
ঢাকায় যখন ফুটবল ফেডারেশনের নির্বাচন আনন্দে ভাসিয়েছে কাজী সালাউদ্দিনদের, সুদূর তাজিকিস্তােন আরেকটি আনন্দোৎসব করেছে বাংলাদেশের মেয়েরা। দুশানবেতে কাল এএফসি অনূর্ধ্ব-১৪ মেয়েদের ফুটবলের আঞ্চলিক চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠেছে বাংলাদেশ। দুশানবের অ্যাভিয়েটর স্টেডিয়ামে বাংলাদেশ ৯-১ গোলে হারিয়েছে তাজিকিস্তানকে। প্রথমার্ধে বাংলাদেশ ৫-০ গোলে এগিয়ে ছিল। এই ম্যাচে হ্যাটট্রিক করেছেন মনিকা ও তহুরা।
আজ ফাইনালে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। দিনের অন্য সেমিফাইনালে ভারত ৪-৩ গোলে হারিয়েছে ইরানকে। গ্রুপ পর্বে এই ভারতকেই ৩-১ গোলে হারিয়েছিল বাংলাদেশের মেয়েরা।
পুরো টুর্নামেন্টে দাপটের সঙ্গে খেলা বাংলাদেশের মেয়েদের সামনে খড়কুটোর মতো উড়ে গেছে তাজিকিস্তান। নেপাল ম্যাচের মতো কালও ম্যাচের শুরু থেকেই আক্রমণ শাণিয়েছে তহুরা-মনিকারা। দুর্দান্ত ফর্মে থাকা তহুরা কাল গোলের উৎসবটা শুরু করে ৬ মিনিটে, ১২ ও ৭১ মিনিটে গোল করে পূর্ণ করে হ্যাটট্রিক। টুর্নামেন্টে ৩ ম্যাচে সব মিলিয়ে ৭টি গোল ময়মনসিংহের কলসিন্দুরের মেয়ের। মনিকা গোল করেছে ১৬, ৪৪ ও ৫৫ মিনিটে। গত ম্যাচে নেপালের সঙ্গে হ্যাটট্রিক পাওয়া আনুচিং কালও জোড়া গোল করেছে। আনুচিং গোল দুটি করেছে ৯ ও ১৪ মিনিটে। বাংলাদেশের আঁখি খাতুন গোল করেছে ৬১ মিনিটে। পেনাল্টি থেকে তাজিকিস্তানের সান্ত্বনার গোলটি আবদুলহেলভিয়া নিলোফারের।