দীর্ঘ হচ্ছে 'নেইমার-সুয়ারেজ' আখ্যান

বার্সেলোনার সর্বশেষ ২১ গোলের ১৮ গোলই এসেছে নেইমার-সুয়ারেজের যুগলবন্দীতে। লিওনেল মেসির অনুপস্থিতিতে বার্সেলোনার প্রাণভোমরা কারা হয়ে উঠেছেন, এ কথা বলার জন্য এই এক পরিসংখ্যানই যথেষ্ট। যত দিন গড়াচ্ছে নেইমার-সুয়ারেজ রসায়ন যেন পরিণত হচ্ছে দারুণ এক কাব্যগাথায়। বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে বাতে বরিসভের বিপক্ষেও এই লাতিন রসায়নেই বড় জয় বার্সেলোনার।
৩-০ গোলের এই জয়ে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলো প্রায় নিশ্চিত লুইস এনরিকের দলের। ম্যাচে পেনাল্টি থেকে প্রথমে দলকে এগিয়ে দিয়েছিলেন নেইমার। দ্বিতীয়ার্ধে নেইমারের পাস থেকেই সুয়ারেজ দলের দ্বিতীয় গোলটি করেন। বার্সেলোনার তৃতীয় গোলটি আসে নেইমারের কাছ থেকেই। তবে এ ক্ষেত্রে সহায়ক-শক্তি হয়েছিলেন সুয়ারেজই।
বড় জয়ে স্বস্তি থাকলেও এই ম্যাচ থেকে একটা অস্বস্তি নিয়েই ফিরতে হচ্ছে কোচ লুইস এনরিকেকে। ঊরুর মাংসপেশিতে টান লাগায় ইভান রাকিতিচকে হারাতে হচ্ছে ‘এল ক্লাসিকো’ মহারণে।
বুধবারের ম্যাচে রাজনীতিও একটা বড় জায়গা জুড়ে ছিল। আগের ম্যাচে কাতালান পতাকার জন্য উয়েফা জরিমানা করেছিল বার্সেলোনাকে। এরই প্রতিবাদ জানাতে গিয়ে ন্যু ক্যাম্পে কাল যেন মেলা বসেছিল কাতালান ঝান্ডার। প্রতিবাদী কর্মীরা দর্শকদের প্রায় সবাইকেই বিনামূল্যে বিতরণ করেছেন কাতালান জাতীয়তাবাদের এই প্রতীক। গ্যালারিতে একটা বিশাল ব্যানারও ঝুলিয়ে দেওয়া হয়েছিল। তাতে ছিল কাতালান স্বাধীনতা আন্দোলনকে ‘সম্মান’ জানানোর আবাহন। চ্যাম্পিয়নস লিগ-সংগীত বেজে ওঠার মুহূর্তে দর্শকেরা শিষ বাজিয়ে করেছেন বিদ্রূপ। এই ঘটনায় ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কী ব্যবস্থা নেয়, দেখার বিষয় এখন এটিই।
খেলা মাঠে গড়ানোর সঙ্গে সঙ্গেই অবশ্য খেলাই ছিল সকলের মনোযোগের কেন্দ্রে। আরও মনোযোগের কেন্দ্রে ছিলেন নেইমার। ছিলেন সুয়ারেজও। খেলা শুরুর ৪ মিনিটের মাথাতেই এগিয়ে যেতে পারত বার্সেলোনা। কিন্তু নেইমারের একটি উঁচু করে দেওয়া পাস থেকে বল লক্ষ্যে পাঠাতে ব্যর্থ হন সুয়ারেজ। এর কিছু পরেই একটি সুযোগ নষ্ট করেন নেইমার। তাঁর শট নেওয়ার মুহূর্তে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বাকে গোলরক্ষক সের্গেই চারনিক।
বড় কিছুর মঞ্চটা খুব ঠান্ডা মাথায় বার্সা যখন তৈরি করে নিচ্ছিল, ঠিক তখনই রাকিতিচের আঘাত দলকে বেশ বিপদে ফেলে দেয়। ঊরুর পেশিতে টান লাগায় মাঠ ছাড়তে হয় রাকিতিচকে। পরে জানা গেছে তিনি নাকি মোটামুটি ১৭-১৮ দিনের জন্যই চলে গেলেন মাঠের বাইরে।
রাকিতিচের বদলে মাঠে নামা মুনির এল হাদ্দাদি খুব খারাপ করেননি। দীর্ঘ এক বছর ধরে কোনো গোল পাচ্ছেন না হাদ্দাদি—এমন চাপের মধ্যে থেকেও কালকের ম্যাচটাতে নিজের প্রভাব বিস্তার করতে পেরেছিলেন তিনি। সুয়ারেজের ক্রস থেকে আরাধ্য গোলটা প্রায় পেয়েই গিয়েছিলেন এই স্প্যানিশ। তবে বেরসিকের মতো তাতে বাধা হয়ে দাঁড়ান বাতের নেমেনজা মিলোনুভিচ। তবে এল হাদ্দাদিকে বক্সের মধ্যে ফেলে দিলেন পেনাল্টি পায় বার্সা। সেই পেনাল্টি থেকেই নিজের প্রথম গোলে দলকে এগিয়ে নেন নেইমার।
পেনাল্টি গোলে এগিয়ে যাওয়ার পর বার্সার সামনে ব্যবধান আরও বাড়ানোর কয়েকটি সুযোগ এসেছিল। প্রথমবার নেইমারের বাড়ানো বলে আদ্রিয়ানোর শটটি বাইরের পোস্টে লেগে প্রতিহত হয়। এরপর দানি আলভেসের ক্রস থেকে নেইমারের হেড চলে যায় বার উঁচিয়ে।
ম্যাচের ৬০ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় বার্সা। বাম দিক দিয়ে বাড়ানো নেইমারের ক্রস থেকে বাতের এক ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে বল জালে পাঠিয়ে দেন সুয়ারেজ। এর কিছুক্ষণ পর আবারও নেইমারের শটে কেঁপে ওঠে বাতের রক্ষণ। কিন্তু গোল আসেনি। গোলরক্ষক সের্গেই এ ক্ষেত্রে প্রশংসা পেতেই পারেন।
৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলে খেলার ব্যবধান ৩-০ করেন নেইমার। ডান দিক দিয়ে এগিয়ে এসে সুয়ারেজের বাড়ানো দুর্দান্ত এক থ্রু ধরে নিখুঁত ফিনিশিংয়ের নিদর্শন রাখেন ব্রাজিলীয় তারকা। ম্যাচের বাকি সময়টা হেসে-খেলে কাটিয়ে দিতে খুব একটা বেগ পেতে হয়নি বার্সেলোনার। এই জয়ে ইউরোপ-সেরার লড়াইয়ে বর্তমান চ্যাম্পিয়নরা নিজেদের অবস্থানকে আরও সুদৃঢ় করল। গ্রুপ ‘ই’তে দ্বিতীয় স্থানে থাকা রোমাকে তারা পেছনে ফেলল ৫ পয়েন্টের ব্যবধানে। যদিও দিনের অপর ম্যাচে বেয়ার লেভারকুসেনকে ৩-২ গোলে হারিয়েছে রোমা। সূত্র: এএফপি।