দুঃসময়ের নাগপাশে মরিনহো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিষণ্ন মরিনহো, অচেনা মরিনহো। নাকি এটাই চেলসি কোচের এখনকার চেনা ছবি? পরশু আপটন পার্কে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে l রয়টার্স
বিষণ্ন মরিনহো, অচেনা মরিনহো। নাকি এটাই চেলসি কোচের এখনকার চেনা ছবি? পরশু আপটন পার্কে ওয়েস্ট হামের বিপক্ষে ম্যাচে l রয়টার্স

ফুটবলীয় রণকৌশলে তিনি দারুণ দক্ষ। এতটাই যে, মাঝে মাঝে মনে হতে পারে ফুটবল মাঠ নয়, আসল রণক্ষেত্রটাই বুঝি তাঁর জায়গা। তিনি স্বঘোষিত ‘স্পেশাল ওয়ান’। অকপটে কথা বলতে ভয় পান না, ভয় পান না বিতর্কে জড়াতেও। আর সে কারণেই হোসে মরিনহোর গুণকীর্তনকারীর যেমন অভাব নেই, অভাব নেই শত্রু আর সমালোচকের।
এই মুহূর্তে অবশ্য শত্রু বা সমালোচকের চেয়ে বন্ধুই বেশি দরকার মরিনহোর। যেকোনো সময়ের চেয়ে বেশি। এমন দুর্দিন ক্যারিয়ারে আর কবে এসেছে মরিনহোর!
পরশু প্রিমিয়ার লিগে আরও একবার হারল মরিনহোর দল, এবার আপটন পার্কে ওয়েস্ট হামের বিপক্ষে ২-১ গোলে। লিগে দশম ম্যাচে এটা চেলসির পঞ্চম হার। সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে সর্বশেষ ৬ ম্যাচে মাত্র একটিই জয়। মৌসুমে ১৫ ম্যাচেই জয় মাত্র ৫টি! অথচ গত মৌসুমে ৫৪ ম্যাচের মাত্র ৪টিতে হেরেছিল মরিনহোর দল। সর্বশেষ ১৩ বছরে এর চেয়ে বাজেভাবে আর কোনো মৌসুম শুরু করেনি চেলসি। প্রিমিয়ার লিগের ইতিহাসেও এর চেয়ে বাজেভাবে মৌসুম শুরু করেনি আর কোনো চ্যাম্পিয়ন দল!
এখানেই শেষ নয়, পরশুর ওই ম্যাচে বিরতির সময় রেফারির সঙ্গে বিবাদে জড়িয়ে লাল কার্ডও দেখেছেন মরিনহো। লাল কার্ড দেখেছেন চেলসি মিডফিল্ডার নেমানিয়া মাতিচ ও মরিনহোর সহকারী সিলভিনো লরোও। কয়েক দিন আগেই চেলসির সাবেক চিকিৎসক ইভা কার্নেইরোকে গালমন্দ করে শিরোনাম হয়েছিলেন। জরিমানা গুনেছেন গত ৩ সেপ্টেম্বর প্রিমিয়ার লিগে সাউদাম্পটনের কাছে ৩-১ গোলে হারের পর রেফারির সমালোচনা করে, পেয়েছেন এক ম্যাচের স্থগিত নিষেধাজ্ঞাও। দুঃসময়ের নাগপাশ যেমন চারপাশ থেকেই ঘিরে ধরেছে মরিনহোকে।
এমনিতে যত বাজে অবস্থাই হোক দলের, তাঁর মুখ বন্ধ থাকে না। সংবাদ সম্মেলনে এসে কথার তির ছুড়ে দেন অনেকের দিকে। ম্যাচ ছাপিয়ে মাঝে মাঝে মরিনহোর সেই কথাগুলোই হয়ে ওঠে বড় আলোচনার বিষয়। কিন্তু পরশু হারের পর সেই মরিনহো সংবাদ সম্মেলনে পর্যন্ত এলেন না! আসেননি চেলসির অন্য কেউও। যেটার জন্যও এখন ঝামেলায় পড়তে যাচ্ছে চেলসি। বাধ্যতামূলক সংবাদ সম্মেলনে কোনো প্রতিনিধি না পাঠানোয় এফএ জরিমানা করবে চেলসিকে। শাস্তি পেতে হবে পরশুর ম্যাচে চেলসি খেলোয়াড়েরা ৭টি হলুদ কার্ড দেখার কারণেও।
ম্যাচের আগের দিন সাংবাদিকদের খোঁচা দিয়ে বলেছিলেন, ‘আমার কাছ থেকে আপনারা আর ভালো ও মজার শিরোনাম পাবেন না।’ কিন্তু ওই ম্যাচেই এত কাণ্ড যে সংবাদ সম্মেলনে না এসেও আবার মরিনহোই শিরোনাম! ইএসপিএন।