
কিছুটা ভাগ্যগুণে আরামবাগের কাছে হারেনি চট্টগ্রাম আবাহনী। গোলশূন্য ম্যাচে ১ পয়েন্ট পাওয়ার ‘তৃপ্তি’ নিয়েই ফিরেছে পয়েন্ট তালিকার শীর্ষ দল। গতকাল দ্বিতীয় ম্যাচও গোল দেখেনি। ঢাকা আবাহনী ড্র করেছে রহমতগঞ্জের সঙ্গে।
রহমতগঞ্জের বিপক্ষে মাঠে নামতেই এখন ‘ভয়’ পায় বড় দলগুলো। কখন কাকে ধরে দেবে পুরান ঢাকার দলটি, কেউ বলতে পারে না। তার ওপর গত ম্যাচে চট্টগ্রাম আবাহনীর কাছে নিজেদের ভুলে হেরে আরও তেতে ছিল। কিন্তু পাঁচ খেলোয়াড় চোট থাকায় তারা সেরা একাদশটা নামাতে পারেনি।
ডিফেন্ডার রিমনকে খেলানো হলো মাঝমাঠে। আর পোস্টের নিচে যে ওমর ফারুক লিংকনকে দাঁড় করানো হলো, তাঁর অভিজ্ঞতা বলতে তৃতীয় বিভাগে খিলগাঁও দলে খেলা। দলের এই চতুর্থ গোলরক্ষকে মাঠে নামিয়ে একটা জুয়াই খেলেন কোচ কামাল বাবু। তাতে তিনি সফল। নবীন গোলরক্ষকসহ গোটা দলই ভালো খেলে রুখে দিয়েছে বড় আবাহনীকে।
আকাশি-নীল জার্সিধারীরা গোলের সুযোগ হারিয়েছে অনেক। রুবেল মিয়া, জীবন দলকে গোল বঞ্চিত করার পর সবচেয়ে বড় সুযোগটা হারান কালই আবাহনীর জার্সিতে প্রিমিয়ার লিগে অভিষিক্ত ফরোয়ার্ড ফয়সাল আহমেদ। আবাহনী যখন গোলের জন্য মরিয়া, ডান দিক থেকে রুবেল মিয়ার বক্সে ঠেলে দেওয়া বল সহজেই জালে পাঠাতে পারতেন ফয়সাল। কিন্তু তাঁর আলতো শট লাগে ক্রসবারে। অবিশ্বাস্যভাবে গোল হাতছাড়া!
পাল্টা আক্রমণনির্ভর খেলা রহমতগঞ্জের গতির কাছে আবাহনী অবশ্য হারতেও পারত। তাদের রক্ষণে সমন্বয়হীনতা থাকায় গোল প্রায় করেই ফেলছিলেন ইসমাইল বাঙ্গুরা অ্যান্ড কোং।
গোল এল না। লিগে প্রথম ছয় ম্যাচে তিন জয়ের বিপরীতে দুই ড্র, এক হার। চ্যাম্পিয়ন আবাহনী ৫ পয়েন্ট পিছিয়েই থাকল চট্টগ্রাম আবাহনীর চেয়ে। রহমতগঞ্জ ৬ ম্যাচে ৮ পয়েন্ট। এই পয়েন্টটা পেয়ে গোটা দল এতই খুশি যে, সবার মুখ চিকচিক করছিল।
প্রথম পয়েন্ট হারাল চট্টগ্রাম আবাহনী
চট্টগ্রাম আবাহনী-আরামবাগ উপভোগ্য ম্যাচে দুই দলের সামনেই ‘ভিলেন’ ছিল ক্রসবার। এক-দুবার নয়, তিনবার!
দ্বিতীয়ার্ধের মাঝামাঝি দারুণ ছন্দে ছিলেন আরামবাগের স্ট্রাইকার বুকোলা ওলালেকান। সতীর্থের সঙ্গে পাস খেলে ঢুকে পড়েন বক্সে। সামনে অসহায় গোলরক্ষক আশরাফুল রানা। ছোট ডি-এর ভেতর থেকে বুকোলার সোজা হেডটা লাগে গোলরক্ষকের গায়ে। ম্যাচের সহজতম সুযোগ নষ্ট! অথচ গোল হচ্ছে বলে লাফিয়েই উঠেছিল আরামবাগের ডাগআউট। লিগের প্রথম পাঁচ ম্যাচই জিতে শীর্ষে থাকা চট্টগ্রাম আবাহনী তখন কাঁপছে।
পরপরই আরামবাগের বদলি মিডফিল্ডার সুমন আলীর হেড লাগে ক্রসবারে। চট্টগ্রাম আবাহনীও গোলবঞ্চিত ক্রসবারের বিদ্রোহে। অধিনায়ক জাহিদের দুটি শট গোলরক্ষককে পরাস্ত করলেও বারে লাগে। তবে সুযোগের দিক থেকে আরামবাগেরই জয় প্রাপ্য এ ম্যাচে।
তুলনামূলক আরামবাগের মাঝমাঠ ভালো খেলেছে। চার মিডফিল্ডার বল জোগান দিয়েছেন স্ট্রাইকার বুকোলাকে। গোল হয়তো পাননি বুকোলা, তবে ভয় ধরিয়েছেন প্রতিপক্ষকে। এদিন উইং দিয়েও কিছু আক্রমণ হয়েছে আরামবাগের। তবে বল পজেশন এবং আক্রমণে কিছুটা প্রাধান্য ছিল লিগের শীর্ষ দল চট্টগ্রাম আবাহনীরই। কিন্তু আরামবাগের দৃঢ়তায় ষষ্ঠ ম্যাচে এসে প্রথম পয়েন্ট হারাল দলটি।
চট্টগ্রাম আবাহনীর মাঝমাঠে এদিন রাখা হয়নি নিয়মিত মুখ আবদুল্লাহকে। কোচ সাইফুল বারী একাদশে সুযোগে দেন পুরোনো সৈনিক মামুনুল ইসলামকে। কিন্তু ফিটনেস এবং নানা কারণে আগের মামুনুল নেই। আগের পাঁচ ম্যাচেই টানা একটি করে গোল পাওয়া তৌহিদুল আলম সবুজ কাল গোল পাননি। গোল করার মতো জায়গায়ও সেভাবে যেতে পারেননি। তাই মারুফের সঙ্গে মনস্তাত্ত্বিক লড়াই শেষে টিটুকে বলতে হয়েছে, ‘আমরা তো সৌভাগ্যক্রমে একটা পয়েন্ট পেয়েছি।’
আজকের খেলা: ব্রাদার্স-সাইফ এসসি, মুক্তিযোদ্ধা-শেখ জামাল (বিকেল ৫টা ও সন্ধ্যা ৭-১৫ মি., বঙ্গবন্ধু স্টেডিয়াম)