চুক্তি হয়ে গেছে আগেই। তবে এখনো ন্যু ক্যাম্পে পা পড়েনি মিরালেম পিয়ানিচের। আগামী মাসেই তাঁর বার্সেলোনায় আসার কথা ছিল। লিওনেল মেসিদের সঙ্গে নামার কথা ছিল আগামী মৌসুমের জন্য নিজেদের প্রস্তুত করে নেওয়ার অনুশীলনে। কিন্তু বসনিয়ান মিডফিল্ডারের ন্যু ক্যাম্পে পা রাখতে বা লিওনেল মেসিদের সঙ্গে অনুশীলনে নামতে আরেকটু সময় লাগবে। মেসিদের সঙ্গে দেখা হয়ে যাওয়ার আগে যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন পিয়ানিচ।
সদ্য শেষ হওয়া মৌসুমে জুভেন্টাসের হয়ে দুর্দান্ত খেলা পিয়ানিচের সঙ্গে বার্সেলোনা চার মৌসুমের জন্য চুক্তি করেছে গত জুন মাসে। জুভেন্টাস ২৯ জুন ঘোষণা করেছে পরবর্তী মৌসুম থেকে বার্সেলোনায় খেলবেন পিয়ানিচ। করোনাভাইরাস মহামারির কারণে এমনিতেই সমর্থকদের সামনে খেলোয়াড়দের উপস্থাপনের রীতিটা বদলে গেছে। এখন উপস্থাপনটা হয় অনলাইনে, ক্লাবের ওয়েবসাইটে। পিয়ানিচের ক্ষেত্রে সেটাও এখনো হয়নি।
করোনায় আক্রান্ত হওয়ায় আপাতত পিয়ানিচ ন্যু ক্যাম্পে আসছেন না। অন্তত দুই সপ্তাহ তাঁকে কোয়ারেন্টিনে থাকতে হবে। কোয়ারেন্টিন কাটিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সেপ্টেম্বরের ৭ তারিখ মেসিদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন পিয়ানিচ। বায়ান মিউনিখের কাছে ৮-২ গোলে হেরে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়ার পর থেকে ছুটিতে আছেন বার্সেলোনার খেলোয়াড়েরা। নতুন মৌসুমের জন্য তাঁরা অনুশীলন শুরু করবেন আগামী সোমবার।
কোয়ারেন্টিন কাটিয়ে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সেপ্টেম্বরের ৭ তারিখ মেসিদের সঙ্গে অনুশীলনে যোগ দিতে পারেন পিয়ানিচ।
পিয়ানিচ করোনায় আক্রান্ত হয়েছেন গত শনিবার। ৩০ বছর বয়সী মিডফিল্ডারের করোনা পরীক্ষার ফল যে পজিটিভ এসেছে সেই খবর বার্সেলোনা রোববার এক বিবৃতিতে জানিয়েছে। ৬ কোটি ইউরো ট্রান্সফার ফিতে বার্সেলোনায় নাম লেখানো বসনিয়ার হয়ে ৯২টি ম্যাচ খেলে ১৫ গোল করেছেন। তবে তিনি হতে পারতেন লুক্সেমবার্গের খেলোয়াড়ও।
ছোটবেলাটা লুক্সেমবার্গে কেটেছে পিয়ানিচের। ফুটবলের হাতেখড়িও সেখানেই। বয়সভিত্তিক ফুটবলে লুক্সেমবার্গের হয়ে খেলেছেনও। লুক্সেমবার্গ অনূর্ধ্ব-১৭ দলের হয়ে ৪টি ও অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ৩টি। তবে জাতীয় দল হিসেবে বসনিয়াকেই বেছে নেন তিনি।