দিবালা বোঝাচ্ছেন কেন তিনি 'মেসি'

পালের্মো সভাপতি মরিসিও জাম্পারিনি কী বুঝে কথাটা বলেছিলেন কে জানে। দুই মৌসুম আগে পালের্মো ছেড়ে যাওয়া পাওলো দিবালাকে নিয়ে বলে বসলেন, ‘ও নতুন মেসি। আর ওর দামও হওয়া উচিত ১৪০-১৫০ মিলিয়ন পাউন্ড।’
চাপ নয়, ম্যাচের আগে জাম্পারিনির এই বক্তব্যে বরং অনুপ্রাণিত হলেন দিবালা। নিজে আর্জেন্টাইন। কেন তাঁকে মেসির উত্তরসূরি ভাবা হচ্ছে, পরশু সেটির প্রামাণ্য খেলাও খেললেন ২১ বছর বয়সী ফরোয়ার্ড। গোল করলেন দুটি, সেটিও পালের্মোর বিপক্ষেই! জুভেন্টাস জিতল ৪-১ গোলে। সামনের দল-বদলে তাঁকে নিয়ে কাড়াকাড়ি হতেই পারে। দিবালার ওপর চোখ আছে রিয়াল-বার্সা দুদলেরই। কে জানে, দাম ১৪০ মিলিয়নের দিকে যেতেও পারে। তাহলে সবচেয়ে বেশি আফসোস নিশ্চয়ই হবে পালের্মোর! প্লাটিনামের রত্নটাকে কিনা মাত্র ৪০ মিলিয়ন ইউরোতে বেচেছিল পালের্মো!
পালের্মোর আফসোস নিশ্চয়ই সবচেয়ে বেশি বেড়েছে গত ম্যাচে, দিবালা-আগুনেই যখন পুড়তে হলো। জুভেন্টাসেও দারুণ জমে উঠেছে দিবালা-হিগুয়েইন জুটি। এবারই ট্রান্সফার ফির রেকর্ড গড়ে জুভেন্টাসে যোগ দেওয়া আর্জেন্টাইন সতীর্থের সঙ্গে মৌসুমের শুরুতে বোঝাপড়াটা ভালো হচ্ছিল না দিবালার। তবে যত সময় যাচ্ছে, ততই যেন একে অন্যের সঙ্গে মানিয়ে নিচ্ছেন। যা আরেকবার চোখে পড়ল। ৬০ মিনিটে হিগুয়েইনের করা জুভেন্টাসের তৃতীয় গোলটি এসেছে দিবালার পাস থেকে, আবার ৮৩ মিনিটে দিবালার দ্বিতীয় ও জুভের চতুর্থ গোলটির নেপথ্যে আছে হিগুয়েইনের দুর্দান্ত ব্যাক ফ্লিক!
প্রথমার্ধেই অবশ্য দুই গোলে এগিয়ে যায় জুভেন্টাস। নিজেকে নতুন করে ফিরে পাওয়া ক্লদিও মার্কিসিও করেন প্রথম গোল। দ্বিতীয়টি দিবালার, দুর্দান্ত ফ্রি কিকে। সেটিও মেসিকে মনে করিয়ে দেওয়া। বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত বাঁকানো শট মানবদেয়ালের ওপর দিয়ে ঢোকে পোস্টে। তবে এমন দুর্দান্ত জয়ের পরও ঠিক সন্তুষ্ট নন ২১ বছর বয়সী আর্জেন্টাইন, ‘লিগ জয়ের পথে অনেক বড় ধাপ এগিয়েছি আমরা, তবে আজ খুব একটা ভালো খেলিনি। পোর্তোর বিপক্ষে (বুধবার চ্যাম্পিয়নস লিগে) আমাদের এই দৃষ্টিভঙ্গি বদলাতে হবে।’ পোর্তোর সাবধানই হওয়া উচিত। ভালো না খেলেই ৪-১ গোলে জিতেছে জুভেন্টাস, ভালো খেললে কী হবে? রয়টার্স, গোলডটকম।