দিনটাকে রঙিন করার স্বপ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই অধিনায়কেরই লক্ষ্য এক বিন্দুতে। দুজনই তাকিয়ে দলের অন্যতম বড় ভরসার দিকে। বাংলাদেশের অধিনায়ক মামুনুল  কথা বলছেন হেমন্তের সঙ্গে। প্রথম আলো
দুই অধিনায়কেরই লক্ষ্য এক বিন্দুতে। দুজনই তাকিয়ে দলের অন্যতম বড় ভরসার দিকে। বাংলাদেশের অধিনায়ক মামুনুল কথা বলছেন হেমন্তের সঙ্গে। প্রথম আলো

১০ হাজার লাল-সবুজ উত্তরীয় বানিয়েছে বাফুফে। আগে এলে আগে পাবেন ভিত্তিতে গ্যালারিতে ঢোকার মুখে বাফুফের কর্মীরা এগুলো হাতে তুলে দেবেন দর্শকদের। এই প্রথম এমন উদ্যোগের উপলক্ষটা বেশ বড়। বঙ্গবন্ধু স্টেডিয়ামকে আজ লাল-সবুজ রঙে রাঙিয়ে দেওয়ার চেষ্টারই অংশ এটা। সত্যিই সেটি ঘটলে কেমন হবে বলুন তো!
অসাধারণ, অনন্য। এই শব্দগুলোও মনে হচ্ছে যথেষ্ট নয়। কল্পনায় এমন ছবি আঁকা চলছে এখন। মাঠের লড়াইয়ে সেটিকে অর্থবহ করতে পারেন বাংলাদেশ দলের ফুটবলাররা। তাঁদের হাতেই আসল জাদুর কাঠি, দারুণ খেলে শ্রীলঙ্কাকে হারানোর পর যেটির ছোঁয়ায় ফুটবল অঙ্গনে প্রবহমান নতুন আশার তরী।
থাইল্যান্ডকে হারালেই বঙ্গবন্ধু কাপের ফাইনাল, বড় এক প্রাপ্তির হাতছানি দুয়ারে! ঘরের মাঠে চেনা পরিবেশে খেলা, স্টেডিয়ামে দর্শক উপচে পড়বে বলেই অনুমান। এই সেমিফাইনালটা দেশের ফুটবলে গভীর আগ্রহের বাতাবরণও তৈরি করে ফেলেছে দারুণভাবে।
থাইল্যান্ড তাতে জল ঢেলে দেওয়ার চেষ্টা করবে জানাই। উৎসবের আবহে বিষাদের সুর বাজিয়ে চাইবে নিজেরা ফাইনালের টিকিট কাটতে। দুই দেশের জাতীয় দলের ১৩ লড়াইয়ে বাংলাদেশের দুই জয় দুই ড্রয়ের বিপরীতে থাইল্যান্ডের জয় ৯টি। যদিও ফিফা র্যাঙ্কিংয়ে এতটা ব্যবধান নেই, থাইল্যান্ড ১৪৪, বাংলাদেশের ১৬৫। উপরন্তু এটি থাইল্যান্ডের অনূর্ধ্ব-২২ দল। জয় তাই বাংলাদেশের শুধু আকাঙ্ক্ষাই নয়, জেতা উচিত বলেও মনে করেন অনেকেই।
কোচ লোডভিক ডি ক্রুইফ অবশ্য এসব তত্ত্বকথায় নির্ভার নন। থাই দলটির শক্তি তাঁকে চিন্তায় ফেলেছে ঠিকই। তবে মামুনুলদের জয়ের ইচ্ছাশক্তিটা বাড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কা ম্যাচ, এটিকেই ফাইনালে যাওয়ার টনিক মানছেন কোচ। হোটেল সোনারগাঁওয়ে কাল সংবাদ সম্মেলনে ‘থাইল্যান্ড অনেক শক্তিশালী’ বলার পর ‘আমরা জেতার জন্য সব শক্তি নিয়ে ঝাঁপাব’ প্রতিজ্ঞা বারবারই ঝরল তাঁর কণ্ঠে।
শক্তি-সামর্থ্যের চুলচেরা বিশ্লেষণে সাবেক ‘শ্যামদেশ’ই অবশ্য এগিয়ে। এই টুর্নামেন্টে দুই ম্যাচে তাদের গোল ৬টি, বাংলাদেশের মাত্র একটি। গোলের রাস্তা থাই যুবারা ভালোই চেনেন। বাংলাদেশ এই জায়গায় বেশ পিছিয়ে।
যখন আসছে থাই যুবাদের গতির প্রসঙ্গ, বাংলাদেশ দল সমীহের চোখেই তাকাচ্ছে প্রতিপক্ষের দিকে। থাই দলটির সব বিভাগই গোছানো, সংগঠিত। বিপজ্জনক ফ্রি-কিক, কর্নারেও। ‘ডেড বল’ পরিস্থিতির ওপর তাই বাড়তি সতর্কতা স্বাগতিকদের।

