দশ তথ্যে এবারের প্রিমিয়ার লিগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগস্ট মাস এলেই গোল করতে ভুলে যান কেন। ছবি: এএফপি
আগস্ট মাস এলেই গোল করতে ভুলে যান কেন। ছবি: এএফপি

গোটা বিশ্বে খেলাধুলার লিগগুলোর মধ্যে সবচেয়ে বেশি দর্শক ইংলিশ প্রিমিয়ার লিগের। বিশ্বের ২১২টি অঞ্চলে এর টিভি দর্শকের সংখ্যা প্রায় ৪৭০ কোটি। ফুটবলে জনপ্রিয়তার দিক থেকেও শেষকথা ইংলিশ প্রিমিয়ার লিগের রজতজয়ন্তী (২৫ বছর পূর্তি) হয়ে গেল গত ১৫ আগস্ট। নতুন মৌসুম মাঠে গড়িয়েছে রজতজয়ন্তী পূর্তির চার দিন আগে। এরই মধ্যে ৫টি করে ম্যাচ খেলে ফেলেছে প্রতিটি দল। বরাবরের মতো এবারও দারুণ কিছু পরিসংখ্যানে জমে উঠেছে ইংলিশ প্রিমিয়ার লিগ। আসুন, জেনে নিই সেসব পরিসংখ্যান—

১.
আন্তনিও কন্তে স্ট্যামফোর্ড ব্রিজে আসার পর থেকেই চেলসির ভাগ্য খুলতে শুরু করেছে। চেলসি কোচ হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছেন অভিষেক মৌসুমেই। সেই কন্তের শিষ্যরাই গত রোববার আর্সেনালের বিপক্ষে ঘরের মাঠে গোলশূন্য ড্র করে। ইতালিয়ান কোচটির অধীনে টানা ২৭ ম্যাচ পর ঘরের মাঠে এই প্রথম গোল করতে ব্যর্থ হলো চেলসি। লিগ চ্যাম্পিয়নদের এ জন্য খেসারত গুনতে হবে কি না, সেটা সময়ই বলে দেবে।

২.
ইংলিশ প্রিমিয়ার লিগে এবার বোর্নমাউথ, ক্রিস্টাল প্যালেস এবং ওয়েস্ট হাম ইউনাইটেড নিজেদের প্রথম তিনটি ম্যাচ জিততে পারেনি। এ তিনটি দলেরই অবনমন ঘটার শঙ্কা আছে। পয়েন্ট টেবিলও সে কথাই বলছে। টেবিলের শেষ দুটি দল যথাক্রমে বোর্নমাউথ ও ক্রিস্টাল প্যালেস। ওয়েস্ট হাম ১৭তম। কিন্তু ইতিহাসে তাকিয়ে এ তিনটি কিন্তু আশান্বিত হতেই পারে। ইংল্যান্ডের শীর্ষস্থানীয় এ লিগে প্রথম তিন ম্যাচ হেরেও অবনমনে না পড়ার সর্বশেষ নজির ১৯৬৬-৬৭ মৌসুমে। সেবার তিনের অধিক দল নিজেদের প্রথম তিন ম্যাচ হারলেও একটি দলও ‘রেলিগেশন’-এ পড়েনি।

ডেলে আলী গোল করলে দল জয় নিয়েই মাঠ ছাড়ে। ছবি: এএফপি
ডেলে আলী গোল করলে দল জয় নিয়েই মাঠ ছাড়ে। ছবি: এএফপি

৩.
হ্যারি কেন ইংলিশ প্রিমিয়ার লিগে গত দুই মৌসুমের ‘গোল্ডেন বুট’ জয়ী। কিন্তু আগস্ট মাস এলেই টটেনহাম ফরোয়ার্ডের কী যেন হয়! অবিশ্বাস্য হলেও সত্যি, প্রিমিয়ার লিগে আগস্ট মাসে মাঠে নেমে হ্যারি কেন কখনো গোল করতে পারেননি! ইংলিশ তারকাটি যে চেষ্টা করেননি, তা নয়। ‘অপয়া আগস্ট’-এ পর্যন্ত ১৩ ম্যাচে ৪২টি শট নিয়েও যদি গোল না পান, তাহলে আর কী করার থাকে!

