দানিলোও সিটিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত মৌসুমে ৫৪ ম্যাচে দল গোল খেয়েছে ৫৯টি। গোলকিপার, ডিফেন্ডারদের মধ্যে ছয়জনের বয়সই ছিল ৩০-এর বেশি! এই মৌসুমে তাই রক্ষণটা ঠিক করতেই যেন ঝাঁপিয়ে পড়েছেন ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা। এরই মধ্যে ডিফেন্ডার ও গোলকিপারদের পেছনেই খরচ করেছেন ১১১ মিলিয়ন পাউন্ড!

বেনফিকা থেকে ২৩ বছর বয়সী গোলকিপার এডারসন (৩৫ মিলিয়ন) আর টটেনহামের ২৭ বছর বয়সী রাইটব্যাক কাইল ওয়াকার (৫০ মিলিয়ন) তো আগেই এসেছিলেন সিটিতে, কাল চূড়ান্ত হলো দানিলোর দলবদলও। রিয়াল মাদ্রিদ থেকে ২৬ বছর বয়সী ব্রাজিলিয়ান রাইটব্যাককে নিতে সিটির খরচ হচ্ছে ২৬ মিলিয়ন পাউন্ড, চুক্তি পাঁচ বছরের।

অবশ্য সিটির ডিফেন্ডার কেনা এখানেই শেষ নয়। ব্রিটিশ সংবাদমাধ্যমের গুঞ্জন, ৫১ মিলিয়ন পাউন্ড দিয়ে মোনাকোর ২৩ বছর বয়সী লেফটব্যাক বেঞ্জামিন মেন্ডিকেও নিয়ে আসছেন গার্দিওলা। সে ক্ষেত্রে প্রিমিয়ার লিগের সবচেয়ে দামি ডিফেন্ডার হবেন মেন্ডি। রয়টার্স।