>ইউরোপিয়ান ফুটবলে এখন দলবদলের বাজার। ফুটবলারদের ক্লাব বদল হচ্ছে, কারও বা নবায়ন হচ্ছে চুক্তি। কে কোথায় যেতে পারেন, তা নিয়ে চলছে তুমুল আলোচনা। কিছু চূড়ান্ত হয়ে যাওয়া, আর কিছু গুজবে ভাসতে থাকা ইউরোপিয়ান ফুটবলের দলবদল নিয়ে আজকের বিশেষ আয়োজন

আলেক্সান্দ্রো লাকাজেত
রেকর্ড গড়ে আর্সেনালে
আর্সেনালে আছেন ২১ বছর ধরে। এর মধ্যে গত মৌসুমেই প্রথমবার তাঁর দল লিগ শেষ করল সেরা চারের বাইরে থেকে। আর্সেন ওয়েঙ্গারের তা সহ্য হবে কেন? এবার তাই আটঘাট বেঁধেই নামছেন আর্সেনাল কোচ। পরশুই ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিঁও থেকে দলে নিয়ে এলেন স্ট্রাইকার আলেক্সান্দ্রো লাকাজেতকে, তা-ও ক্লাবের দলবদলের রেকর্ড গড়ে! ৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে লিঁও থেকে আর্সেনালে এসেছেন ২৬ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার।
এর আগে আর্সেনালের সবচেয়ে দামি ফুটবলার ছিলেন মেসুত ওজিল। ২০১৩ সালে রিয়াল মাদ্রিদ থেকে জার্মান মিডফিল্ডারকে কিনতে ৫০ মিলিয়ন ইউরো খরচ হয়েছিল গানারদের। এবার এত দাম দিয়ে কেন লাকাজেতকে নিয়ে আসা? বলতে গেলে, টাকা দিয়ে ‘গোল’ কিনছে আর্সেনাল। গত মৌসুমে ফ্রেঞ্চ লিগে ৩০ ম্যাচে ২৮ গোল করেছেন লাকাজেত। সর্বশেষ তিন মৌসুমেই লিগে করেছেন বিশের বেশি গোল। সাবেক আর্সেনাল স্ট্রাইকার চার্লি নিকোলাসের চোখে এই দলবদল আর্সেনালের পক্ষ থেকে আগামী মৌসুমে উচ্চাশার কথা জোরেশোরে জানিয়ে দেওয়া।
অ্যালেক্সিস সানচেজকে ধরে রাখতে পারলে আর্সেনাল এটি আরও ভালোভাবে জানাতে পারবে। এখন পর্যন্ত গুঞ্জন যদিও উল্টোটাই বলছে। চার্লি নিকোলাসই পরশু সানচেজের আর্সেনালে থাকা না-থাকার ব্যাপারে বলেছেন স্কাই স্পোর্টসকে, ‘আমার সত্যিই মনে হয় না (সানচেজ আর্সেনালে থাকবে)। ওর ব্যাপারে আমার একটু নেতিবাচক অনুভূতি হচ্ছে।’ এখন পর্যন্ত ২৮ বছর বয়সী চিলিয়ান ফরোয়ার্ডের সঙ্গে জড়িয়ে ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখের নামই বেশি শোনা যাচ্ছে।

কিলিয়ান এমবাপ্পে
রিয়াল, না পিএসজি?
কিলিয়ান এমবাপ্পে পড়েছেন গ্যাঁড়াকলে।
নিজে চান রিয়াল মাদ্রিদে যেতে। গত সপ্তাহে মোনাকো সভাপতি দিমিত্রি রিবোলোভলেভের সঙ্গে বৈঠকে ১৮ বছর বয়সী ফ্রেঞ্চ স্ট্রাইকার নাকি জানিয়েও দিয়েছেন নিজের ইচ্ছার কথা। মোনাকো যদি ছাড়েনই, সে ক্ষেত্রে ‘রিয়াল মাদ্রিদ, নয়তো কোথাও নয়।’ কিন্তু তাঁর বাবা ও ঘনিষ্ঠ অনেকেই চান, এমবাপ্পে প্যারিস সেন্ট-জার্মেইয়ে যান।
গত মৌসুমে মোনাকোকে ফ্রেঞ্চ লিগ জেতানোর পথে ১৫ গোল করেছেন এমবাপ্পে। চ্যাম্পিয়নস লিগেও সেমিফাইনাল পর্যন্ত নকআউটের প্রতিটি পর্বেই গোল করেছেন। তাঁকে নিয়ে কাড়াকাড়ি পড়ারই কথা। স্প্যানিশ দৈনিক মার্কার তথ্য, এ মুহূর্তে এমবাপ্পেকে পেতে দ্বিমুখী যুদ্ধে আছে পিএসজি ও রিয়াল। তাঁর জন্য ১২০ মিলিয়ন পাউন্ড খরচ করতেও রাজি দুই ক্লাব!
গত পরশুই পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি দেখা করেছেন এমবাপ্পের পরিবারের সঙ্গে। এমবাপ্পেকে বছরে ১২ মিলিয়ন ইউরো বেতন দেওয়ার প্রস্তাবও নাকি দেওয়া হয়েছে। কিন্তু রিয়ালও পিছু হটছে না। গতকালই রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ আবার কথা বলেছেন এমবাপ্পে ও তাঁর পরিবারের সঙ্গে। আলভারো মোরাতা ও হামেস রদ্রিগেজকে বিক্রি করে দেওয়ার পরই মোনাকোর কাছে এমবাপ্পের জন্য প্রস্তাব করবে রিয়াল।
পেরেজ এ-ও জানিয়ে রেখেছেন, রিয়ালে এলে নিয়মিত খেলার সুযোগ পাবেন কি না, এ নিয়েও দুশ্চিন্তা করতে হবে না এমবাপ্পেকে। দরকার হলে গত মৌসুমে দুর্দান্ত সাফল্য এনে দেওয়া ‘বিবিসি’ ত্রয়ীতেও অদল-বদল এনে এমবাপ্পের জন্য জায়গা বের করা হবে।

