দলে আসার আগেই কুতিনহোকে নিয়ে নাখোশ পিকেরা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুতিনহোর বেতন কেমন হবে, এ নিয়ে চিন্তিত বার্সার সিনিয়ররা। ফাইল ছবি
কুতিনহোর বেতন কেমন হবে, এ নিয়ে চিন্তিত বার্সার সিনিয়ররা। ফাইল ছবি

সব জল্পনা-কল্পনার শেষ বোধ হয় হতে চলেছে। স্পেন ও ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলো লিখেই দিচ্ছে, ফিলিপে কুতিনহোর বার্সেলোনায় যোগ দেওয়া এখন সময়ের ব্যাপার। বুধবার লন্ডনে দুই ক্লাবের কর্তাদের মধ্যে এক বৈঠক হয়েছে। এটা যদি বার্সেলোনা সমর্থকদের জন্য আনন্দের হয়ে থাকে, তাহলে শঙ্কার ব্যাপারও আছে। কুতিনহোর সম্ভাব্য বেতন নিয়ে এরই মধ্যে নাকি অসন্তুষ্টি জানিয়ে দিয়েছেন বার্সার সিনিয়র খেলোয়াড়েরা।

ব্রিটিশ সংবাদপত্র দ্য মিরর স্প্যানিশ পত্রিকা ডন বালোনের সূত্র ধরে জানিয়েছে, কুতিনহোকে ১০.৫ মিলিয়ন পাউন্ড (১ কোটি ৫ লাখ) বেতন দিতে রাজি হয়েছে বার্সেলোনা। আর এমন সংবাদে নিজেদের উদ্বেগের কথা জানিয়েছেন স্বয়ং জেরার্ড পিকে। বার্সার খেলোয়াড়দের যুক্তি হলো, ইনিয়েস্তা-বুসকেটস-পিকেরা বার্সা একাডেমিতে বেড়ে উঠেছেন। পিকে ছাড়া বাকিরা পুরো ক্যারিয়ার সেখানেই পার করছেন। এখনো ইনিয়েস্তা কিংবা পিকে বার্ষিক ৮৫ লাখ পাউন্ডের মতো বেতন পাচ্ছেন। বুসকেটস আরেকটু বেশি পেলেও সেটা ১ কোটির নিচে।

সেখানে ২৫ বছর বয়সী এক খেলোয়াড় দলে ঢুকেই দলের মূল স্তম্ভের চেয়ে বেশি আয় করবেন, সেটা মেনে নেওয়া কঠিন। একমাত্র লিওনেল মেসি ও লুইস সুয়ারেজই কুতিনহোর চেয়ে বেশি বেতন পাবেন। পিকেদের অসন্তুষ্টির কারণ আছে বটে।
এদিকে স্পেনের সংবাদপত্রগুলো কুতিনহোর ন্যু ক্যাম্পে যাওয়ার বিষয়টি মোটামুটি নিশ্চিতই করে ফেলেছে। স্পোর্ত লিখেছে, আগামী কয়েক দিনের মধ্যেই কুতিনহোর দলবদলের ব্যাপারে সবকিছু ‘চূড়ান্ত’ হবে। কিন্তু ভবিষ্যৎ সতীর্থরা যদি আগে থেকেই কুতিনহোকে নিয়ে নেতিবাচক ভাবনা মাথায় রাখেন, সেটা নিশ্চয় আরনেস্তো ভালভার্দের জন্য চিন্তার বিষয়।
কুতিনহোর বহুল আলোচিত দলবদল এবার হয়তো অন্যদিকে মোড় নিতে শুরু করেছে। শেষ পর্যন্ত না ভেস্তেই যায় সব!