দিয়াবাতের পেনাল্টি মিসের খেসারত দিল মোহামেডান

ম্যাচে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেননি চট্টগ্রাম আবাহনীবাফুফে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনটা মোটেও সোলেমান দিয়াবাতের ছিল না। না হলে কি আর এভাবে পেনাল্টি পেয়েও গোল হাতছাড়া করেন! একেবারে ফাঁকায় বল পেয়েও পোস্টে বল মারেন? মোহামেডানের মালির ফরোয়ার্ড দিয়াবাতে বঙ্গবন্ধু স্টেডিয়ামে জ্বলে উঠতে পারেননি আজ। তবু চট্টগ্রাম আবাহনীর সঙ্গে দু–দুবার পিছিয়ে পড়েও সমতায় ফিরেছে মোহামেডান স্থানীয় ফুটবলারদের গোলের সুবাদে। শেষ পর্যন্ত চট্টগ্রামের ক্লাবটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছে মোহামেডান।
চট্টগ্রাম আবাহনীর ১টি করে গোল করেছেন চার্লস দিদিয়ের ও চিনেদু ম্যাথিউ। মোহামেডানের একটি গোল জাফর ইকবালের, অন্যটি আমির হাকিম বাপ্পীর। মাঠে বসে আজ খেলা দেখেছেন জাতীয় দলের কোচ জেমি ডে। স্থানীয় ফুটবলারদের পায়ে গোল দেখে নিশ্চয়ই কিছুটা হলেও ভালো লেগেছে এই ব্রিটিশ কোচের।

পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হয়েছেন মোহামেডানের দিয়াবাতে (১০ নম্বর)
বাফুফে

মাঠের বাইরে লড়াইটা ছিল মূলত দুই কোচেরও। মোহামেডানের শন লেন এবং চট্টগ্রাম আবাহনীর মারুফুল হক—দুজনই অলআউট খেলাতে পছন্দ করেন। তাই আজকের ম্যাচটি আক্রমণ আর পাল্টা আক্রমণে বেশ উপভোগ্যই হয়ে ওঠে।
মোহামেডানের আক্রমণের সবচেয়ে বড় ভরসা দিয়াবাতে। লিগে এ পর্যন্ত মোহামেডান প্রতিপক্ষের জালে দিয়েছে ৩৪ গোল, এর ১৩টি গোলই দিয়াবাতের। তবে এদিন দিয়াবাতেকে বেশির ভাগ সময়ই বোতলবন্দী করে রাখেন চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডাররা। তবে আরেক ফরোয়ার্ড ইয়াসান আউচিং মাঝেমধ্যে চেষ্টা করেছেন। কিন্তু ফিনিশিংয়ের দুর্বলতায় গোল হয়নি।
চট্টগ্রাম আবাহনীর আক্রমণটা গড়ে ওঠে চার্লস দিদিয়ের ও চিনেদু ম্যাথিউর যুগলবন্দীতে। এই দুজন মাঝেমধ্যেই ভয়ঙ্কর হয়ে উঠেছেন। ম্যাচের ৬ মিনিটে দিদিয়েরের গোলটা সেই আক্রমণেরই ফল। বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের ফ্রি কিক, একেবারে অরক্ষিত দিদিয়েরের হেডে ১-০ তে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী।

চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের ম্যাচের একটি মুহূর্ত
বাফুফে

পিছিয়ে পড়া মোহামেডান গোল বের করার প্রাণপণ চেষ্টা করে গেছে। দুই উইং দিয়ে সমানে আক্রমণে উঠেছেন দিয়াবাতে, শাহেদ মিয়ারা। আর ২২ মিনিটে দিয়াবাতের এমন একটা আক্রমণ থেকেই কর্নার আদায় করে মোহামেডান। শাহেদ মিয়ার কর্নার থেকে উড়ে আসা বলে মাথা ছুঁয়ে মোহামেডানকে প্রথমবার সমতায় ফেরান জাফর ইকবাল। কিন্তু সেই স্কোরলাইন ধরে রেখেছিল মাত্র দুই মিনিট। ২৪ মিনিটে ম্যাথিউ করেছেন ২-১। এবার বলের জোগানদাতা দিদিয়ের।
চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডার শওকত রাসেলের হ্যান্ডবলে ম্যাচের ৩৮ মিনিটে পেনাল্টি পায় মোহামেডান। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে পারলেন না দিয়াবাতে। দুর্বল শট বাম দিকে ঝাঁপিয়ে পড়ে ঠেকান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক মোহাম্মদ নাইম।

চট্টগ্রাম আবাহনী ও মোহামেডানের ম্যাচের একটি মুহূর্ত
বাফুফে

বিরতির পর মোহামেডানের মিডফিল্ডার অনিক হোসেনের বদলি হিসেবে মাঠে নামেন আমির হাকিম বাপ্পী। এরপর গতিও বেড়েছে মোহামেডানের খেলায়। দ্বিতীয়ার্ধের শুরু থেকেই মোহামেডানের আক্রমণে জেরবার অবস্থা চট্টগ্রাম আবাহনীর ডিফেন্ডারদের। বিরতির পর ২০ মিনিটে ছয়বার কর্নার আদায় করেছে মোহামেডান! এর মধ্যে ৬০ মিনিটে পঞ্চম কর্নার থেকে মোহামেডান করেছে ২-২। শাহেদ মিয়ার কর্নার প্রথম চেষ্টায় ফিস্ট করে ফেরান চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাঈম। কিন্তু ফিরতি বলটি ম্যাথিউ ভালোভাবে ক্লিয়ার করতে পারেননি। বক্সের বাইরে আসা বলে বাপ্পী জোরালো শটে গোল করতেই উচ্ছ্বাসে ভেসে ওঠে মোহামেডান।

ম্যাচের ৭৪ মিনিটে অবশ্য এগিয়েই যেতে পারত মোহামেডান। কিন্তু শাহেদ মিয়ার শট চট্টগ্রাম আবাহনীর গোলরক্ষক নাঈম ফিস্ট করে ফেরালেও সামনে দাঁড়ানো দিয়াবাতে মিস করেন। তিনি হেড করে সাইডপোস্টে মারলেন বল! আর শেষ বাঁশি বাজার সামান্য আগে চট্টগ্রাম আবাহনীর রাকিব হোসেনের শট পোস্টে লেগে ফেরে। এই গোলটা হলে পুরো ৩ পয়েন্ট নিয়েই ফিরতে পারত চট্টগ্রাম আবাহনী।
আগের ম্যাচেই রহমতগঞ্জের কাছে ২-০ গোলে হারা চট্টগ্রাম আবাহনী শেষ পর্যন্ত ১ পয়েন্টেই সন্তুষ্ট থেকেছে। এই ড্রয়ে ২৩ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের চারে চট্টগ্রাম আবাহনী। বিপরীতে ২২ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে মোহামেডান পাঁচে।