দানি সেবায়োস
আরেক রিয়াল-বার্সা যুদ্ধ
ডেভিড বেকহাম, মেসুত ওজিল, নেইমার, আন্দ্রে গোমেজ...এঁদের দলে পেতে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার লড়াইয়ের ইতিহাস পুরোনো। সেই তালিকায় যোগ হতে যাচ্ছে দানি সেবায়োসের নামও। গত মৌসুমে রিয়াল বেতিসের হয়ে দুর্দান্ত খেলেছেন, আলো ছড়িয়েছেন কদিন আগেই শেষ হওয়া অনূর্ধ্ব-২১ ইউরোর রানার্সআপ স্পেনের জার্সিতেও। ২০ বছর বয়সী মিডফিল্ডারকে পেতে জুভেন্টাসও আগ্রহী, তবে স্প্যানিশ দৈনিক মার্কার খবর, শেষ পর্যন্ত লড়াইটা সীমাবদ্ধ স্পেনের দুই পরাশক্তির মধ্যেই।
সেবায়োস নিজে সিদ্ধান্ত জানাতে দুই সপ্তাহ সময় নিয়েছেন। যদিও স্প্যানিশ সংবাদমাধ্যমের গুঞ্জন, রিয়ালে যাবেন বলে এরই মধ্যে মন স্থির করে ফেলেছেন বেতিস মিডফিল্ডার। রিয়াল মিডফিল্ডার মার্কো অ্যাসেনসিও তাঁর ঘনিষ্ঠ বন্ধু। রিয়ালও তাঁকে চায় হামেস রদ্রিগেজের বদলি হিসেবে।
কিন্তু বার্সেলোনারও একজন মিডফিল্ডার দরকার। খেলার ধরনে আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে অনেকটা মেলে সেবায়োসের। ৩৩ বছর বয়সী ইনিয়েস্তার উত্তরসূরি হিসেবেই সেবায়োসকে দেখছে বার্সা। তা ছাড়া গত কয়েক বছরে অনেকটা ভঙ্গুর হয়ে পড়া বার্সা মিডফিল্ডে এই মৌসুম থেকেই নিয়মিত খেলার সুযোগ পেতে পারেন সেবায়োস। সেবায়োসের দলবদল মূল্য রিয়াল-বার্সার জন্য কোনো সমস্যাই নয়। মাত্র ১৫ মিলিয়ন ইউরো। এমনও শোনা যাচ্ছে, দুই দলই এর চেয়ে বেশি দিতেও রাজি। কিন্তু শেষ পর্যন্ত সেবায়োসকে পাওয়ার ‘যুদ্ধে’ এবার কে জিতবে? বার্সেলোনা, না রিয়াল মাদ্রিদ?

