দুঃস্মৃতি ভুলেছে শেখ রাসেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিশুর ফ্রি-কিকে হেডে বলটা জালে পাঠিয়েই গোলের আনন্দে ছুটলেন ইকাঙ্গা। পরে মিশুর ক্রসে হেডে শেখ রাসেলের দ্বিতীয় গোলও করেছেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে l সৌরভ দাশ
মিশুর ফ্রি-কিকে হেডে বলটা জালে পাঠিয়েই গোলের আনন্দে ছুটলেন ইকাঙ্গা। পরে মিশুর ক্রসে হেডে শেখ রাসেলের দ্বিতীয় গোলও করেছেন ক্যামেরুনের এই ফরোয়ার্ড। কাল চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে l সৌরভ দাশ

মারুফুল হকের সেই হতাশার ছবিটা বারবার ফিরে আসে। মাঠে ও হোটেলে তাঁর চোখমুখ অন্ধকার। দুনিয়ার অসুখী এক মানুষের প্রতিচ্ছবি! টানা তিন ম্যাচে হার। উত্তর বারিধারার কাছে ০-১, রহমতগঞ্জের কাছে ০-২, চট্টগ্রাম আবাহনীর কাছে ১-২। চট্টগ্রামের প্রথম পর্বটা বিভীষিকাময় হয়ে ওঠে শেখ রাসেল ক্রীড়াচক্রের কোচের কাছে।

কিন্তু সাড়ে চার মাস পর পাল্টে গেছে সব। গ্রীষ্ম বিদায় নিয়ে শীত এসেছে। চট্টগ্রামের আকাশে এখন কুয়াশার আনাগোনা। তবে শেখ রাসেলের আকাশ থেকে সরে গেছে যাবতীয় কুয়াশা। সেখানে বরং উঁকি মারছে ঝলমলে রোদ। চট্টগ্রামে ফিরতি পর্বে তিন ম্যাচে ৭ পয়েন্ট। সব হতাশা তো বটেই, দূর হয়েছে জেগে ওঠা অবনমনশঙ্কাও!

ফেনী সকারের বিপক্ষে ৩-১ জয় দিয়ে এমএ আজিজ স্টেডিয়ামে ফিরতি পর্বটা শুরু। মাঝে বিজেএমসির সঙ্গে ১-১। কাল মুক্তিযোদ্ধার বিপক্ষে ২-০ গোলে জয়। আগেরবার শূন্য পয়েন্ট, এবার ৭। এর চেয়ে বেশি কিছু চাইতে পারত না প্রায় কোটি টাকার দল শেখ রাসেল।

ছয় ম্যাচে মাত্র ১ পয়েন্ট যখন, মারুফের জুতায় পা গলান শফিকুল ইসলাম মানিক। দলটাকে টেনে তুলে ১১ ম্যাচে পাইয়ে দেন ১৮ পয়েন্ট। ৫ জয়, ৩ ড্র। ওই তৃপ্তিটা মানিকের কথায়ও বেরিয়ে আসে,‌ ‘চট্টগ্রামকে বিশেষ ধন্যবাদ, এই সফরটাকে স্মরণীয় করে রাখার জন্য।’

মুক্তিযোদ্ধার কাছে ঢাকার মাঠে ৩ গোলে হার, এবার কি প্রতিশোধ নেওয়া হলো? এক অর্থে তো তাই! তবে মানিক প্রতিশোধ শব্দটা বলতে রাজি নন, ‘চাপ থেকে বেরোতে পয়েন্ট দরকার ছিল। সেটা পেয়েছি। আস্তে আস্তে সৃষ্টিকর্তা মুখ তুলে তাকিয়েছেন, এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’

এ জন্য খেলোয়াড়দের প্রশংসাই করে যান শেখ রাসেল কোচ। বারবার বলেন, স্ট্রাইকারের অভাব আছে, তবু শেষ তিন ম্যাচে ৬ গোল পাওয়াটা স্বস্তির ব্যাপার। যদিও কাল শাখাওয়াত রনি নিজের মাঠে দুটি ভালো সুযোগ পেয়েও গোল পাননি।

তবে ইকাঙ্গা নিরাশ করেননি। দুটি গোলই ক্যামেরুনের এই স্ট্রাইকারের। এবং গোল দুটির অন্য নাম হতে পারে, ‌‘মিশু-ইকাঙ্গার যুগলবন্দী’। প্রাধান্য নিয়ে খেলতে খেলতেই ৩৬ মিনিটে কর্নার পতাকার সামনে থেকে মিশু ফ্রি-কিক নেন। তা থেকেই ইকাঙ্গার দারুণ হেডে ১-০। দ্বিতীয় গোলটা ৮১ মিনিটে, এবার মিশুর ক্রসে ইকাঙ্গার মাপা হেড।

মুক্তিযোদ্ধার সময়টা যাচ্ছে শেখ রাসেলের ঠিক উল্টো। প্রথম পর্বে ১১ ম্যাচে ১৮। দ্বিতীয় পর্বে ছয় ম্যাচে মাত্র ৫। চোট-আঘাত পিছিয়ে দিয়েছে লাল জার্সিধারীদের। আক্রমণে ধার কমে গেছে অনেক। স্থানীয় কোনো কোচ-স্ট্রাইকার নেই এখন। কোলো মুসা চোট থেকে ফিরলেও পুরো ছন্দ হাতড়ে বেড়াচ্ছেন। কাল সুবিধাজনক জায়গায় বল পেয়েও দুবার উড়িয়ে মেরেছেন বাইরে।

মুক্তিযোদ্ধার কোচ আবদুল কাইয়ুম সেন্টু সব একপাশে রেখে অবশ্য রেফারিং নিয়ে তীব্র ক্ষোভ জানান। তাঁর দাবি, রেফারি একটি পেনাল্টি দেননি। তবে সত্যটা হলো এই, মুক্তিযোদ্ধার সাধ্য ছিল না শেখ রাসেলকে রুখে দেওয়ার। এই শেখ রাসেল যে আগের শেখ রাসেল নয়!