দিশাহীন শেখ রাসেলের পঞ্চম হার

চার ম্যাচ টানা হারের পর পঞ্চম ম্যাচে বিজেএমসির সঙ্গে ড্র। ওই ড্র শেখ রাসেল ক্রীড়া চক্রকে নতুনভাবে উজ্জীবিত করবে ভেবেছিলেন অনেকে। কিন্তু সেটা হলো না। ষষ্ঠ ম্যাচে আজ আবার হারল এ মৌসুমে ঘরোয়া ফুটবলে সবচেয়ে বড় বাজেটের দল শেখ রাসেল। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ২-০ গোলে শেখ রাসেলকে হারিয়ে নিজেদের অগ্রযাত্রা ধরে রাখল মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র।
চট্টগ্রাম ও ময়মনসিংহে পাঁচ রাউন্ড শেষে প্রিমিয়ার লিগ ঢাকায় ফিরলেও ভাগ্য বদলায়নি শেখ রাসেলের। নইলে ১১ মিনিটে কেন ওভাবে রক্ষণের ভুলে তালে গোলে গোল খাবে দলটি! তৌহিদুলের বাড়ানো বল শেখ রাসেলের ডিফেন্ডার মিন্টু শেখ ক্লিয়ার করতে চাইলেন গাছাড়া ভাবে। বল তাঁর পায়ে লেগে জালে।
২৬ মিনিটে ২-০ করেন মুক্তিযোদ্ধার ফরোয়ার্ড জাবেদ খান। নাইজেরিয়ান স্ট্রাইকার কোলো মুসার বাড়িয়ে দেওয়া বল জাবেদের প্লেসিংয়ে জালে। মুক্তিযোদ্ধা গোল পেতে পারত আরও কয়েকটি। মুসা ফাঁকা পোস্টেও বার দু-এক বাইরে মেরেছেন। একবার বল লেগেছে পোস্টে। মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টুর হিসাব অনুযায়ী, ‘গোল তো অন্তত ছয়টি হওয়া উচিত ছিল।’
কিন্তু শেখ রাসেল সেভাবে গোলের সুযোগই তৈরি করতে পারেনি। মৌসুমে এই প্রথম কোনো বিদেশি ছাড়া দল সাজান কোচ মারুফুল হক। কিন্তু স্থানীয় সুযোগ পেয়েও ব্যর্থ। একের পর এক ম্যাচ হেরে শেখ রাসেলও ব্যর্থ হচ্ছে।
দিশাহীন শেখ রাসেলের পয়েন্ট ছয় ম্যাচে মাত্র এক। সমান ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে মুক্তিযোদ্ধা আপাতত পয়েন্ট টেবিলের শীর্ষে। এক ম্যাচ কম খেলে ১১ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চট্টগ্রাম আবাহনী।