মাত্র কয়েক দিন আগে অভিষেক হয়েছে। ১৮ বছর বয়সী ক্যামেরন বর্থউইক-জ্যাকসনকে কজনই বা চেনেন? ম্যানচেস্টার ইউনাইটেডের পাঁড় ভক্ত হলে অবশ্য চিনতে পারেন। কিন্তু তাঁরাও হয়তো জানেন না, এর মধ্যেই একটা রেকর্ড করে ফেলেছেন এই ডিফেন্ডার। আরেকটু নির্দিষ্ট করে বললে, ছাড়িয়ে গেছেন বাস্তিয়ান শোয়েনস্টাইগারকে। বর্থউইক-জ্যাকসনের নাম লিখতে বর্ণ লাগে ২৩টি! ম্যানচেস্টার ইউনাইটেডের ইতিহাসে আর কোনো খেলোয়াড়ের নাম লিখতে এত বেশি বর্ণ লাগেনি। আগের ‘রেকর্ড’ ছিল শোয়েনস্টাইগারের। ইউনাইটেডের জার্মান উইঙ্গারের নাম লিখতে ইংরেজিতে দরকার হয় ২১টি বর্ণ। এরও আগে রেকর্ডটি ছিল পাঁচজনের, যাঁদের নাম লিখতে দরকার হতো ১৮টি বর্ণ। এর মধ্যে আর্জেন্টিনার হুয়ান সেবাস্টিয়ান ভেরন ও নরওয়ের ওলে গানার সোলকায়েরকে অনেকেই চিনবেন। বর্থউইক-জ্যাকসনের অবশ্য আরেকটা ‘কীর্তি’ও হয়ে গেছে, প্রিমিয়ার লিগের ইতিহাসেই সবচেয়ে বড় নাম তাঁর! মেট্রোডটকম।