দিবালাকে সহজে পাচ্ছে না বার্সা-রিয়াল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জুভেন্টাসের জার্সিতে এমন দৃশ্য আরও অনেক দিন দেখা যাবে। ছবি: এএফপি
জুভেন্টাসের জার্সিতে এমন দৃশ্য আরও অনেক দিন দেখা যাবে। ছবি: এএফপি

পাওলো দিবালা যতই বলুন না কেন, ‘আমি পাওলো, মেসি নই’, ভক্ত বা বিশ্ব ফুটবল আপাতত তাঁকে দেখছে নতুন মেসি হিসেবেই। এই ফরোয়ার্ডকে ক্লাব সতীর্থ হিসেবে পেতে চাইছিলেন লিওনেল মেসি নিজেও। কিন্তু জুভেন্টাস কাজটা কঠিন করে ফেলল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ কিংবা অন্য যে কোনো ক্লাবের জন্যই। ২০২২ সাল পর্যন্ত দিবালার চুক্তি নবায়ন করে নিয়েছে জুভেন্টাস। 

১৮ বছর বয়সে পালের্মোতে যোগ দিয়েছিলেন দিবালা। পালের্মোর সভাপতি দিবালার প্রশংসা করতে গিয়ে বলেছিলেন, ‘এ হলো নতুন আগুয়েরো!’ কিছুদিন পরেই বোঝা গেছে প্রশংসাটা একটু কম হয়ে গেছে! ২০১৫ সালে ৩২ মিলিয়ন ইউরো দিয়ে ২১ বছরের দিবালাকে জুভেন্টাস কিনে নেওয়ার পর বোঝা গেছে, দিবালাকে যদি ‘নতুন কিছু’ বলতেই হয় তবে সেটা ‘নতুন মেসি’ বলাই ভালো।
এমন খেলোয়াড়কে পেতে কে না চায়? দিবালার দিকে লোভাতুর দৃষ্টি দিচ্ছিল বার্সেলোনা। মেসি নিজেই নাকি আর্জেন্টাইনের নতুন সেনসেশনকে ক্লাব সতীর্থ হিসেবে পেতে চাচ্ছেন। শোনা যাচ্ছিল রিয়াল মাদ্রিদের নামও। প্রিমিয়ার লিগের বেশ কিছু দলও ‘নতুন মেসি’কে দলে টানার জন্য ব্যাংক হিসাবটা নেড়েচেড়ে দেখছিল। ২৩ বছরের এই আর্জেন্টাইন ফরোয়ার্ডকে দলে পেতে নাকি ১০ কোটি পাউন্ডও (পল পগবার দলবদলের রেকর্ডের চেয়ে বেশি এ অঙ্কটা) খরচ করতে রাজি দলগুলো।
তবে জুভেন্টাস সে সুযোগটা কাউকে দিতে চাইছে না। দিবালা-ঝলকে বার্সেলোনাকে ৩-০ গোলে হারানোর আনন্দটা তাজা থাকতে থাকতেই সমর্থকদের আরেকটা খুশির সংবাদ দিল ক্লাব। বার্ষিক ৫৯ লাখ পাউন্ডের নতুন চুক্তিতে আরও পাঁচ বছরের জন্য দিবালাকে ধরে রাখল ইতালিয়ান চ্যাম্পিয়নরা। ক্লাবের ওয়েবসাইটকে দিবালা জানিয়েছেন, ‘এ ক্লাবে আছি, এতেই আমি খুশি ও গর্বিত। যা অর্জন করেছি তাতে আমি খুশি। এবং এ দল ও সমর্থকদের সঙ্গে আরও যা অর্জন করব সেটা আনন্দটা বারিয়ে দিচ্ছে।’
দিবালাকে পেতে আগ্রহী ক্লাবগুলোর সমস্যাটা আরও বাড়িয়ে দিচ্ছে চুক্তিতে কোনো রিলিজ-ক্লজ না থাকা। জুভেন্টাসের অনুমতি ছাড়া কোনোভাবেই দিবালাকে দলে টানার কোনো উপায় থাকল না বার্সেলোনা, রিয়ালসহ অন্যদের।