দুঃখ ভোলা হলো না ফ্রান্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চটা সাজানোই ছিল মাহেন্দ্রক্ষণের জন্য। স্তাদ দো ফ্রান্সে নীলের উচ্ছ্বাসে ভাসবে, অমরাবতী প্যারিস মাতবে উৎসবে। আইফেল টাওয়ারের নিচে ৯০ হাজার ভক্ত অপেক্ষায় ছিলেন। বিজয়রথের জন্য ছাদখোলা বাস তৈরি ছিল। আসলে অপেক্ষায় তো ছিল গোটা ফ্রান্সই। কিন্তু শেষ পর্যন্ত প্যারিসকে স্তব্ধ করে ট্রফি উঠল পর্তুগালের হাতে। ফ্রান্স কোচ দিদিয়ের দেশমও স্বীকার করে নিলেন, এই হতাশা ভুলতে তাঁদের অনেক সময় লাগবে।

২০১০ বিশ্বকাপে ওই ‘গৃহযুদ্ধে’র পর ফ্রান্সের ফুটবলে অশনিসংকেত দেখে ফেলেছিলেন অনেকে। এরপর নতুন প্রজন্ম আবার শুনিয়েছে আশার জয়গান। পগবা, গ্রিজমান, পায়েতদের ফ্রান্সকে টুর্নামেন্ট শুরুর আগেই অনেকে ফেবারিট মেনেছিলেন। সবকিছুই চলছিল ফরাসিদের প্রত্যাশা অনুযায়ী। কিন্তু তরিটা ডুবল তীরে এসে। দেশমও তাই ডুবে যাচ্ছেন অতলান্ত বিষাদে, ‘আমরা খুবই হতাশ। এই হারটা হজম করতে অনেক সময় লাগবে। অনেক বড় একটা সুযোগ আমরা হাতছাড়া করেছি।’ তবে বেদনার বালুচরে দাঁড়িয়ে দেশম ‘নতুন’ ফ্রান্সকে বাঁধতে চাইলেন এক সুতোয়, ‘আমরা একসঙ্গে জিতেছি, একসঙ্গে বেদনা ভাগ করে নিয়েছি, একসঙ্গেই হেরেছি।’

অথচ এ জয়টা খুব করেই দরকার ছিল ফ্রান্সের। প্যারিসের রাজপথে গত নভেম্বরে ভয়ংকর সন্ত্রাসী হামলার রক্ত এখনো শুকায়নি। ছবির দেশের রঙিন ক্যানভাসে লেগেছিল রক্তের লাল ছোপ। ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাঁদ ফাইনালের আগেই বলেছিলেন, প্যারিসের ওই দুঃস্বপ্ন ভোলার জন্য একটা উপলক্ষ দরকার ফ্রান্সের। নিজেদের মাটিতে ইউরো জয়ের চেয়ে ভালো টনিক আর কিছু হয় না, মনে করে দিয়েছিলেন ওলাঁদ।

শঙ্কা ছিল টুর্নামেন্ট শুরুর আগেও। উগ্রপন্থী জঙ্গি সংগঠন আইএসের হামলার লক্ষ্যবস্তু ইউরো—এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছিল জোরেশোরে। কিন্তু ইউরো শুরুর পর একটু একটু করে আতঙ্কের বিষবাষ্প উবে গেছে কর্পূরের মতো, বাতাসে ছড়িয়েছে ফুটবলানন্দের মৌতাত। প্যারিস তাই বুক বেঁধেছিল, জয়ের আনন্দেই ভুলবে সাত মাস আগের ওই অমেয় শোক। অর্থনৈতিক সংকট, শ্রমিকদের ধর্মঘট, বন্যার প্রকোপ—সবকিছুই একটু একটু করে আড়ালে চলে যাচ্ছিল। পরাজয়ের হাহাকার ফ্রান্সের জন্য কতটা বড় বেদনার মতো বেজেছে, সেটা বোঝা যাচ্ছে ফরাসি নাগরিক লাজারো দে সান্তানার কথা থেকে, ‘ওই আক্রমণ, প্রতিবাদ, অর্থনৈতিক সংকট...আমাদের এত কিছু সইতে হয়েছে, স্বস্তির নিশ্বাস ফেলার জন্য একটা কিছু খুব করে দরকার ছিল আমাদের।’

কিন্তু ফুটবল যে বড় নিষ্ঠুর। ফ্রান্সের উৎসবের অপেক্ষাটাও তাই আরও বাড়ল। এএফপি, রয়টার্স।