‘দা–কুমড়ো’ সম্পর্ক ভুলে বেনজেমার হাতেই ব্যালন ডি’অর চান দেশম
কে বলবে, এককালে এ দুজনের সম্পর্কটা ছিল দা-কুমড়ো!
দিদিয়ের দেশমের কারণেই বলতে গেলে আন্তর্জাতিক ক্যারিয়ারই শেষ হয়ে গিয়েছিল ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার। ৩৩ বছর বয়সী বেনজেমা ২০১৫ সালের পর টানা ছয় বছর ফ্রান্সের হয়ে খেলতে পারেননি। সে সময়ের জাতীয় দল সতীর্থ ম্যাথু ভালবুয়েনার স্পর্শকাতর ভিডিও প্রকাশের ঘটনায় বেনজেমার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ উঠেছিল। ওই ঘটনার পর জাতীয় দলে ব্রাত্য হয়ে পড়েন বেনজেমা।
কোচ দেশমের সঙ্গে সম্পর্কই খারাপ হয়ে পড়েছিল খুবই খারাপ। পরে দলের স্বার্থেই গত ইউরোর আগে বেনজেমাকে দলে ডাকেন দেশম। দুজনের মধ্যে সম্পর্কেরও উন্নতিও হয়।
দেশমের ভরসার মূল্যও দিয়েছেন বেনজেমা। জাতীয় দলে ফেরার পর থেকেই গোল করে বা গোলে সহায়তা করে ভূমিকা রাখছেন নিয়মিত। যে কাজটা গত কয়েক বছর ধরে শুধু রিয়াল মাদ্রিদের হয়েই করতেন।
বেনজেমা যে কোচকে খেলা দিয়ে এর মধ্যেই মুগ্ধ করে ফেলেছেন, সেটা বোঝা গেল কোচের কথাতেই। এবার স্পষ্ট জানিয়ে দিলেন দেশম, শিষ্যের হাতেই দেখতে চান ব্যালন ডি’অর। সংবাদ সম্মেলনে বেনজেমার হাতে পুরস্কারটা দেখতে চেয়েছেন তিনি। যে পুরস্কারটা যেকোনো ফুটবলারের কাছেই পরম আরাধ্য, ‘হ্যাঁ, আমি অবশ্যই ওর হাতে ব্যালন ডি’অর দেখতে চাই।’
২০২১ সালে ক্লাব রিয়াল মাদ্রিদ ও জাতীয় দল ফ্রান্সের হয়ে সব মিলিয়ে ৪৩ ম্যাচ খেলেছেন বেনজেমা। তাতে গোল করেছেন ৩০টি, করিয়েছেন ১২টি।
অবশ্য বেনজেমার ব্যালন ডি’অর জেতার দাবির বিপরীতে বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডফস্কি কিংবা পিএসজির লিওনেল মেসির দাবি সম্ভবত আরও বেশি জোরালো। বেনজেমা গত মৌসুমে কোনো শিরোপাই জেতেননি, না ক্লাবে, না জাতীয় দলে। ইউরোতে জাতীয় দলে ফিরে গোল করলেও শেষমেশ দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেয় ফ্রান্স।
আবার গোল করা কিংবা করানোতেও মেসি-লেভানডফস্কির চেয়ে পিছিয়ে বেনজেমা। স্প্যানিশ লিগে গত মৌসুমে বেনজেমার ২২ গোলের চেয়ে বেশি গোল ছিল ভিয়ারিয়ালের জেরার্ড মোরেনো (২৩) ও লিওনেল মেসির (৩০)।