দলবদলের বাজারে রিয়াল কি ভুলই করল?

গ্রীষ্মকালীন দলবদলই আসল দলবদল। এ সময়ই ক্লাবগুলো খেলোয়াড় কেনাবেচা করে। অনেক দলই পায় নতুন চেহারা। ৩১ আগস্ট ছিল দলবদলের শেষ দিন। দিনটা পেরিয়ে গেলে তাই অনেকের আগ্রহ থাকে প্রিয় দলে কে এল আর কে চলে গেল। দ্বিতীয় পর্বে আজ জেনে নিন কেমন হলো রিয়াল মাদ্রিদের ‘বাজারসদাই’—
অনেক বেশি কৌশলগত একটা দলবদল মৌসুম ছিল এটি রিয়াল মাদ্রিদের জন্য। এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না এলেও অনেকেরই ধারণা, পরের দুটি দলবদল মৌসুমে নিষিদ্ধ থাকতে হতে পারে রিয়ালকে। সে হিসাবে এবার তো একেবারে অনেক বেশি খেলোয়াড় কিনে নেওয়ারই কথা ছিল। তার ওপর ডাগ আউটে কোচ জিনেদিন জিদানের প্রথম পূর্ণ মৌসুম।
অথচ রিয়াল কী করল? নতুন করে খেলোয়াড় কিনল শুধু একজনকে। তা-ও কী, নিজেদেরই একাডেমিতে বেড়ে ওঠা স্ট্রাইকার আলভারো মোরাতাকে প্রায় ২৬ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে ফিরিয়ে এনেছে জুভেন্টাস থেকে। এই কারণেই প্রশ্ন উঠে যাচ্ছে, সিদ্ধান্তটি কি ভুল ছিল, নাকি সঠিক? রিয়ালেরও কি উচিত ছিল বার্সার মতো কিছু তরুণ খেলোয়াড়কে দলে নিয়ে আসা?
অপ্রাপ্তবয়স্ক খেলোয়াড়ের দলবদলে অনিয়মের কারণে গত বছর ডিসেম্বর মাদ্রিদের দুই ক্লাব—রিয়াল ও অ্যাটলেটিকোকে দুটি দলবদল মৌসুমের জন্য নিষিদ্ধ করে ফিফা। পরে অবশ্য দুই দলই আপিল করায় শর্ত সাপেক্ষে সাময়িকভাবে নিষেধাজ্ঞা উঠিয়েও নেন। পুনরায় তদন্ত শেষেই ফিফা সিদ্ধান্ত নেবে এই নিষেধাজ্ঞা পাকাপাকি হবে কি না। কিন্তু অনিশ্চয়তাকে সামনে রেখে রিয়ালের এমন দলবদল কিছুটা চমকেই দিয়েছে সবাইকে।
অবশ্য শুধু মোরাতার কথা তো বলা হলেও, এর বাইরেও আরও কিছু খেলোয়াড় যোগ হয়েছেন রিয়ালের স্কোয়াডে। এঁরা সবাই কেউ ক্লাবের একাডেমি কাস্তিয়া থেকে উঠে এসেছেন, কেউবা ফিরে এসেছেন অন্য ক্লাবে লোন শেষ করে। এঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন মার্কো অ্যাসেনসিও, মারিয়ানো দিয়াজ, ফাবিও কোয়েন্ত্রাও ও লুকাস সিলভা।
দল ছেড়ে যাওয়াদের তালিকাটা অবশ্য অনেক লম্বা। গত মৌসুমে বেশ আলো ছড়ানো হেসে যোগ দিয়েছেন ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে। ক্লাব ছেড়ে গেছেন ডেনিস চেরিশেভ (ভিয়ারিয়ালে), বোর্হা মায়োরাল (ভলফসবুর্গে, লোনে), আলভারো আরবেলোয়া (ওয়েস্ট হাম, ফ্রি)। এর বাইরে একাডেমি থেকে বেরিয়ে আসা আরও কয়েকজন ধারে গেছেন আরও অনেক ক্লাবে। আর এত এত খেলোয়াড় বেরিয়ে যাওয়ায় মূল একাদশের বাইরে দলের বেঞ্চের শক্তি ক্ষতিগ্রস্ত হলো কি না, তাই প্রশ্ন।
