দুঃসময়ে জাহিদের একটু আনন্দ

অধিনায়ক হিসেবে সেই রাতটি ছিল উদ্যাপনের। কিন্তু স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দটা নিমেষেই বিষাদে রূপ নিয়েছিল জাহিদ হোসেনের কাছে। চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জাহিদের কাছে সেই রাতটা ছিল দুঃস্বপ্নের। ৭ মে রাতেই তিনি খবর পান, বাবা লিয়াকত আলীর ফুসফুসে ক্যানসার ধরা পড়েছে। এরপর দিন নেই, রাত নেই হাসপাতাল, পরীক্ষা-নিরীক্ষা, ওষুধ ও চিকিৎসকের পেছনে দৌড়াদৌড়ি করেই সময় কাটছে জাতীয় ফুটবল দলের উইঙ্গারের।
বাবাকে নিয়ে আগামীকাল ভারতে যাচ্ছেন। তবে যাওয়ার আগে একটা সুসংবাদই পেলেন। জাতীয় দলে শৃঙ্খলাভঙ্গের দায়ে এক বছরের জন্য নিষিদ্ধ হওয়া জাহিদের নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ফুটবল ফেডারেশন। মিডফিল্ডার মামুনুল ইসলাম ও সোহেল রানার পর পরশু নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলল জাহিদেরও।
মামুনুলদের ছাড়াই এশিয়ান কাপের বাছাইপর্বে ওঠার প্লে-অফ ম্যাচের জন্য অনুশীলন শুরু করেছিল জাতীয় দল। নিষেধাজ্ঞা ওঠার পর মামুনুল ও সোহেল ক্যাম্পে ফিরেছেন। জাহিদের ফেরার পথেও কোনো বাধা নেই। কিন্তু তাজিকিস্তানের সঙ্গে ২ ও ৭ জুনের প্লে-অফের ম্যাচে জাহিদ হয়তো খেলতে পারবেন না, ‘খুব কষ্টের সময় কাটাচ্ছি। এই অবস্থায় নিষেধাজ্ঞা উঠে যাওয়ার খবর
পেয়ে ভালোই লাগছে। কিন্তু এখন ক্যাম্পে যোগ দেওয়ার চেয়ে বাবার পাশে থাকাটাই জরুরি আমার কাছে।’
মিরপুরের একটি হাসপাতালে আপাতত চিকিৎসা চলছে জাহিদের বাবার। চিকিৎসকের পরামর্শে মুম্বাই যেতে হচ্ছে। আজ ভিসা মিললে আগামীকালই চাপবেন ভারতের বিমানে।
সন্তান হিসেবে কর্তব্যবোধই তাঁকে টেনে নিয়ে যাচ্ছে বাবার পাশে। তবে জাতীয় দলের প্রতি দায়িত্ববোধও তাঁকে টানে, ‘জাতীয় দলই একজন খেলোয়াড়ের আসল পরিচয়। জাতীয় দলে খেলি বলেই এত পরিচিতি। ক্লাব হয়তো টাকা দেয়, কিন্তু জাতীয় দলে খেলার আনন্দই আলাদা।’ ৮ মে ক্ষমা চেয়ে বাফুফেকে চিঠি দিয়েছিলেন জাহিদ। এখন নিষেধাজ্ঞামুক্ত হয়ে তাকাচ্ছেন সামনের দিকে, ‘এখন আর ওই প্রসঙ্গে কথা বলতে চাই না। আমার আব্বা একজন মুক্তিযোদ্ধা। তাঁর রক্ত আমি পেয়েছি। আমি কী করতে পারি না-পারি, তা সবাই জানে। আমিও জানি। তবে ওই সময়ে কিছু ভুল হয়ে গিয়েছিল এবং তা স্বীকারও করেছি। এবার সামনের দিকে তাকাতে চাই।’