দিবালার আশা, দিবালার হতাশা

চলতি মৌসুমে জুভেন্টাসের জার্সি গায়ে দুর্দান্ত খেলেছেন, পাউলো দিবালাকে কোপা আমেরিকার আর্জেন্টিনা দলে না দেখাটা তাই বিস্ময়করই। তবে বেশির ভাগ বিশ্লেষকেরই ধারণা ছিল, হয়তো আগস্টে রিও অলিম্পিকে ২২ বছর বয়সী স্ট্রাইকারকে দলে রাখার পরিকল্পনা ঠিকই আছে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনোর। কিন্তু সেই সম্ভাবনাও এখন সংশয়াচ্ছন্ন। দিবালা যে নিজেই জানিয়েছেন, ক্লাব তাঁকে অলিম্পিকের জন্য না-ও ছাড়তে পারে।
৩ জুন শুরু হচ্ছে শতবর্ষপূর্তির বিশেষ কোপা, যে টুর্নামেন্টে দলের আক্রমণভাগে আর্জেন্টিনা কোচ জেরার্ডো মার্টিনো ভরসা রেখেছেন অভিজ্ঞদের ওপরই। লিওনেল মেসি, সার্জিও আগুয়েরো, গঞ্জালো হিগুয়েইনের সঙ্গে দলে নিয়েছেন চীনের লিগে খেলা এজেকিয়েল লাভেজ্জিকে। এ কারণেই অনেকে ধরে নেন, ব্রাজিল যেমন নেইমারকে অলিম্পিকে খেলানোর পরিকল্পনায় কোপায় রাখতে পারেনি, দিবালাকে নিয়ে আর্জেন্টিনার পরিকল্পনাও সে রকম।
নইলে তো পারফরম্যান্সের বিচারে দিবালাকে দলে না নেওয়ার কথা নয় আর্জেন্টিনা কোচের। এ মৌসুমে জুভেন্টাসের হয়ে ৪৬ ম্যাচে করেছেন ২৩ গোল। মৌসুমের প্রথম দিকে পথ হারিয়ে ফেলা জুভেন্টাস যে শেষে এমন দুর্দান্ত খেলে লিগ জিতল, গতকাল এসি মিলানকে হারিয়ে জিতল ইতালিয়ান কাপও, এতে বড় অবদান দিবালার। স্বাভাবিকভাবেই আলো পড়ছে তাঁর ওপর।
কিন্তু ফিফার নিয়ম অনুযায়ী, অলিম্পিকের জন্য কোনো খেলোয়াড়কে ছাড়তে বাধ্য নয় ক্লাব। সেটা দিবালারও জানা। ডিরেক্ট টিভিকে আর্জেন্টাইন ফরোয়ার্ড তাই বলেছেন, ‘জুভেন্টাস আমাকে আগেই জানিয়ে রেখেছে, অলিম্পিকে আমি অংশ নিতে পারব না। এ কারণেই কোপার দলে থাকব আশা ছিল আমার।’
কোপায় ডাক না পেয়ে স্বাভাবিকভাবেই নিজের হতাশাটা লুকাননি তরুণ স্ট্রাইকার, ‘কোচের সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। এত এত অসাধারণ সব স্ট্রাইকার আছে তাঁর হাতে, তাই একটা আক্রমণভাগ দাঁড় করানো অনেক কঠিনই। তবে আমার খারাপ লাগছে এই ভেবে, জুভেন্টাস আমাকে রিও অলিম্পিকের জন্যও ছাড়বে না।’ সূত্র: গোলডটকম, ফোরফোরটু।