দলবদলের বাজারে নতুন রেকর্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত বছরই লিভারপুল থেকে লুইস সুয়ারেজ গেলেন বার্সেলোনায়। মোনাকো থেকে রিয়াল মাদ্রিদে হামেস রদ্রিগেজ। একই বছর দল বদলেছেন অ্যাঙ্গেল ডি মারিয়া, ডেভিড লুইজও। আর বিশাল ট্রান্সফার ফির এসব দলবদল মিলিয়ে বেশ মোটা অঙ্কের অর্থই লেনদেন হয়েছে গত বছর ফুটবলের বাজারে। গতকাল প্রকাশিত ফিফার এক প্রতিবেদনে দেখা যাচ্ছে, সব মিলিয়ে ২০১৪ সালে দলবদলের বাজারে ৪ বিলিয়ন ডলার ব্যয় করেছে ফুটবল ক্লাবগুলো। যেটি ছাড়িয়ে গেছে ফুটবল দলবদল বাজারে ব্যয়ের আগের সব রেকর্ডকে। ২০১৩ সালে দলবদলের বাজারে সারা বিশ্বের ফুটবল ক্লাবগুলোর মিলিত ব্যয় ছিল ৩.৯৮ বিলিয়ন ডলার।

ফিফার প্রতিবেদন অনুযায়ী, সবচেয়ে বেশি করেছে ইংলিশ ক্লাবগুলো। গত বছর দলবদলের বাজারে ইংলিশ ক্লাবগুলো খরচ করেছে ১.১৭ বিলিয়ন ডলার, যা বৈশ্বিক ব্যয়ের প্রায় চার ভাগের এক ভাগ। আয়ের দিক থেকে সবচেয়ে এগিয়ে অবশ্য স্প্যানিশ ক্লাবগুলো। গত বছর দলবদল থেকে ৬৬৭ মিলিয়ন ডলার আয় করেছে তারা, এর পরেই আছে ইংলিশ ক্লাবগুলো (৫২৩ মিলিয়ন ডলার)। তবে খেলোয়াড় লেনদেনের দিক থেকে সবচেয়ে সক্রিয় ছিল ব্রাজিলিয়ান ক্লাবগুলো। ২০১৪ সালে ব্রাজিলিয়ান বিভিন্ন ক্লাব ছেড়ে অন্য দেশের ক্লাবে গেছেন ৬৮৯ জন খেলোয়াড়। অন্য দেশ থেকে ব্রাজিলিয়ান ক্লাবে গেছেন ৬৪৬ জন। এ ছাড়া এবারই প্রথম ফুটবলে বিনিয়োগকারী দেশের তালিকায় সেরা দশে উঠে এসেছে চীন। গত বছর দলবদলের বাজারে তাদের বিনিয়োগ ১৫০ মিলিয়ন ডলারের বেশি। এএফপি, রয়টার্স।