দিবালা-ঝলকে উজ্জ্বল জুভেন্টাস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চেনা উদ্‌যাপনভঙ্গি। নিজেই এর নাম দিয়েছেন ‘দিবালামাস্ক’। পরশু নিজের সাবেক ক্লাবের বিপক্ষেও দুবার এমন উদ্‌যাপন করলেন জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা l রয়টার্স
চেনা উদ্‌যাপনভঙ্গি। নিজেই এর নাম দিয়েছেন ‘দিবালামাস্ক’। পরশু নিজের সাবেক ক্লাবের বিপক্ষেও দুবার এমন উদ্‌যাপন করলেন জুভেন্টাস স্ট্রাইকার পাওলো দিবালা l রয়টার্স

বড় ভুল সময়ে কথাটা বলেছিলেন পালের্মো সভাপতি মরিসিও জাম্পারিনি। জুভেন্টাসের সঙ্গে ম্যাচ ছিল পরশু, যে দলে আছেন দুই মৌসুম আগে পালের্মো ছেড়ে যাওয়া পাওলো দিবালা। সাবেক খেলোয়াড়কে নিয়েই জাম্পারিনি ম্যাচের আগের দিন বলেছিলেন, ‘ও নতুন মেসি। আর ওর দামও হওয়া উচিত ১৪০-১৫০ মিলিয়ন পাউন্ড।’

চাপ নয়, জাম্পারিনির বক্তব্যে বরং অনুপ্রাণিত হলেন দিবালা। নিজে আর্জেন্টাইন। কেন তাঁকে মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে, পরশু সেটির প্রামাণ্য খেলাও খেললেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। গোল করলেন দুটি, পালের্মোর বিপক্ষে জুভেন্টাস জিতল ৪-১ গোলে। জুভ কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির ভাষায় যেটি রেকর্ড টানা ষষ্ঠ ‘লিগ শিরোপার দিকে আরেক ধাপ এগিয়ে যাওয়া’। পরশুর জয়ে লিগে ২৫ ম্যাচ শেষে ৬৩ পয়েন্ট জুভেন্টাসের, এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা রোমার ১০ পয়েন্ট কম।

শিরোপা পরের কথা। তবে সেখানে পৌঁছাতে পারলে জুভেন্টাস বড় একটা ধন্যবাদ দেবে দিবালা-হিগুয়েইন জুটিকে। এবারই ৯০ মিলিয়ন ইউরোতে জুভেন্টাসে যোগ দেওয়া আর্জেন্টাইন সতীর্থের সঙ্গে মৌসুমের শুরুতে বোঝাপড়াটা ভালো হচ্ছিল না দিবালার। তবে যত সময় যাচ্ছে, ততই যেন একে অন্যের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। পরশু যা আরেকবার চোখে পড়ল। ৬৩ মিনিটে হিগুয়েইনের করা জুভেন্টাসের তৃতীয় গোলটি এসেছে দিবালার পাস থেকে, আবার ৮৯ মিনিটে দিবালার দ্বিতীয় ও জুভের চতুর্থ গোলটির নেপথ্যে আছে হিগুয়েইনের দুর্দান্ত ব্যাক ফ্লিক!

প্রথমার্ধেই অবশ্য দুই গোলে এগিয়ে যায় জুভেন্টাস। নিজেকে নতুন করে ফিরে পাওয়া ক্লদিও মার্কিসিও করেন প্রথম গোল। দ্বিতীয়টি দিবালার, দুর্দান্ত ফ্রিকিকে। সেটিও মেসিকে মনে করিয়ে দেওয়া। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শট মানবদেয়ালের ওপর দিয়ে ঢোকে পোস্টে। তবে এমন দুর্দান্ত জয়ের পরও ঠিক সন্তুষ্ট নন ২১ বছর বয়সী আর্জেন্টাইন, ‘লিগ জয়ের পথে অনেক বড় ধাপ এগিয়েছি আমরা, তবে আজ খুব একটা ভালো খেলিনি। পোর্তোর বিপক্ষে (বুধবার চ্যাম্পিয়নস লিগে) আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’

পোর্তোর সাবধানই হওয়া উচিত। ভালো না খেলেই ৪-১ গোলে জিতেছে জুভেন্টাস, ভালো খেললে কী হবে? রয়টার্স, গোলডটকম।