দিল্লি ডাকছে মামুনুলকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মামুনুল ইসলাম
মামুনুল ইসলাম

গত বছর প্রথম ইন্ডিয়ান সুপার লিগে একটি ম্যাচও তাঁর খেলা হয়নি। অ্যাটলেটিকো ডি কলকাতা তাঁকে দলে নিয়ে পুরোটা সময় বসিয়েই রেখেছিল। এবারও ওই দলে খেলতে স্প্যানিশ কোচ হাবাস শর্ত দিয়েছিলেন একটি। স্পেনে গিয়ে খেলতে হবে, ওখানেই তাঁকে দেখবেন কোচ। কিন্তু ঘরোয়া ফুটবল রেখে স্পেন যাবেন না, এমন সিদ্ধান্তই জানিয়ে দেন মামুনুল ইসলাম।
যার অর্থ, আগামী ৩ অক্টোবর শুরু দ্বিতীয় ইন্ডিয়ান সুপার লিগে বাংলাদেশ জাতীয় দলের অধিনায়কের খেলার সম্ভাবনা ছিল কমই। ওটা যখন মন থেকে একরকম সরে গেছে, তখনই দিন দুয়েক আগে কলকাতার এক এজেন্ট যোগাযোগ করলেন শেখ জামাল ধানমন্ডির মিডফিল্ডারের সঙ্গে। ওই এজেন্টই কলকাতার দলে মামুনুলের নাম লেখাতে বড় ভূমিকা রাখেন। তিনিই জিজ্ঞেস করেন, বায়োডাটা তৈরি করা আছে? ‘না’বোধক উত্তর শুনে দেন তাগিদ, খুব দ্রুতই একটা বায়োডাটা পাঠাতে হবে তাঁর কাছে। যেটি দেওয়া হবে দিল্লি ডায়নামোস দলকে। গত বছর এই দলটি আলোচিত প্রথম ইন্ডিয়ান সুপার লিগে আট দলে পঞ্চম হয়েছিল—১৪ ম্যাচে ৪ জয়, ৪ ড্র ও ৬ হার।
শেখ জামাল ক্লাবে বসে মামুনুল কাল বললেন, ‘আমাকে তো তাড়াতাড়িই বায়োডাটা দিতে বলেছে, সব প্রস্তুত করেছি। দিল্লি ডায়নামোসে ওই বায়োডাটা পাঠিয়ে দেব দুই-এক দিনের মধ্যেই।’ নিজের ওপর বিশ্বাস রাখেন শতভাগ, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সেরা ফুটবলার তো এমনিই হননি। জাতীয় দলের গত কয়েকটি ম্যাচে মামুনুল নিজেকে প্রমাণ করেছেন, এও সবাইকে জানিয়ে দিতে পেরেছেন আন্তর্জাতিক স্তরে খেলার মতো যোগ্যতা তাঁর আছে।
কিন্তু একটা অতৃপ্তিতে ভোগেন সারাক্ষণ, ‘আমাদের দেশের বাইরে খেলা ভীষণ দরকার। কিরগিজস্তানের মতো দলের আট-নয়জনই খেলে ইউরোপে। আমাদের কোচ ডি ক্রুইফ সব সময়ই বলেন, “তোমরা বাইরে কোথাও খেলার চেষ্টা করো”।’ সেই চেষ্টাটা অন্যদের না থাকুক, মামুনুলের আছে, ‘চারদিকে বলে রেখেছি। থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুরে কথা বলা আছে।’ সুযোগ এলে অন্তত ট্রায়াল যাতে দিতে পারেন, সেই ব্যবস্থা করতে প্রবাসী পরিচিতজনদের অনুরোধও করে রেখেছেন।
এরই মধ্যে কলকাতা ইস্ট বেঙ্গল ক্লাবে তাঁকে সুযোগ করে দিতে যোগাযোগ করেছেন পরিচিত একজন। তিনি ইস্ট বেঙ্গলের এক নীতিনির্ধারকের সঙ্গে কথা বলে জানাবেন বলেছেন। মামুনুল সবাইকে একটা কথাই বলে আসছেন এবং বলছেন, ‘ট্রায়াল দিয়েই টিকতে চাই। যোগ্যতা দিয়ে খেলার সুযোগ করে নেব।’