>অবনমিত হয়ে দুই ক্লাব এখন বাফুফের কাছে পাওনা টাকা চাইছে। ফেনী সকারের দাবি, বাফুফের কাছে তারা পাবে ৪২ লাখ। উত্তর বারিধারার পাওনা ১৮ লাখ। বাফুফের দুর্বলতা তো এখানেও!
পেশাদার লিগে অবনমন নির্ধারণী ম্যাচ খেলতে মাঠেই আসেনি উত্তর বারিধারা ও ফেনী সকার ক্লাব। দল দুটি ভেবেছে, না খেললে কী আর হবে। দুদিন পর সব ঠিক হয়ে যাবে। এ কারণেই প্লে-অফ না খেলার শাস্তি অবনমন জেনেও দল দুটি কোনো গা করেনি।
কিন্তু পরশু বাফুফের শৃঙ্খলা কমিটি পেশাদার লিগের দ্বিতীয় স্তরে নামিয়ে দিয়েছে বারিধারা-ফেনীকে। সঙ্গে ৫ লাখ টাকা জরিমানা। যদিও আপিল করার সুযোগ আছে এবং দল দুটি সেটা করবে বলেও জানিয়েছে।
তবে বাফুফের শীর্ষস্থানীয় এক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী আপিলে কাজ হবে না। ওই কর্মকর্তার কথা, দল দুটিকে ক্ষমা করার কোনো সুযোগ নেই। কারণ তারা খেলতেই আসেনি।
অবনমিত দল দুটি অবশ্য নিকট অতীতের উদাহরণ দিয়ে বলছে, ফরাশগঞ্জ খেলতে অস্বীকৃতি জানিয়ে মাঠ ছাড়লেও এক অর্থে তাদের কোনো শাস্তিই হয়নি। দলটি গত লিগের আগের লিগে এমনিতেই অবনমিত হয়ে যেত। তার ওপর খেলতে অস্বীকৃতি জানিয়ে অবনমিত হয়ে বাফুফের উল্টো আনুকূল্য পেয়েছে নির্বাচনী হিসাব-নিকাশে। নিয়ম হলো, প্রিমিয়ার থেকে অবনমিত হলে ঠিকানা দ্বিতীয় স্তর। কিন্তু ফরাশগঞ্জের বেলায় হলো উল্টো। দ্বিতীয় স্তরে না খেলেই তারা আবার সরাসরি প্রিমিয়ারে ফিরছে আগামী মৌসুমেই।
সাম্প্রতিক বছরে কক্সসিটি ক্লাব প্রিমিয়ারে উঠেও খেলেনি। দলটিকে পাঁচ বছর নিষিদ্ধ করলেও বছর দুই পরই গত এপ্রিলে বাফুফের নির্বাচনে তাদের হঠাৎ কাউন্সিলরশিপ দেওয়া হয়। আর বাফুফের নির্বাচন মানেই কাউন্সিলরদের পোয়াবারো।
এই কদিন আগে বাফুফের বিশেষ বিবেচনায় বাংলাদেশ বয়েজ প্রথম বিভাগে টিকে গেছে। দলটি অবনমিত হয়েছিল সম্প্রতি, কিন্তু তিন বছর ধরেই দ্বিতীয় বিভাগ বন্ধ থাকায় তারা প্রথম বিভাগেই থেকে যাওয়ার অনুরোধ করে। তাতে সাড়া দিয়েছে বাফুফে।
এর আগে চট্টগ্রাম আবাহনী চ্যাম্পিয়নশিপ লিগ থেকে নেমে গেলেও বাফুফের উদারতায় টিকে যায় ওই লিগে। অনেক সময় ‘ফুটবলের স্বার্থে’ এমন ছাড় দেওয়ার পক্ষে যুক্তি দেয় বাফুফে। কিন্তু সেই সুযোগ নিয়ে অন্যরা মনে করে, নিয়ম ভাঙলে সমস্যা নেই। বাফুফে কিছু করবে না!
তবে ব্যতিক্রম হিসেবে উত্তর বারিধারা ও ফেনী সকারের ‘মামলায়’ বাফুফে বাইলজ অনুসরণ করেছে এখন পর্যন্ত। বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন দুই দিন আগে বলেছিলেন, ‘আমি চাই ডিসিপ্লিনারি কমিটি বাইলজ অনুসরণ করুক।’ সেটা শেষ পর্যন্ত হয়েছে।
তবে ফেনী সকারের ম্যানেজার শাখাওয়াত হোসেন কাল বাফুফে ভবন চত্বরে দাঁড়িয়ে বললেন, ‘এই শাস্তি আমরা মানতে পারছি না।’ তাঁর অনুযোগ, ‘একটা ক্লাবের নেমে যাওয়ার ব্যথা কেউ বুঝবে না। খেলব না বলে আমরা চিঠি দেওয়ার পর ফেডারেশন আমাদের একটিবারও ডাকল না। ডাকলে পরিস্থিতি অন্য রকমও হতে পারত।’ তার মানে ডেকে এনে খেলাতে হবে পেশাদার এই যুগেও!
অবনমিত হয়ে দুই ক্লাব এখন বাফুফের কাছে পাওনা টাকা চাইছে। ফেনী সকারের দাবি, বাফুফের কাছে তারা পাবে ৪২ লাখ টাকা। উত্তর বারিধারার পাওনা ১৮ লাখ। বাফুফের দুর্বলতা তো এখানেও! তাই ক্লাব নিয়ম ভাঙে, প্লে-অফ খেলতে আসে না!