মামুনুল, এনামুলরা  l প্রথম আলো
জাতীয় দলের নতুন কোচের কাছে ফুটবলারদের রিপোর্টিং ছিল কাল। বাফুফে ভবনে কাল ফাবিও লোপেজের সঙ্গে মামুনুল, এনামুলরা l প্রথম আলো

জাতীয় দলের ক্যাম্পে এসে ফুটবলারদের মুখে থাকল দলবদল নিয়ে আলোচনা। নতুন মৌসুমে কে কোথায় যাচ্ছেন, কে কত টাকা পাচ্ছেন—এসব নিয়েই কাল বাফুফে ভবন সরগরম!
১৩ অক্টোবর কিরগিজস্তানের সঙ্গে ম্যাচ। নতুন কোচ ফাবিও লোপেজের অধীনে গতকালই ছিল ৪১ খেলোয়াড়ের রিপোর্টিং। ফুটবলারদের রিপোর্টিং বলতে সামনে কী করতে চান, লক্ষ্য কী—এসবই থাকে আলোচনায়। দলবদল নিয়ে আলোচনায় তা হারিয়ে যাওয়ার উপক্রম! তারপরও এক ফাঁকে অধিনায়ক মামুনুল ইসলাম বললেন, ‘নতুন কোচের অধীনে নতুন শুরুই বলতে পারেন। অবশ্যই কিরগিজস্তানের সঙ্গে অ্যাওয়ে ম্যাচটা হবে অনেক কঠিন।’
এটুকু বলার পর তাঁকে ঘিরে ধরল দলবদল নিয়ে নানা প্রশ্ন। রাখঢাক রেখে যতটুকু সম্ভব বললেন মামুনুল। ঢাকার ফুটবলে এরই মধ্যে চাউর হয়ে গেছে, চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ভেঙে চুরমার। এই দলের জামাল ভূঁইয়া, নাসির, লিংকন, সোহেল রানা, ইয়ামিনসহ আরও অনেকে শেখ রাসেলে যাচ্ছেন বলে খবর। তারকা খেলোয়াড়দের মধ্যে মামুনুল একাই এখনো শেখ জামালে আছেন, তাঁর ঘনিষ্ঠ কয়েকজন খেলোয়াড় জানালেন এ তথ্য। তবে মামুনুলেরও নাকি শেখ রাসেল থেকে ৫৫ লাখ টাকার প্রস্তাব আছে।
ফুটবলারদের মুখেই শোনা গেল, শেখ রাসেল থেকে এমিলি, তপু আবাহনীতে যোগ দিচ্ছেন, জামালের গোলরক্ষক সোহেলও। যদিও কেউই ‘অন রেকর্ড’ কিছু বলতে রাজি নন। কাল সকালে ফুটবলাররা বাফুফে ভবনে আসার পর থেকেই এসব আলোচনা শুনতে শুনতে মনে হচ্ছিল কিরগিজস্তানকে সরিয়ে তাঁদের মাথায় জায়গা নিয়েছে দলবদল।
কোচ ফাবিও লোপেজ ফুটবলারদের নিয়ে বসলেন। কালই প্রথম শিষ্যদের নিয়ে ক্লাস করলেন এবং সেই ক্লাসে হুঁশিয়ারিই থাকল তাঁর কণ্ঠে, ‘শৃঙ্খলা রাখতে হবে। কারও বিরুদ্ধে কোনোরকম শৃঙ্খলাভঙ্গের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা। তা ছাড়া দলে থাকতে হবে পারফর্ম করে। কেউ নামের জোরে খেলে যাবে, তা হবে না।’
ফুটবলাররাও বুঝতে পারছেন, নিজেকে মাঠে তুলে ধরতে পারলে তবেই থাকতে পারবেন দলে। যা কি না তাঁদের জন্য একটা চ্যালেঞ্জও। ডিফেন্ডার নাসির বলছিলেন, ‘আড়াই বছর ডি ক্রুইফের কাছে যা শিখেছি, এখন যা শিখব, দুটিকে সমন্বিত করতে পারলে নতুন একটা জায়গায় আমরা যেতে পারব।’
লোপেজের দুই সহকারী আসছেন আজ। অনুশীলন শুরু হবে আগামীকাল থেকে।