দায়িত্ব ছাড়ছেন না সাম্পাওলি

বিশ্বকাপের কোচদের মধ্যে হোর্হে সাম্পাওলি আলাদা করেই নজর কেড়েছিলেন। চিলির এই আর্জেন্টাইন কোচের মাঠে ‘অতি-ব্যস্ত’ অভিব্যক্তি আর উত্কণ্ঠিত হন্টন বিশ্বকাপেরই অন্যতম বিজ্ঞাপন হয়ে আছে। কোচ হিসেবেও তিনি ছিলেন সফল। হল্যান্ড, স্পেনের মতো প্রতিপক্ষ গ্রুপ পর্যায়ে থাকা সত্ত্বেও তাঁর অধীনে চিলি দারুণভাবেই পৌঁছে গিয়েছিল বিশ্বকাপের শেষ ষোলোয়। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলের বিপক্ষে টাইব্রেকার-দুর্ভাগ্যের কাছে নতি স্বীকার না করলে চিলির পথ চলাটা আরও মোহনীয় হয়ে উঠতে পারত।
বিশ্বকাপের পর অনেক দলেই কোচের পদে পরিবর্তন আসলেও চিলি তাদের সাফল্যের এই নেপথ্য-নায়ককে রেখে দিতেই চায়। সাম্পাওলির ইচ্ছাও তেমনটিই। তিনি জানিয়েছেন রাশিয়াতে অনুষ্ঠেয় ২০১৮ সালের বিশ্বকাপ পর্যন্ত তিনি থেকে যাচ্ছেন চিলির কোচের পদটিতে।
একটা কথা উঠেছিল ২০১৫ সালের কোপা আমেরিকার পরপরই সাম্পাওলি সরে দাঁড়াবেন। তিনি অবশ্য এর সঙ্গে যোগ করেছেন ২০১৮ বিশ্বকাপে চিলিকে কোয়ালিফাই করার বিষয়টিও, ‘প্রথমে মনে করেছিলাম ২০১৫ কোপার পরপরই দায়িত্ব থেকে সরে দাঁড়াব। কিন্তু আমার নতুন সিদ্ধান্ত চিলিকে আমি ২০১৮ বিশ্বকাপেও নিয়ে যেতে চাই।’
এদিকে একটি গুজব উঠেছে সাম্পাওলিকে নাকি কোচ হিসেবে পেতে চায় আর্জেন্টিনা। তাঁরও নাকি তেমনটাই ইচ্ছা। তবে তাঁর নতুন সিদ্ধান্তের পর পুরো বিষয়টিই গুজবের কারাগারেই বন্দী হয়ে থাকছে। এএফপি।