দশে মিলেই এই ইতালি

টুর্নামেন্টের আগে খুব কম লোকই তাদের গোনায় ধরেছিল। ইউরোর ইতিহাসের সবচেয়ে বেশি বয়সী দল, বড় কোনো তারকাও যাদের নেই, চোটের জন্য নেই ভেরাত্তি, মার্কিসিওদের মতো খেলোয়াড়—এই ইতালি আর কতদূরই বা যাবে? প্রথম ম্যাচে বেলজিয়ামকে হারিয়ে যে সৌরভ ছড়িয়েছিল, সেটা আরও তীব্র হলো পরশু। স্পেনকে ২-০ গোলে হারানোর পর এখন সবচেয়ে বড় প্রশ্ন, এই অন্য ইতালির ‘রহস্য’ কী?
সেটা সবচেয়ে ভালো বলতে পারবেন আন্তোনিও কন্তে। ইতালির কোচের দুর্দান্ত কৌশলের কাছেই মার খেয়ে গেছে স্পেন। এই ইতালি কতটা কন্তের দল হয়ে উঠেছে, পরশু সেটা দেখা গেল মাঠের বাইরেও। ডাগআউটে সব সময় চেঁচাচ্ছেন, হতাশায় হাত-পা ছুড়ছেন, গোলের পর শিশুর মতো উদ্যাপন করছেন—কন্তে যেন পারলে মাঠে গিয়েই খেলে আসেন!
বদলে যাওয়া ইতালির গল্পটা কন্তে শুনিয়েছেন নিজেই, ‘দুই বছর আগে যখন দায়িত্ব নিয়েছিলাম, প্রথম দিনেই আমি সবাইকে বলেছিলাম সাফল্য পেতে হলে আমাদের অবশ্যই একটা ক্লাব দলের মতো খেলতে হবে।’ কন্তে যখন কোচ হয়েছিলেন, ইতালি তখন বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার ধাক্কায় বেসামাল। ৪৬ বছর বয়সী কোচ বুঝেছিলেন, অন্য সব পরাশক্তির মতো এই দলে প্রতিভার অত ছড়াছড়ি নেই। কন্তের মুখ থেকেই শুনুন, ‘আমাদের মনে রাখতে হবে, আমরা শুধু একগুচ্ছ খেলোয়াড় নই। এটা কোনোভাবেই ভুলে যাওয়া চলবে না, প্রতিভার বিচারে এই দলটা খুব ভালো সময় পার করছে না। সেটা মনে রেখেই আমাদের দল হিসেবে খেলতে হবে। আমরা মানুষকে চমকে দেওয়ার চেষ্টা করেছি। সেটা এর মধ্যে করতেও পেরেছি।’
তবে এখন জ্বলন্ত উনুন থেকে তাদের পড়তে হচ্ছে ফুটন্ত কড়াইয়ে। সামনে যে প্রতিপক্ষ বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি! ইতিহাস আশা দেখাচ্ছে ইতালিকে, বড় আসরে আটবারের দেখায় জার্মানি কখনোই হারাতে পারেনি তাদের। তবে কন্তে বলছেন, জার্মানি-পরীক্ষা স্পেনের চেয়েও কঠিন হবে, ‘গত মার্চেই আমরা জার্মানির কাছে ৪-১ গোলে হেরে গেছি, অনেকেই সেটা ভুলে গেছে। আমরা ইউরোর সবচেয়ে সেরা দলের সঙ্গে খেলতে যাচ্ছি। বাকিদের চেয়ে জার্মানি এক ধাপ ওপরে। আমাদের বিশাল কিছুই করতে হবে শনিবার।’
এই ইতালি যে তা করতে পারবে, সেটার পক্ষে বাজি ধরার জন্য অনেককেই পাওয়া যাওয়ার কথা! এএফপি।