দুই আবাহনীর ড্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ম্যাচের ৫৫ মিনিটে যখন লাল কার্ড দেখে মাঠ ছাড়ছেন অগাস্টিন ওয়ালসন, ব্রাদার্সের জয় অনেকটাই নিশ্চিত হয়ে গেছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে ফরাশগঞ্জের বিপক্ষে তখন ৩-১ এ এগিয়ে কমলা দল। বাকি ৩৫ মিনিট ১০ জনের ব্রাদার্সকেও কোনো গোল দিতে পারেনি ফরাশগঞ্জ। দ্বিতীয় পর্বে এসে কালই প্রথম ৩ পয়েন্ট পাওয়ায় যেন স্বস্তির নিশ্বাসই ফেললেন কোচ সৈয়দ নইমুদ্দিন।
চট্টগ্রামে এম এ আজিজ স্টেডিয়ামে চট্টগ্রাম আবাহনীর কাছে পয়েন্ট খুইয়েছে ঢাকা আবাহনী। পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে আকাশি নীলরা। ৪০ মিনিটে ইয়োকা সামনিকের গোলে এগিয়ে যায় চট্টগ্রাম আবাহনী। পেনাল্টি থেকে গোলে সমতায় ফেরান আবাহনীর সানডে সিজোবা। এই ড্রয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে তিনেই আবাহনী। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দশে চট্টগ্রামের দলটি।
শেখ জামালের কাছে আগের ম্যাচে ৯ গোল হজমের পর ফরাশগঞ্জের ফুটবলারদের মধ্যে আত্মবিশ্বাস বলে কিছুই ছিল না। কালও ব্রাদার্সের বিপক্ষে ১১ মিনিটেই খেয়ে বসে ২ গোল! ৬ মিনিটে প্রথম গোলটি করেন কেস্টার। দ্বিতীয় গোলটি আত্মঘাতী। ২৩ মিনিটে পেনাল্টি থেকে ফরাশগঞ্জের একমাত্র গোলটি করেন নাইজেরিয়ান মিডফিল্ডার আকিনইয়েলে পিটার (২-১)। ৪৭ মিনিটে ওয়ালসন স্কোর ৩-১ করে ফেলেন। ১৪ গোল নিয়ে লিগের সর্বোচ্চ গোলদাতা এই হাইতিয়ান। গোলের আট মিনিট পর ফরাশগঞ্জের সুশান্ত ত্রিপুরার চোখে আঘাত করে লাল কার্ড দেখতে হয় ওয়ালসনকে। ব্রাদার্সের স্কোরলাইন ৪-১ হতে পারত। কিন্তু ৬৩ মিনিটে পেনাল্টি থেকেও গোল করতে পারেননি কেস্টার। এই জয়ে ১৩ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে চারে ব্রাদার্স। সমান ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে তলানিতেই ফরাশগঞ্জ।
বিজেএমসির জয়: পুরোনো কোচ জাকারিয়া বাবুকে জয় দিয়ে স্বাগত জানালেন বিজেএমসির ফুটবলাররা। বঙ্গবন্ধু স্টেডিয়ামে কাল মুক্তিযোদ্ধাকে ১-০ গোলে হারানোর ছয় ঘণ্টা আগে বিজেএমসির কোচের দায়িত্ব পান জাকারিয়া। দ্বিতীয় পর্বে এটি বিজেএমসির প্রথম জয়। ৬৭ মিনিটে আবদুল্লাহ পারভেজের কর্নার থেকে হেডে একমাত্র গোলটি করেছেন এলিটা কিংসলে। এই জয়ে ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সাতে উঠল বিজেএমসি। সমান ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে ঠিক ওপরে মুক্তিযোদ্ধা।