আগামী দুটি দলবদলে যদি নিষেধাজ্ঞা থেকেই যায়, তাহলে ‘লস ব্লাঙ্কো’দের অবস্থাটা কী দাঁড়াবে, শঙ্কাও তা নিয়ে। যেখানে অন্য নিষিদ্ধ দল অ্যাটলেটিকো মাদ্রিদ আগে থেকেই ‘দুর্যোগের প্রস্তুতি’ নিয়ে রেখেছে। সম্ভাব্য নিষেধাজ্ঞাকে সামনে রেখে দলে এনেছে নিকোলাস গাইতান, কেভিন গামেইরো, সিমে ভারসালিকোর মতো খেলোয়াড়দের।
তবে সিদ্ধান্তটা সঠিক কি ভুল, সেটি এখনই কিছু বলতে যাওয়া একেবারেই উচিত হবে না। কোচ জিদান নিশ্চয়ই সবকিছু ভেবেই তাঁর পরিকল্পনা সাজিয়েছেন। রিয়ালের মূল একাদশ এমনিতেই অনেক শক্তিশালী, বিশ্বের সেরা একাদশগুলোর একটি। ক্রিস্টিয়ানো রোনালদো তো আছেনই, আক্রমণে তাঁর পাশে বেল, বেনজেমা; মিডফিল্ডে মদরিচ-ক্রুস-কাসেমিরো, রক্ষণে রামোস-পেপে-মার্সেলো, গোলপোস্টে নাভাস...এই একাদশ দিয়েই তো নিশ্চিন্তে অন্তত আরও পূর্ণ দুটি মৌসুম চালিয়ে নিতে পারবেন জিদান। বেঞ্চের শক্তিও বা কম কী? হামেস রদ্রিগেজ বা ইসকো...পুরো দলবদলে ‘এখন ছাড়ছেন, তখন ছাড়ছেন’ গুঞ্জন শোনা গেলেও, শেষ পর্যন্ত রিয়াল ভক্তদের মুখে হাসি ফুটিয়ে দুজনই থেকে গেছেন।
এর পাশাপাশি রিয়াল সমর্থকদের আশা দেখাচ্ছেন উঠতি তরুণেরাও। অ্যাসেনসিও তো এরই মধ্যে বেশ আলোচনায় এসেছেন। সুপার কাপে সেভিয়ার বিপক্ষে এবং লিগের প্রথম ম্যাচে রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে—পরপর দুই ম্যাচে দুর্দান্ত দুটি গোল করে একাদশে সুযোগ পাওয়ার দাবিও জোরালো করে তুলেছেন। প্রাক্-মৌসুমে চেলসির বিপক্ষে ২৫ গজ দূর থেকে দুর্দান্ত গোল করে নজর কেড়েছেন কাস্তিয়া থেকে উঠে আসা মারিয়ানোও।
শুধু একটা জায়গাই একটু ভোগাতে পারে রিয়ালকে, ডিফেন্সিভ মিডফিল্ড। কাসেমিরোর ভালো বিকল্প খুঁজে পায়নি রিয়াল। আর তিনি রিয়ালের জন্য কতটা গুরুত্বপূর্ণ, সেটি গত মৌসুমের শেষ ‘এল ক্লাসিকো’ দেখলেই বুঝে নেওয়া যাবে। মেসিকে সেই ম্যাচে প্রায় একাই আটকে দিয়েছিলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। প্রশ্ন হলো, কাসেমিরো চোটে পড়লে তাঁর বিকল্প কী? লুকাস সিলভা আছেন। কিন্তু এই কদিন আগেই একবার তাঁকে নিয়ে গুঞ্জন উঠেছিল, হৃদপিণ্ডের সমস্যার কারণে নাকি ২৩ বছরেই অবসর নিয়ে নিয়েছেন। অবসরের গুঞ্জনটা পরে মিথ্যা প্রমাণিত হয়েছে, কিন্তু তবু সিলভার স্বাস্থ্য নিয়ে একটু শঙ্কা থাকছেই। তাঁর ফর্মও ঠিক আশা জাগানিয়া নয়। আর অন্য বিকল্প মাতেও কোভাচিচও ঠিক ডিফেন্সিভ মিডফিল্ডার নন, বরং এক বক্স থেকে অন্য বক্সে দৌড়ানো একজন সৃষ্টিশীল মিডফিল্ডার।
এই একটু শঙ্কা বাদ দিলে আসলে খুব বেশি ভাবনার হয়তো কিছু নেই রিয়ালের। আর আরও ভরসা খুঁজলে রিয়াল–ভক্তদের জন্য জিদানের ঠান্ডা মস্তিষ্ক তো আছেই। যে মস্তিষ্কজাত কৌশল গত মৌসুমে মাত্র পাঁচ মাসের মধ্যেই রিয়ালকে এনে দিয়েছিল চ্যাম্পিয়নস লিগ শিরোপা। এবার কী করেন জিজু, সেটিই দেখার অপেক্ষা।