
তবে কি দুঃসময়ের বৃত্তবন্দী হয়ে গেল জার্মানি? যে দলটা দারুণ দাপটের সঙ্গে বিশ্বকাপ জিতেছে, তারাই কয়েক মাসের মধ্যে এমন খেই হারিয়ে ফেলল কী করে! শনিবার পোল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক সেই হারের ক্ষত ভুলতে না-ভুলতেই আরও একটা ধাক্কা খেল বিশ্ব চ্যাম্পিয়নরা। ইউরোর বাছাইপর্বে গেলসেনকির্সেনে পরশু জার্মানিকে রুখে দিয়েছে আয়ারল্যান্ড। ৭১ মিনিটে টনি ক্রুসের গোলে জয়ই দেখছিল জার্মানি। শেষ মুহূর্তে আইরিশ ডিফেন্ডার জন ও’শেয়ার নাটকীয় এক গোলে ম্যাচ ১-১ ড্র। জোয়াকিম লোর জন্য যে ড্র এসেছে হারসম এক ধাক্কা হয়েই। তিন ম্যাচে এক জয়, এক হার আর এক ড্রতে ৪ পয়েন্ট নিয়ে ‘ডি’ গ্রুপে জার্মানি এখন তিন নম্বরে। তিন ম্যাচ থেকে ৭ পয়েন্ট করে নিয়ে জার্মানির ওপরে পোল্যান্ড ও আয়ারল্যান্ড।
ম্যাচে দাপট ছিল জার্মানিরই। বলের দখল ছিল ৬৫ ভাগ, আইরিশ গোলবারে শট ১৯টি। আর পুরো খেলায় যোগ হওয়া সময়ে ওই একটাই সুযোগ পেয়েছে আয়ারল্যান্ড। সেটাই কাজে লাগিয়ে দলকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট এনে দেওয়ার পাশাপাশি দেশের হয়ে নিজের শততম ম্যাচটাও স্মরণীয় করে রাখলেন ও’শেয়া। ম্যাচের পর বললেন, ‘এ আমাদের জন্য রূপকথার মতো সমাপ্তি।’
পর পর দুই ম্যাচে হার ও ড্র—বিশ্ব চ্যাম্পিয়নদের হতাশাটা বোঝা যাবে কোচ জোয়াকিম লোর কথা শুনলেই, ‘আমার যত দূর মনে হয়, ওটাই ছিল পুরো ম্যাচে আয়ারল্যান্ডের একমাত্র সুযোগ। ওরা সেটা থেকেই গোল করে দিল। শেষ কয়েক মিনিটে আমাদের খেলা ছিল শিশুতোষ।’ উল্টো অনুভূতি আয়ারল্যান্ড কোচ মার্টিন ও’নিলের। প্রায় হারতে বসা ম্যাচে ঘুরে দাঁড়ানোর কৃতিত্বটা দিয়েছেন তিনি তাঁর খেলোয়াড়দের, ‘আমরা হাল ছাড়িনি এবং চেষ্টা করে যাচ্ছিলাম। আমার নিজেরও কখনো মনে হয়নি যে, ম্যাচ থেকে ছিটকে গেছি। এই কৃতিত্বটা খেলোয়াড়দের।’
চোটের কারণে জার্মানির হয়ে খেলতে পারেননি শোয়েনস্টাইগার, রয়েস, খেদিরা ও ওজিলরা। মার্টিন ও’নিল অবশ্য পাল্টা যুক্তি দিতে এক মুহূর্তও ভাবলেন না, ‘ওরা যেমন নিয়মিত কয়েকজন ছাড়া খেলেছে, আমরাও তো কয়েকজনকে ছাড়া খেলেছি।’

গেলসেনকির্সেনে শেষ মুহূর্তের একটা গোল জার্মানির জন্য এসেছে দুঃখ হয়ে। তবে কোপেনহেগেনে ওই রকমই একটা গোল উচ্ছ্বাসে ভাসিয়েছে পর্তুগালকে। ডেনমার্কের বিপক্ষে যোগ হওয়া সময়ে যে গোলটা করেছেন পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো। শেষ মুহূর্তের ওই গোলেই ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে পর্তুগাল। গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে আলবেনিয়ার কাছে হারায় বিদায়ঘণ্টা বেজেছিল পর্তুগালের আগের কোচ পাওলো বেন্তোর। নতুন কোচ ফার্নান্দো সান্তোস দায়িত্ব নেওয়ার পর প্রথম প্রীতি ম্যাচেই ফ্রান্সের কাছে ২-১ গোলে হেরেছিল পর্তুগাল। ডেনমার্কের বিপক্ষে ম্যাচটা তাই সান্তোসের জন্য ছিল বড় চ্যালেঞ্জ। রোনালদো-জাদুতে সেটিতে উতরে যাওয়ার পর অনুমিতভাবেই প্রশংসার ফোয়ারা ছুটিয়েছেন, ‘ক্রিস্টিয়ানো তো ক্রিস্টিয়ানোই। সে-ই সেরা। ওকে বর্ণনা করার মতো কোনো বিশেষণ নেই।’ এএফপি, গোলডটকম।
ইউরো ২০১৬ বাছাইপর্ব
এক নজরে ফল
ফিনল্যান্ড ০ : ২ রোমানিয়া
গ্রিস ০ : ২ উত্তর আয়ারল্যান্ড
ফারো আইল্যান্ডস ০ : ১ হাঙ্গেরি
ডেনমার্ক ০ : ১ পর্তুগাল
স্যান মারিনো ০ : ৪ সুইজারল্যান্ড
জিব্রাল্টার ০ : ৩ জর্জিয়া
জার্মানি ১ : ১ আয়ারল্যান্ড
পোল্যান্ড ২ : ২ স্কটল্যান্ড
* প্রথমে স্বাগতিক দল