
অপরাজিত থাকার স্বস্তি নিয়েই গত রাতে বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে ক্লাবে ফিরছে শেখ জামাল ধানমন্ডি। সাইফ স্পোর্টিংয়ের সঙ্গে ম্যাচটা থেকেছে গোলশূন্য। এই ড্রয়ে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনীর চেয়ে ৫ পয়েন্ট পিছিয়ে পড়ল সাইফ। চট্টগ্রাম আবাহনীর ঘাড়ের ওপর নিশ্বাস ফেলে এগোচ্ছে শেখ জামাল। চ্যাম্পিয়ন হওয়ার মতো দল না গড়েও এখন পর্যন্ত ২০ ম্যাচে ৬ জয় আর ২ ড্রয়ে ২০ পয়েন্ট। চট্টগ্রাম আবাহনীর ২২ এবং ঢাকা আবাহনী আর সাইফ ১৭ পয়েন্ট নিয়ে আছে এরপরই।
শেখ জামাল-সাইফ ম্যাচে জিততে পারত যে কেউ। সুযোগ আসে দুই দলের সামনেই। শেখ জামালের সামনে দুবার বাধা হয় বার। আবসারের একটা হেড লাগে বারে।
কাদা মাঠে আসলে পরিকল্পনা বাস্তবায়ন করে জয় তোলা খুবই কঠিন একটা ব্যাপার। তাই জিততে না পারলেও ড্র করে খুশিই দেখাল শেখ জামাল টেন্টকে। ৮৬ মিনিটে সরাসরি লাল কার্ড দেখেন শেখ জামালের ডিফেন্ডার খান মোহাম্মদ তারা, বাকি ৪ মিনিট গোল না খাওয়াও একটা স্বস্তি শেখ জামালের জন্য।
ফরাশগঞ্জ পারল না
দিনের প্রথম ম্যাচটাকে আকর্ষণীয় করে তুলেছিল অবনমন অঞ্চলে থাকা দুই দল আরামবাগ ও ফরাশগঞ্জ। পিছিয়ে পড়েও আরামবাগ ২-১ গোলে জয় তুলে আনন্দময় একটা সময়ই কাটিয়েছে। জয়সূচক গোলটা বুকোলা ওলালেকানের। পেছন থেকে আসা একটা লম্বা বল ধরে বক্সে ঢুকে ফাঁকা জালে পাঠান ঢাকা মাঠের পুরোনো এই নাইজেরিয়ান। ওই গোলের দায় নিতে হবে ফরাশগঞ্জের দুই ডিফেন্ডারকে। তাঁরা আয়েশিভাবে তাকিয়ে আশায় ছিলেন, গোলরক্ষক ছুটে এসে হয়তো বলটা ধরবেন। কিন্তু সে আশায় গুড়ে বালি। দুই ডিফেন্ডারের পেছন থেকে দ্রুত ছিটকে বেরিয়ে আগুয়ান গোলরক্ষককে কাটিয়ে বল জালে পাঠান বুকোলা, বাড়তি প্রশংসা তাঁর প্রাপ্যই।
মূলত ড্র হতে চলা ম্যাচটা বুকোলার চতুরতার কারণেই জিতল আরামবাগ। অষ্টম ম্যাচে এসে যেটি তাদের দ্বিতীয় জয়। ফরাশগঞ্জ জিতেছে শুধু একটি ম্যাচ, সেটিও ঢাকা আবাহনীর বিপক্ষে অঘটনের জন্ম দিয়ে। কাল চিনেদু গোল করে দ্বিতীয় জয়ের স্বপ্ন দেখান। কিন্তু মারুফুল হকের আরামবাগ তা মানবে কেন! গোল খেয়ে তেড়েফুঁড়ে আক্রমণে গিয়ে জুয়েল গোল করলে স্বস্তি ফেরে গ্যালারিতে আরামবাগ সমর্থকদের মধ্যে।
তবে নিরাশ হয়েছেন ফরাশগঞ্জের সমর্থকেরা। কাল হঠাৎ করে একদল সমর্থক এসে হাজির। নেতৃত্বে ক্লাবের শীর্ষ কর্মকর্তারা। এর মধ্যেই ফরাশগঞ্জ ক্লাবের সহসভাপতি ঢাকা দক্ষিণের ভারপ্রাপ্ত মেয়র সরোয়ার হোসেন আলো ম্যাচ চলাকালে বঙ্গবন্ধু স্টেডিয়ামে ঢুকে পড়েন একদল সঙ্গী নিয়ে। মাঠ দিয়ে হেঁটে তিনি ভিআইপি বক্সে যাচ্ছিলেন খেলা দেখতে। সঙ্গে ছিল অস্ত্রসহ দেহরক্ষী। বিরতির সময়ও ফরাশগঞ্জের এই কর্মকর্তা মাঠে যান। পেশাদার লিগ নামেই আসলে বলা হচ্ছে, এটির আসলে কোনো নিয়মকানুন নেই।
আজকের খেলা
মোহামেডান-রহমতগঞ্জ, শেখ রাসেল-বিজেএমসি
(বিকেল ৫টা ও সন্ধ্যা ৭-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)