দারুণ খুঁত খুঁতে ফন গাল!
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচের দায়িত্ব নিয়ে প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন লুইস ফন গাল। প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচে লস অ্যাঞ্জেলেস গ্যালাক্সির বিপক্ষে ৭-০ গোলের বড় ব্যবধানের জয় পেয়েছে রেড ডেভিলরা। তবে দুর্দান্ত এই জয়েও সন্তুষ্ট হতে পারেননি ফন গাল। দলে এখনো অনেক সমস্যা থেকেই গেছে বলে মন্তব্য করেছেন এই ডাচ কোচ।
ব্রাজিল বিশ্বকাপে ফন গালের তত্ত্বাবধানে ৩-৪-৩ ফরমেশনে খেলতে দেখা গেছে হল্যান্ডকে। ইংল্যান্ডের ক্লাবগুলোর কাছে এই পদ্ধতিটা একেবারেই নতুন। কিন্তু আজ ম্যানইউকে এই ফরমেশনে খেলিয়েই সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন এসময়ের অন্যতম সেরা এই কোচ। দুর্দান্ত আক্রমণাত্মক ফুটবল খেলে ৭-০ গোলের জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। জোড়া গোল করেছেন ওয়েইন রুনি, রিস জেমস ও অ্যাশলে ইয়াং । ম্যাচের অপর গোলটি করেছেন ড্যানি ওয়েলব্যাক। এবারের মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড এই ফরমেশনেই খেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন ফন গাল। কিন্তু সে জন্য দলে যেমন ভারসাম্য থাকা দরকার, তেমনটা নেই বলেই মন্তব্য করেছেন ৬২ বছর বয়সী এই ডাচ কোচ, ‘আমরা একটা নতুন পদ্ধতি অবলম্বন করেছি। এভাবে খেলোয়াড়েরা অনুশীলনে খেলতে পেরেছে মাত্র দুইবার। কিন্তু ছেলেরা নতুন কিছু শেখার ব্যাপারে আগ্রহী। আজ তারা যেমন পারফরম্যান্স দেখিয়েছে সেটা দুর্দান্ত। এই পদ্ধতি যদি কাজ না করে তাহলে আমি পরিবর্তনও আনতে পারি। ৪-৩-৩ ফরমেশনেও খেলাতে পারি। কিন্তু আমি দুজন স্ট্রাইকার নিয়ে খেলতে চাই। কিন্তু দলে ১০ নম্বর জার্সি পরে খেলার মতো খেলোয়াড় আছে চারজন। এই মুহূর্তে দলে ভারসাম্যটা খুব জরুরি।’
বড় ব্যবধানের এই জয়ের ফলে খেলোয়াড়েরা নতুন কিছুকে সহজে গ্রহণ করতে পারবে বলেও মনে করছেন ফন গাল, ‘কোনো দল যখন নতুন কোনো পদ্ধতিতে খেলছে, তখন হারার চেয়ে ৭-০ গোলে জেতাটা অনেক ভালো। তাহলে খেলোয়াড়দের মনে কোনো সংশয় তৈরি হবে না।’