দলবদলের শেষ দিনটাও নিরুত্তাপ
ঢাকঢোল বাজিয়ে কেউ আসেনি। কোনো ঘোড়ার গাড়িও ছিল না। দলবদলের শেষ দিনে কোনো ফুটবলারের পা পড়েনি ফুটবল ভবনে। যদিও নাম নিবন্ধনের আনুষ্ঠানিকতায় ফুটবলারদের আসার প্রয়োজন আবশ্যক নয়। স্থানীয় ফুটবলারদের নাম নিবন্ধনের ফরম নিয়ে ফেডারেশন কর্মকর্তাদের হাতে তুলে দিয়েই আনুষ্ঠানিকতা সেরেছে ক্লাবগুলো।
এবার চ্যাম্পিয়নের স্বপ্ন দেখা চট্টগ্রাম আবাহনী বড় বাজেটে গড়েছে জাতীয় দলের প্রথম সারির খেলোয়াড়দের নিয়ে। মামুনুল, নাসির, জাহিদ, আশরাফুল রানা, সোহেল রানা, তকলিচদের সঙ্গে মরক্কোর মিডফিল্ডার তারিক আল জানাবিকে নিবন্ধন করিয়েছে ক্লাবটি। স্লোভাকিয়ান কোচ জোসেফ প্যাভলিক আসার কথা শিগগিরই।
আবাহনীতে নাম লিখিয়েছেন ওয়ালী ফয়সাল, আরিফুল ইসলাম, তপু বর্মণ, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, জুয়েল রানা, জীবন। তারুণ্যনির্ভর দল গড়েছে মোহামেডান। মুক্তিযোদ্ধা, ব্রাদার্সও নবীনদের নিয়ে সাজিয়েছে দল। রাতে দলবদল করতে এসেছে গত দুবারের লিগ চ্যাম্পিয়ন শেখ জামাল। তবে এবার আর দলটি আগের মতো তারকাসমৃদ্ধ হয়নি। সাদামাটা ফেনী সকার ও বিজেএমসি নবাগতদের সুযোগ দিয়েছে বেশি।