
এমেকা ডার্লিংটন বেঞ্চে বসে মাঠে নামার অপেক্ষায় ছিলেন। একাদশে তাঁকে রাখেননি আবাহনী কোচ দ্রাগো মামিচ। দুই বিদেশির কোটায় একাদশে ছিলেন মাঝমাঠে ল্যান্ডিং ও রক্ষণে সামাদ। কিন্তু ল্যান্ডিং সুবিধা করতে পারছিলেন না। ফিটনেসের অভাবে তেমন দৌড়ে খেলতে পারছিলেন না। তাই ৫৮ মিনিটে ল্যান্ডিংয়ের বদলি নামানো হলো এমেকাকে। এই এমেকা ও ল্যান্ডিং দুজনই এবার শেখ জামাল ছেড়ে এসেছেন আবাহনীতে। তাঁদের লক্ষ্যই ছিল, পুরোনো দলের বিপক্ষে বড় কিছু করে দেখাবেন।
ল্যান্ডিং না পারলেও এমেকা পেরেছেন। মাঠে এমেকাকে দেখে মনে হচ্ছিল, একটা জেদ কাজ করছে ভেতরে। ৬৫ মিনিটে পেয়ে যান ম্যাচের একমাত্র গোলও। ওই গোলেই শেখ জামালকে বিদায় দিয়ে আবাহনীকে টানা দ্বিতীয় ফেডারেশন কাপের ফাইনালে তুলে আনলেন এমেকা। গোলটাও ছিল দারুণ। প্রথম প্রচেষ্টায় জীবন পারলেন না লক্ষ্যভেদ করতে। কিন্তু এমেকা ভুল করেননি। বক্সের একটু ভেতর থেকে তাঁর মাপা শট জালে।
এগিয়ে গিয়ে আবাহনীর আক্রমণের ধার বাড়ল আরও। একবার গোলরক্ষককে সামনে পেয়েও দ্বিতীয় গোলটা পেলেন না এমেকা। জীবন এককভাবে বল নিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের সামনে আটকে গেলেন। নইলে আবাহনীর জয়ের ব্যবধান হতে পারত আরও বড়।
তবে ব্যবধান যা-ই হোক, ফাইনালে ওঠার লক্ষ্য তো পূরণ হয়েছে আবাহনীর! এ নিয়ে ফেডারেশন কাপে ১৭ বার ফাইনালে উঠল আকাশি-নীলরা। এবারের ফাইনাল ক্লাবের অনুরোধে এক দিন পিছিয়ে ৬ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় শুরু হবে। যেখানে টানা দ্বিতীয় শিরোপা জয়ের অভিযানে আবাহনী সামনে পাবে চট্টগ্রাম আবাহনীকে। অর্থাৎ ফেডারেশন কাপ এই প্রথম দুই আবাহনীর ফাইনাল দেখবে।
এই ফাইনালে খেলার স্বপ্ন দেখছিল তারুণ্যনির্ভর নতুন শেখ জামাল। প্রথমার্ধে শেখ জামালকে পরিণত দলই মনে হয়েছে। আক্রমণে যথেষ্ট ধার ছিল। নতুন দুই বিদেশি মোমোদু বাহ ও রাফায়েল আতঙ্ক ছড়িয়েছেন কিছু সময়। ঠিক এই জায়গাতেই প্রথমার্ধে এগিয়ে থাকল শেখ জামাল।
আবাহনীর আক্রমণে গতবারের সানডে বা লি টাক কেউই নেই। ফলে আক্রমণের ধার কমেছে। এমেকা মাঠে আসার আগ পর্যন্ত শেখ জামালকে সেভাবে চাপে ফেলতে পারছিল না দলটি। উইঙ্গার রুবেল মিয়া চেষ্টা করেছেন, বেশ কয়েকবার বল নিয়ে বক্সেও ঢুকেছেন। কিন্তু চূড়ান্ত পাসটা ভালো হচ্ছিল না তাঁর। স্ট্রাইকার জীবন বলের কাছাকাছি পৌঁছেছেন দুবার। একবার অবশ্য বলের গতি তাঁর গতির চেয়ে বেশি হওয়ায় বলে পায়ের সংযোগ ঠিকঠাক ঘটাতে পারেননি। নইলে গোল হয়ে যেতে পারত।
তা না হলেও কাজের কাজটা করেছেন এমেকা। তাই শেখ জামালকে হতাশায় ডুবিয়ে আনন্দ করতে করতেই ক্লাবে ফিরে গেল আবাহনী।