প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দল একের পর এক ম্যাচ হারছে। কাঁহাতক এই দুর্দশা সহ্য করা যায়? টমাস ফিল্ডিংয়ের তাই ধৈর্যচ্যুতি ঘটল। ক্লাব কর্তৃপক্ষের কাছে চিঠি লিখল, সে ক্লাবের কোচ হতে চায়। তা ফিল্ডিংয়ের একেবারেই অভিজ্ঞতা নেই তাও নয়, স্থানীয় ক্লাব অক্সফোর্ড গ্রোভের হয়ে ফুটবল খেলেছে সে। সমস্যা হচ্ছে, তার বয়সটা ‘একটু’ কম, মাত্র ৯ বছর! ইংল্যান্ডের দ্বিতীয় বিভাগের ক্লাব বোল্টন ওয়ান্ডারার্সের পাঁড় ভক্ত টমাস। কিন্তু এই মৌসুমে অবনমন এড়াতে লড়ছে বোল্টন। টমাস নিজের চিঠির সঙ্গে লিখেছে, ‘আমি জানি আমার বয়স কম, আমাকে তাই কমেই পাওয়া যাবে।’ বোল্টন অবশ্য টমাসের এই ‘আবদার’ রাখতে পারেনি, কিন্তু এত বড় একজন ভক্তের জন্য একটা উপহার ঠিকই পাঠিয়েছে। ক্লাবের নতুন কোচ নিল লেনন টমাসের বাড়িতে আচমকা হাজির হয়ে চমকে দিয়েছেন তাকে! দ্য মিরর।