দিন বদলের ডাক দিলেন মেসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেসির একক প্রচেষ্টা যথেষ্ট হলো না বার্সেলোনার লিগ জেতার জন্য। ছবি: এএফপি
মেসির একক প্রচেষ্টা যথেষ্ট হলো না বার্সেলোনার লিগ জেতার জন্য। ছবি: এএফপি

ক্লাবের সম্মানের জন্য লড়ার কথা বলেছিলেন লুইস সুয়ারেজ। রিয়াল মাদ্রিদের শিরোপা জেতা প্রায় নিশ্চিত দেখে অন্তত নিজেদের দুই ম্যাচ জিতে মাথা উঁচু করে শেষ করতে চেয়েছিলেন লিগ। কিন্তু সেটা আর হলো কই? ঘরের মাঠেই হেরে বসেছে বার্সেলোনা। ওসাসুনার কাছে ২-১ গোলে হারের পর তাই বদলের ডাক দিয়েছেন লিওনেল মেসি।

গতকাল ম্যাচের ৯০ মিনিটের সময়ই বোঝা গিয়েছিল রিয়াল চ্যাম্পিয়ন হতে যাচ্ছে। একদিকে নিজেদের মাঠে এগিয়ে আছে রিয়াল। ওদিকে বার্সেলোনা সমতায়। রিয়াল শেষ মুহূর্তে গোল খেলেও তাই চ্যাম্পিয়ন হতো। সেখানে বার্সেলোনা উল্টো ৯৪ মিনিটে গোল হজম করে সব সন্দেহ দূর করল। লিগে ২০১৮ সালের পর এই প্রথম নিজেদের মাঠে হারল বার্সেলোনা। মজার ব্যাপার, কাল বার্সেলোনার ডাগআউটে যিনি ছিলেন, সেই কিকে সেতিয়েনই সেবার ছিলেন প্রতিপক্ষের ডাগআউটে।

এমনভাবে লিগ হাতছাড়া হওয়ার হতাশা লুকানোর কোনো চেষ্টা করেননি মেসি, 'মৌসুমটা এভাবে শেষ হোক আমরা চাইনি, কিন্তু এটা দেখিয়ে দিল এ মৌসুম কেমন গেছে। আমরা বারবার ভুল করেছি, খুবই দুর্বল ছিলাম, কোনো একাগ্রতা ছিল না। অনেক পয়েন্ট হারিয়েছি। আজকের ম্যাচটা পুরো মৌসুমের সারাংশ।'

এরপর ক্লাবে বদলের ডাক দিয়েছেন মেসি। শুধু খেলা বা খেলোয়াড় নয়, ক্লাব সংশ্লিষ্ট সবকিছুতেই পরিবর্তন চান মেসি, 'আমাদের নিজেদের সমালোচনা করতে হবে। খেলোয়াড়দের তো বটেই, বাকিদেরও। আমরা বার্সেলোনা এবং আমাদের সব জিততে হয়। মাদ্রিদ তাদের কাজ করেছে। বিরতির পর একটা ম্যাচও হারেনি। আমরা ওদের অনেক সাহায্য করেছি। আমরা অনেক পয়েন্ট হারিয়েছি যা হারানো উচিত ছিল না।'

মৌসুম এখনো শেষ হয়নি। এখনো চ্যাম্পিয়নস লিগ জেতার আশা আছে বার্সেলনার। আগস্টে নিজেদের মাঠে নাপোলির বিপক্ষে শেষ ষোলোর দ্বিতীয় লেগ বার্সেলোনার। প্রথম লেগ ড্র করায় মানসিকভাবে এগিয়ে থাকবেন মেসিরা। কিন্তু সবাইকে সতর্ক করে দিয়েছেন অধিনায়ক, 'যদি চ্যাম্পিয়নস লিগ জিততে চাই, আমাদের অনেক বদলাতে হবে। এভাবে খেললে নাপোলির কাছে হারব। সামনে একটা বিরতি আছে, আশা করি এটা আমাদের চিন্তা ভাবনা পরিষ্কার করতে সাহায্য করবে।'

চ্যাম্পিয়নস লিগকেই শেষ আশ্রয় মানছেন মেসি। গত কয়েক মৌসুম ধরে ইউরোপে দলের বাজে পারফরম্যান্স ক্লাব সমর্থকদের হতাশ করেছে। এবার সে গল্পটা পাল্টাতে পারলে সবাই লিগের ব্যর্থতা ভুলে যাবে বলেই ধারণা মেসির, 'জানুয়ারি থেকে এখন পর্যন্ত খুব বাজে সময় গেল। আমার মনে হয় চ্যাম্পিয়নস লিগে চারটি ম্যাচ আছে, সেগুলোতে সঠিক ফল পেলে আমরা পুরো মৌসুমের গল্পটাই পাল্টে ফেলতে পারি। ক্লাব সংশ্লিষ্টরা এ মৌসুমে যা হয়েছে তাতে ক্ষুব্ধ, এটাই স্বাভাবিক। খেলোয়াড়েরাও এমন। মানুষ সমালোচনা করবেই। রোমা বা লিভারপুলের বিপক্ষে হার সমর্থকদের হতাশ করেছে। মানুষের ধৈর্য শেষ হয়ে যাচ্ছে, কারণ আমরা তাদের কিছু উপহার দিতে পারছি না।'