দিবালা-তেভেজ ছাড়াই কোপায় আর্জেন্টিনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোপা আমেরিকা, না অলিম্পিক? নেইমারকে নিয়ে কার্লোস দুঙ্গা এই প্রশ্নের মুখে পড়েছিলেন। এবার আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোকেও পড়তে হলো একই ঝামেলায়। জুভেন্টাসে দুর্দান্ত মৌসুম কাটানো পাউলো দিবালাকে শতবর্ষপূর্তি কোপার দলে না রাখার কারণ আর কী-ইবা হতে পারে?
গত পরশু ঘোষিত ২৩ সদস্যের আর্জেন্টিনা দলে চমক হয়ে এসেছে কার্লোস তেভেজের না থাকাও। এর বাইরে লিওনেল মেসির অধিনায়কত্বে আগুয়েরো, হিগুয়েইন, ডি মারিয়াসহ সব পরিচিত খেলোয়াড়ই দলে সুযোগ পেয়েছেন।
৩ জুন থেকে শুরু হচ্ছে কোপা, তার দুই মাস পরই অলিম্পিক। অবস্থাটা তাই দাঁড়িয়েছে অনেকটা ‘রেশন পদ্ধতি’র মতো, শতবর্ষপূর্তি বিশেষ কোপায় কিছু খেলোয়াড়, অলিম্পিকের দলে বাকিরা। মূলত অনূর্ধ্ব-২৩ খেলোয়াড়দের নিয়ে গঠিত অলিম্পিক দলে রাখবেন ভেবেই হয়তো ২২ বছর বয়সী দিবালাকে আর কোপার দলে রাখেননি মার্টিনো।
আর তেভেজের আর্জেন্টিনা দলে না থাকা তো ‘নিয়তি’ হয়ে দাঁড়িয়েছে। গত বছরের কোপায় সুযোগ পেলেও খুব বেশি সময় খেলতে পারেননি। জুভেন্টাস ছেড়ে তেভেজ এখন বোকা জুনিয়র্সে। ক্লাবটিকে এবার আর্জেন্টাইন লিগের শিরোপা এনে দিয়েছেন, নিয়ে গেছেন মহাদেশীয় টুর্নামেন্ট কোপা লিবার্তাদোরেসের সেমিফাইনালেও। তবু ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের ভাগ্যের শিকে ছিঁড়ল না। তাঁর বদলে আর্জেন্টাইন কোচ দলে জায়গা দিয়েছেন চীনের লিগে খেলা এজেকিয়েল লাভেজ্জিকে!
কোপা আমেরিকায় আর্জেন্টিনার সর্বশেষ সাফল্য ১৯৯৩ সালে। ২৩ বছরের অপেক্ষার শেষ টানতে আরও একবার মার্টিনোর ভরসা বার্সেলোনার হয়ে দুর্দান্ত মৌসুম কাটানো মেসি। আক্রমণভাগে আর্জেন্টিনা অধিনায়কের সঙ্গী সিরি ‘আ’তে রেকর্ড ৩৬ গোল করা গঞ্জালো হিগুয়েইন ও ম্যানচেস্টার সিটির হয়ে ইংলিশ লিগে ২৪ গোল করা সার্জিও আগুয়েরো। সূত্র: ইএসপিএন।
কোপা আমেরিকার আর্জেন্টিনা দল
গোলরক্ষক: রোমেরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গুজমান (তিগ্রে), আন্দুজার (এস্তুদিয়ান্তেস)।
ডিফেন্ডার: রনকাগলিয়া (ফিওরেন্টিনা), রোহো (ইউনাইটেড), ওটামেন্ডি (ম্যান সিটি), ফুনেস মোরি (এভারটন), মারকাদো (রিভার), জোনাথান মেইদানা (রিভার), ভিক্টর কেস্তা (ইনদিপেন্দিয়েন্তি)।
মিডফিল্ডার: মাচেরানো (বার্সেলোনা), অগুস্তো ফার্নান্দেজ (অ্যাটলেটিকো মাদ্রিদ), ক্রানেভিতার (অ্যাটলেটিকো), বানেগা (সেভিয়া), বিলিয়া (লাজিও), লামেলা (টটেনহাম), পাস্তোরে (পিএসজি)।
ফরোয়ার্ড: মেসি (বার্সেলোনা), হিগুয়েইন (নাপোলি), আগুয়েরো (ম্যান সিটি), ডি মারিয়া (পিএসজি), গাইতান (বেনফিকা), লাভেজ্জি (হেবেই ফরচুনে)।