দলবদলের অভিনব প্রস্তাব - টাকা, সঙ্গে সিনেমায় অভিনয়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নায়ক হবেন ইকার্দি! ফাইল ছবি
নায়ক হবেন ইকার্দি! ফাইল ছবি

এক আর্জেন্টাইন অধিনায়কের নেতৃত্বে দীর্ঘ পথ চলেছে ইন্টার মিলান। হাভিয়ের জানেত্তি তো বলতে গেলে ইন্টারের ঘরের ছেলেই। এই ক্লাবে কতশত ম্যাচ খেললেন। আরেক তরুণ আর্জেন্টাইনের কাঁধে নেতৃত্ব দিয়ে আরও দীর্ঘ পথ চলার স্বপ্ন দেখছে ইন্টার। কিন্তু মাউরো ইকার্দিকে যে ভাগিয়ে নেওয়ার পরিকল্পনা করছে আরেক ইতালিয়ান ক্লাব। নাপোলির প্রস্তাবটাও অভিনব। শুধু ​বড় অঙ্কের টাকা নয়, ইকার্দি ভবিষ্যতে অভিনয় করতে পারবেন সিনেমায়!

গত মৌসুমে লিগে ৩৩ ম্যাচে ১৬ গোল করা এই ২৩ বছর বয়সীর ওপর চোখ আছে ইংলিশ ক্লাব আর্সেনালেরও। তবে নাপোলির প্রস্তাবটাই সবচেয়ে লোভনীয়। পাঁচ বছরের চুক্তিতে ৫৫ লাখ ইউরো পাবেন। থাকবে ১০ কোটির বাই আউট ক্লজ। সঙ্গে সিনেমায় অভিনয়। নাপোলির মালিক অরেলিও ডি লরেন্তিস যে বেশ নামকরা প্রযোজক! আর ইকার্দিও তো দেখতে ‘হিরো’দের মতোই! তা ছাড়া নাপোলির মূল ভরসা গঞ্জালো হিগুয়েইন জুভেন্টাসে চলে গেলে ইকার্দির জন্য নেপলসের ক্লাবটিই হতে পারে সবচেয়ে ভালো ঠিকানা।

ইন্টার এই মৌসুমেও বড় কোনো স্বপ্ন নিয়ে এগোচ্ছে না। যে সাহসটা দেখাতে পারছে নাপোলি। ইন্টারের ক্রীড়া পরিচালক পিয়েরো অসিলিও স্বীকার করেছেন নাপোলির সঙ্গে বেশ কয়েকটি বৈঠক তাঁদের হয়েছে। তবে দলের সেরা কোনো খেলোয়াড়কেই নাকি ইন্টার ছাড়বে না। সিনেমায় অভিনয়-টভিনয় এসবই হাওয়ায় ভাসা গুঞ্জন বলে মন্তব্য করেছেন তিনি। তবে নাপোলি যে এ রকম কিছু প্রস্তাব দিয়েছে, তা কিন্তু ইতালির শীর্ষ সংবাদমাধ্যমের বরাতেই জানা যাচ্ছে। সূত্র: এএফপি।