৪.
স্যার অ্যালেক্স ফার্গুসন ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ থাকাকালীন ম্যাচের শেষ দিকে কীভাবে যেন গোল আদায় করে নিতেন। এ জন্য ম্যাচের ওই সময়কে সবাই বলত ‘ফার্গি টাইম’। রেড ডেভিলদের কোচ হয়ে আসার পর হোসে মরিনহোও ফার্গির সেই শেষ মুহূর্তের ঝিলিক ফিরিয়ে আনার চেষ্টা করছেন। এবার যেমন লিগে ইউনাইটেডের ১৬ গোলের ৯টিই এসেছে ম্যাচের শেষ ১০ মিনিটে।

৫.
প্রিমিয়ার লিগে গত ২৭ আগস্ট লিভারপুলের মাঠে ৪-০ গোলে হারে আর্সেনাল। সে ম্যাচে স্বাগতিকদের গোলপোস্ট তাক করে আর্সেনাল একটি শটও নিতে পারেনি! আর্সেন ওয়েঙ্গারের দল সর্বশেষ এমন পরিস্থিতির মুখোমুখি হয়েছিল ৫ অক্টোবর, ২০১৪ চেলসির বিপক্ষে।

৬.
টটেনহাম হটস্পার্সের জন্য ডেলে আলী সৌভাগ্যের অন্য নাম। ইংলিশ প্রিমিয়ার লিগে ইংলিশ মিডফিল্ডারটি গোল করেছেন, এমন সর্বশেষ ২৫ ম্যাচে তাঁর দল কখনো হারেনি। ডেলে আলী তাঁর এই ‘মাইডাস টাচ’ দিয়ে কত দিন টানতে পারেন টটেনহামকে, সেটাই দেখার বিষয়।

৭.
রিয়াল মাদ্রিদ থেকে আলভারো মোরাতাকে কেনায় অনেকে চেলসির সমালোচনা করেছিলেন। কিন্তু সন্দেহবাতিকগ্রস্তদের মোরাতা কিন্তু ইতিমধ্যেই ভুল প্রমাণ করেছেন। নিজে ৩ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে আরও ২ গোল করিয়েছেন স্প্যানিশ স্ট্রাইকারটি। সব কটি গোলই এসেছে হেড থেকে! আরও অবাক করা বিষয় হলো, প্রিমিয়ার লিগের ইতিহাসে মোরাতাই প্রথম খেলোয়াড়, ক্লাবের হয়ে ঘরের মাঠে প্রথম দুই ম্যাচে যাঁর গোল ও ‘অ্যাসিস্ট’ রয়েছে।

লিগে ১৬২ ম্যাচ পর লাল কার্ড দেখেছেন স্টার্লিং। ছবি: এএফপি
লিগে ১৬২ ম্যাচ পর লাল কার্ড দেখেছেন স্টার্লিং। ছবি: এএফপি

৮.
বোর্নমাউথের মাঠে গত ২৬ আগস্ট ২-১ গোলের জয় পায় ম্যানচেস্টার সিটি। এ ম্যাচে গোল করার পাশাপাশি লাল কার্ডও দেখেন সিটির অ্যাটাকিং মিডফিল্ডার রহিম স্টার্লিং। তাঁর প্রিমিয়ার লিগ ক্যারিয়ারে এটাই প্রথম লাল কার্ড, যেটা এসেছে ১৬২ ম্যাচ পর!

৯.
মৌসুমের এ পথ পর্যন্ত সবচেয়ে বেশি ফাউল করা দল কোনটি? শুনতে অবাক লাগতে পারে, সেই দলটি চেলসি! হ্যাঁ, নিখুঁত ট্যাকটিশিয়ান কন্তের শিষ্যরা এ পর্যন্ত ৬৮টি ফাউল করেছেন। যার পরিণতিতে ১১টি হলুদ কার্ডের পাশাপাশি ৩ লাল কার্ড দেখতে হয়েছে খেলোয়াড়দের। গত মৌসুমে শিরোপা জয়ের পথে ৭২টি হলুদ কার্ড দেখেছে কন্তের শিষ্যরা।

১০.
লিভারপুলের ইতিহাসে তৃতীয় খেলোয়াড় হিসেবে এবার প্রথম তিন ম্যাচেই গোল করেছেন সাদিও মানে। ৯৪-৯৫ মৌসুমে প্রথম এ কীর্তি গড়েছিলেন রবি ফাউলার এরপর ১৩-১৪ মৌসুমে একই কীর্তি গড়েন ড্যানি স্টারিজ।