দিবালার কারণে আনন্দাশ্রু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাম্পারিনির জহুরি চোখই আর্জেন্টিনা থেকে ইতালিতে নিয়ে আসে দিবালাকে l ফাইল ছবি
জাম্পারিনির জহুরি চোখই আর্জেন্টিনা থেকে ইতালিতে নিয়ে আসে দিবালাকে l ফাইল ছবি

পাওলো দিবালা! চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাস-বার্সেলোনা কোয়ার্টার ফাইনালের প্রথম লেগটা হয়ে যাওয়ার পর ফুটবল-বিশ্বে সম্ভবত সবচেয়ে বেশি উচ্চারিত নাম।
বেশ কিছুদিন ধরেই জুভেন্টাসে আলো ছড়িয়ে যাচ্ছেন। তবে বার্সেলোনার বিপক্ষে ম্যাচটা দিয়েই যেন দিবালাকে নতুন করে চিনল ফুটবল-বিশ্ব! জোড়া গোল করে লিওনেল মেসি-নেইমার-সুয়ারেজদের ম্লান করে দিয়েছেন আর্জেন্টাইন ফরোয়ার্ড, জুভেন্টাস জিতেছে ৩-০ গোলে। জুভেন্টাস তো অবশ্যই খুশি, তবে এর চেয়েও বেশি খুশি বোধ হয় অন্য একজন, যিনি জুভেন্টাস বা আর্জেন্টিনার কেউ নন। মরিজিও জাম্পারিনি। এতটাই তিনি আপ্লুত যে দিবালাকে গোল করতে দেখে প্রায় কেঁদে ফেলেছিলেন!
কেন তাঁর কান্না আসছিল, এটা বলার আগে জাম্পারিনির পরিচয়টা দেওয়া যাক। এমনিতে ইতালির একজন ব্যবসায়ী তিনি, তবে একটা সময় ফুটবল-বিশ্ব তাঁকে চিনত ইতালিয়ান ক্লাব পালের্মোর চেয়ারম্যান হিসেবে। কোচ ছাঁটাই করা আর নতুন প্রতিভা খুঁজে বের করায় ‘বিশেষ খ্যাতি’ তাঁর। এ বছর ফেব্রুয়ারিতে নিজে পদত্যাগ করার আগে ১৫ বছরের ক্যারিয়ারে ৪০ জন কোচ ছাঁটাই করেছেন জাম্পারিনি! আবার জহুরির মতো তাঁর চোখই খুঁজে বের করেছে লুকা টনি, এডিনসন কাভানি, হাভিয়ের পাস্তোরেদের মতো প্রতিভা। এই তালিকায় দিবালার নামটাও যোগ করে নিন।
আর্জেন্টাইন ক্লাব ইনস্তিতুতো থেকে ২০১২ সালে দিবালাকে কিনেছিলেন জাম্পারিনি। ১৯ বছর বয়সী দিবালাকে তখন আসলেই কেউ চেনে না। কিন্তু জাম্পারিনি তাঁকে কিনেই বলেছিলেন, ‘আমরা নতুন সার্জিও আগুয়েরোকে পেয়েছি।’ পালের্মোয় দিবালার তিন মৌসুমের পারফরম্যান্স দেখেই ২০১৫ সালে তাঁকে ৩২ মিলিয়ন ইউরোয় কিনে নেয় জুভেন্টাস।
সেই দিবালা এখন মহাতারকা হওয়ার পথে। নিজের আবিষ্কারকে এভাবে আলো ছড়াতে দেখেই আবেগাপ্লুত জাম্পারিনি। বিশেষ করে বার্সেলোনার বিপক্ষে আর্জেন্টাইন ফরোয়ার্ডের পারফরম্যান্স তো মন ভরিয়ে দিয়েছে তাঁর, ‘বার্সার বিপক্ষে তাকে জোড়া গোল করতে দেখে আমি প্রায় কেঁদে ফেলেছিলাম। পাস্তোরে-কাভানির মতো ওকেও আমি খুঁজে বের করেছি। পরে এই ছেলেগুলোকে ইউরোপে সাফল্য পেতে দেখা আমার জন্য ভীষণ আবেগের।’
জাম্পারিনি তাঁর বন্ধু নাপোলি সভাপতি অরেলিওকে নাকি অনেক আগেই দিবালাকে কিনতে বলেছিলেন। কিন্তু তখন তাঁর পরামর্শ শোনেননি অরেলিও। ওই কথাটাই আবার অরেলিওকে মনে করিয়ে দিয়েছেন জাম্পারিনি, ‘আমি বার্সার বিপক্ষে ম্যাচটার পর তাকে খুদে বার্তা পাঠিয়েছি—যখন তোমাকে বলেছিলাম, তখন যদি দিবালাকে কিনতে, এত দিনে তোমরা সিরি ‘আ’ জিতে যেতে।’ ফুটবল ইতালিয়া।