রোমেলু লুকাকু
চেলসি নয় ইউনাইটেডে
এভাবে চেলসিকে টেক্কা দিল ম্যানচেস্টার ইউনাইটেড! মৌসুমজুড়ে শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার আলভারো মোরাতাকে চায় ইউনাইটেড, কয়েক দফা প্রস্তাবও করেছিল হোসে মরিনহোর দল। ওদিকে আন্তোনিও কন্তের চেলসি ফিরে পেতে চাইছিল এভারটনের স্ট্রাইকার রোমেলু লুকাকুকে। কিন্তু গতকাল হঠাৎই ১৮০ ডিগ্রি ঘুরে গেল সব—প্রায় দুই মাস ধরে ‘মোরাতা, মোরাতা’ করে এখন চেলসিকে ফাঁকি দিয়ে লুকাকুকে ছিনিয়ে আনল ইউনাইটেড! ইংলিশ সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী লুকাকুকে ওল্ড ট্রাফোর্ডে আনতে খরচ হচ্ছে ৭৫ মিলিয়ন পাউন্ড।
একটু ‘কিন্তু’ অবশ্য এখনো আছে। বিবিসি ও স্কাই স্পোর্টস দাবি করছে, চুক্তিটা হয়ে গেছে। ৩৬ ঘণ্টার মধ্যেই আনুষ্ঠানিক ঘোষণা আসছে। আবার এভারটনেরই একটি সূত্র স্কাই স্পোর্টসকে বলেছে, এমন কোনো চুক্তি এখনো হয়নি। তবে গুঞ্জনটা সত্যি হলে ইউনাইটেড পরীক্ষিত একজন স্ট্রাইকারকেই পাচ্ছে। গত পাঁচ মৌসুমে প্রিমিয়ার লিগে ৮৫ গোল করেছেন লুকাকু, তাঁর চেয়ে বেশি গোল করেছেন শুধু ম্যানচেস্টার সিটির আর্জেন্টাইন স্ট্রাইকার সার্জিও আগুয়েরো (৮৯)।
লুকাকু ইউনাইটেডে আসায় আরেকটা সম্ভাবনার পালেও জোর হাওয়া লেগেছে। ওয়েইন রুনির ইউনাইটেড ছাড়া নিয়ে গুঞ্জনটা সত্যি হয়ে যেতে পারে। ২০০৪ সালে এভারটন থেকে ইউনাইটেডে আসা ইংলিশ স্ট্রাইকার লুকাকুর উল্টো রাস্তা ধরে ফিরতে পারেন পুরোনো ঠিকানায়। লুকাকু ও রুনিকে নিয়ে ইউনাইটেড ও এভারটনের মধ্যে কোনো বিনিময় চুক্তি হয়নি। রুনি এভারটনে গেলে সেটি আলাদা চুক্তিতেই হবে। তথ্যসূত্র: এএফপি, রয়টার্স ও মার্কা।

পেপে
রিয়াল ছেড়ে বেসিকতাসে
শেষ হয়ে যাওয়া চুক্তি আর নবায়ন করেনি রিয়াল। রিয়াল মাদ্রিদ ছাড়ছেন, সেটি তাই আগেই জানা ছিল। গত পরশু তুরস্কের ক্লাব বেসিকতাসের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার মাধ্যমে আনুষ্ঠানিকভাবেও শেষ হয়ে গেল রিয়ালের সঙ্গে পেপের ১০ বছরের সম্পর্ক।
ক্রিস্টিয়ানো রোনালদোরা রিয়ালের বড় বড় জয়ের নায়ক, কিন্তু এই রিয়ালের নাম বললে চোখে ভাসবে পেপের ছবিটাও। সেটি দুর্দান্ত ডিফেন্ডিংয়ের কারণেই হোক বা মেজাজ হারিয়ে লাল কার্ড দেখার কারণে। রিয়ালের পক্ষে খেলেছেন ৩৩১টি ম্যাচ। মাদ্রিদ ছেড়ে গেলেও রিয়ালের জন্য ভালোবাসা তাই একটুও কমেনি ৩৪ বছর বয়সী পর্তুগিজ ডিফেন্ডারের, ‘রিয়াল মাদ্রিদে দুর্দান্ত ১০টি বছর কাটিয়েছি। আমার দুই মেয়ের জন্ম মাদ্রিদে। তিনটি চ্যাম্পিয়নস লিগ ও তিনটি স্প্যানিশ লিগও জিতেছি। রিয়াল মাদ্রিদ ও এর সমর্থকদের আমি ভালোবাসি।’

থিও হার্নান্দেজ
মাদ্রিদেরই অন্য প্রান্তে
একই শহরের দুই ক্লাব। দুই ক্লাবের মধ্যে দলবদল তাই একটু বাড়তি ঝাঁজ ছড়ায়, যা একটু বিরলও বটে। থিও হার্নান্দেজের অ্যাটলেটিকো মাদ্রিদ ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়া যে কারণে বড় খবর। ৩০ মিলিয়ন ইউরোতে ১৯ বছর বয়সী লেফটব্যাক পাড়ি জমিয়েছেন মাদ্রিদের অন্য প্রান্তে।
অ্যাটলেটিকোর যুব প্রকল্পে বেড়ে ওঠা হার্নান্দেজ গত মৌসুমে ধারে খেলেছেন আলাভেসে। অ্যাটলেটিকোর সঙ্গে চুক্তি ছিল আরও এক বছর। কয়েকবারই সেটি নবায়নের প্রস্তাব পেলেও ফিরিয়ে দিয়েছেন। থিওর দুই বছরের বড় ভাই লুকাস হার্নান্দেজ অবশ্য অ্যাটলেটিকোতেই আছেন। হার্নান্দেজদের বাবাও ছিলেন পেশাদার ফুটবলার। খেলেছেন তুলুজ, মার্শেই ও অ্যাটলেটিকোতে।
গ্রন্থনা: রাজ শুভ নারায়ন চৌধুরী