দাড়ি রেখে মেসির 'ফিফটি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নতুন রূপেও দুর্দান্ত মেসি। ছবি: রয়টার্স।
নতুন রূপেও দুর্দান্ত মেসি। ছবি: রয়টার্স।

দাড়ি রেখে মেসির যাত্রা শুরু গত বছরের শতবর্ষী কোপার আসর থেকে। নতুন রূপ তাঁর পারফরম্যান্সকে যেন করেছে আরও উন্নত। আর্জেন্টিনা ও বার্সেলোনার হয়ে খেলছেন দারুণ, গোলও পেয়ে যাচ্ছেন নিয়মিত। কোপা আমেরিকা থেকে গতকাল স্প্যানিশ লিগে সেভিয়ার বিপক্ষে ম্যাচ—‘ফিফটি’ হয়ে গেছে মেসির। দাড়ি রেখে করে ফেলেছেন ৫০ গোল।
গত কয়েকটা দিন ভালো কাটেনি মেসির। বিশ্বকাপ বাছাইপর্বে চিলির বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে আর্জেন্টিনাকে জেতালেও রেফারিকে গালি দিয়ে চার ম্যাচের জন্য নিষিদ্ধ হতে হয় তাঁকে। পরের ম্যাচে বলিভিয়ার বিপক্ষে খেলতে পারেননি। অধিনায়ককে ছাড়া আর্জেন্টিনাও হারে ২-০ গোলে। বার্সেলোনার হয়েও স্প্যানিশ লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটাতে হয় মেসিকে। প্রায় দুই সপ্তাহ পর আবার কাল মাঠে নেমেই খেলেছেন দুর্দান্ত । জোড়া গোল করে সেভিয়ার বিপক্ষে বার্সাকে জিতিয়েছেন ৩-০ ব্যবধানে। বার্সেলোনার অন্য গোলটি করেছেন লুইস সুয়ারেজ।
সেভিয়ার বিপক্ষে এই দুই গোলে ‘দাড়িওয়ালা’ মেসির গোল হয়ে গেছে ৫১টি। দাড়ি না থাকা অবস্থায় সর্বশেষ ম্যাচটি তিনি এই সেভিয়ার বিপক্ষেই খেলেছিলেন । কোপা ডেল রের সেই ফাইনালে জর্দি আলবা আর নেইমারের গোলে ম্যাচটি ২-০ ব্যবধানে জিতেছিল বার্সেলোনা। নতুন রূপের মেসি তাঁর ৫১ গোলের ৪৩টিই করেছেন বার্সেলোনার হয়ে। এর মধ্যে ২৭টি স্প্যানিশ লিগে। আর্জেন্টিনার হয়ে করা ৮ গোলের পাঁচটি করেছেন কোপা আমেরিকায়। তবে শিরোপা জিততে পারেনি তাঁর দল। ফাইনালে চিলির কাছে টাইব্রেকারে হেরে যায় আর্জেন্টিনা। বাকি তিন গোল মেসি করেছেন বিশ্বকাপ বাছাইপর্বে উরুগুয়ে, কলম্বিয়া ও চিলির বিপক্ষে।