দুঃস্বপ্ন দেখছেন এনরিকে

এমন অবস্থার মধ্য দিয়ে লুইস এনরিকে আগেও গেছেন। খুব বেশি দিন আগের কথাও নয়। ১৪ ফেব্রুয়ারির রাতটা তো ভুলে যাওয়ার কথা নয় কারও। প্যারিস সেন্ট জার্মেইয়ের মাঠে ৪-০ গোলে হেরে এসেছিল বার্সেলোনা। সে ধাক্কাটা সামলে নিয়েছে প্রত্যাবর্তনের রূপকথা লিখে। তবে কাল জুভেন্টাসের কাছে ৩-০ গোলের হারটা এনরিকের কাছে আরও বড় ধাক্কা মনে হচ্ছে। তাঁর কাছে এ ম্যাচটা ছিল যেন একটা ‘দুঃস্বপ্ন’।
কাল ম্যাচের শুরু থেকেই বার্সার ওপর ঝাঁপিয়ে পড়েছিল জুভেন্টাস। ২২ মিনিটের মধ্যে ২ গোল খেয়ে বসে কাতালানরা। কোচ এনরিকের এর কোনো ব্যাখ্যা খুঁজে পেলেন না, ‘প্রথমার্ধে আমরা তো জুভেন্টাসকে দুই গোল উপহার দিলাম। কোচ হিসেবে কোনো কারণ খুঁজে পাচ্ছি না আমাদের চেয়ে ওদের (জুভেন্টাসের) এত ভালো খেলার।’
এনরিকে এতটাই মুষড়ে পড়েছেন যে, ম্যাচের বর্ণনায় চারবার ‘দুঃস্বপ্ন’ শব্দটা উচ্চারণ করেছেন, ‘এটা একটা দুঃস্বপ্নের মতো। গত কিছুদিন ভাগ্যকে আমাদের পক্ষেই পাচ্ছি না। এখন আমি শুধু আশা করতে পারি কাল থেকে আমরা নিজেদের ফিরে পাব। প্রথমার্ধে খেলোয়াড়েরা দৃঢ় প্রতিজ্ঞ ছিল কিন্তু আমরা প্যারিসের ভুলগুলোই আবার করলাম, এটা একটা সমস্যা। দ্বিতীয়ার্ধ সে তুলনায় ভালো ছিল। কিন্তু আমার মাথায় এখনো প্রথমার্ধটা ঘুরছে, ঠিক দুঃস্বপ্নের মতো। হয়তো প্যারিসের পুনরাবৃত্তি হয়নি, তবে এটা অনেকটা ছিল প্যারিসের “তৃতীয় অর্ধের” মতো! আমি একজন ইতিবাচক মানুষ। তবে আমিই এর দায় নিচ্ছি। আমিই কোচ এবং সমালোচনা আমার কাছেই শেষ হওয়া উচিত।’
পিএসজির সঙ্গে এমন পরিস্থিতিতেও ৬-১ গোলের জয়ে ফিরে এসেছে বার্সা। তবে এবার তেমন কিছুর আশা দেখছেন না এনরিকে, ‘কীভাবে ঘুরে দাঁড়াব, এ নিয়ে আপাতত চিন্তা করতেই ইচ্ছা করছে না। এটাই আমার ক্ষতি করেছে বেশি (পিএসজি ম্যাচের তুলনায়)।’