থাইল্যান্ড অধিনায়ক পাকরন বাড়তি কিছু চাইছেন মিডফিল্ডার চাওয়াতের কাছে l প্রথম আলো
থাইল্যান্ড অধিনায়ক পাকরন বাড়তি কিছু চাইছেন মিডফিল্ডার চাওয়াতের কাছে l প্রথম আলো

দুই ফরোয়ার্ড অধিনায়ক পাকরন (৯ নম্বর জার্সি) ও পিমকুন জাতুরং (১১) গোলের নেশায় ওত পেতে থাকেন প্রতিপক্ষের বক্সে। টুর্নামেন্টে পাকরন দুটি গোল করেছেন পেনাল্টি থেকে। জাতুরংয়ের একটি। তথ্যটা অবশ্য বোঝাতে পারছে না দুই তরুণের আসল সামর্থ্যটা। বাংলাদেশ কোচ তা ভালোই জানেন বলে ম্যাচ পরিকল্পনার বড় অংশজুড়ে রাখছেন দুজনকে।
পাকরনের ওপরই চোখ থাকবে বেশি। থাইল্যান্ড অনূর্ধ্ব-২৩ দলের হয়ে সম্প্রতি এশিয়ান গেমসে খেলা এই স্ট্রাইকার নিজেও তেতে আছেন। ইংরেজি বলতে পারেন না, সংবাদ সম্মেলনে তাঁর থাই ভাষা তর্জমা করে দিলেন তরুণ কোচ ফমরাত চকতাভে। এর সারকথা, ‘আমরা জেতার সর্বাত্মক চেষ্টাই করব।’
সেই জয় সহজে আসবে, থাইল্যান্ড এমনটা ভাবছে না। স্বাগতিক দলের দর্শকের চাপ উপেক্ষা করবে কী করে! প্রসঙ্গটা উঠতেই কোচ ফমরাতের চোখ-মুখে রসিকতার ছলে একটু চিন্তার চাপও, ‘...ও ইয়েস, ক্রাউড...ইটস আ বিগ প্রেশার...বিগ প্রেশার...।’
অভিজ্ঞতায়ও পিছিয়ে থাই তরুণরা। মামুনুল, এমিলিরা কিন্তু আন্তর্জাতিক ম্যাচ খেলে ফেলেছেন অনেক। তবে জয়ের রসায়নে আরও অনেক কিছুর মিশ্রণ আবশ্যক। সব বিভাগের জ্বলে ওঠা, কম ভুল, দ্রুতগতির পাল্টা-আক্রমণ, গোলের সুযোগ কাজে লাগানো...এসব ঠিকঠাক হলে ফাইনালের স্বপ্নপূরণ হতেই পারে।
স্বপ্নের বৈঠা হাতে আছেন অনেকেই। যাঁরা হতে পারেন থাইল্যান্ডের জন্য বিপজ্জনক। থাই কোচ সবার নাম তো আর ওভাবে জানেন না, বাংলাদেশ দলের তিনটি জার্সি নম্বর ধরে ধরে বললেন, ‘১১ (সোহেল রানা), ৮ (মামুনুল), ১০ (হেমন্ত) আমাদের বিপদে ফেলতে পারে। বিশেষ করে নাম্বার টেন।’
শ্রীলঙ্কার সঙ্গে বাঁচা-মরার লড়াইয়ে বিশ্বমানের গোলই শুধু করেননি হেমন্ত, বাংলাদেশকে তুলে এনেছেন সেমিফাইনালে। আজও দিনটা রঙিন হয়ে উঠুক না তাঁর হাত ধরে!